কক্সবাজারে কবি মেলা, বলীখেলা
কক্সবাজারে নানা আয়োজনের মধ্য দিয়ে পয়লা বৈশাখ উদ্যাপিত হয়েছে। কবি মেলা: সকাল ১১টায় সৈকতপাড়ের সাংস্কৃতিককেন্দ্রে অনুষ্ঠিত হলো কামরুল হাসানের নাফকাব্যভাসান নিয়ে কাব্য পাঠাভিনয়। এতে দুই বাংলার ৩১ জন কবি উপস্থিত ছিলেন। বাংলা একাডেমীর সাবেক পরিচালক কবি মুহাম্মদ নুরুল হুদার সভাপতিত্বে নাফকাব্য নিয়ে আলোচনা করেন জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ, শিক্ষাবিদ মোশতাক আহমদ, মো. সিরাজুল ইসলাম, পশ্চিমবঙ্গের কবি মৃণাল বসু চৌধুরী, শেখর বসু, কমল চক্রবর্তী, চন্দ্রিমা দত্ত, শ্যামল কান্তি দাশ, অনিনিতা গোস্বামী, অনন্যা মুখোপাধ্যায়, বাংলাদেশের কবি আবু হাসান শাহরিয়ার, ফরিদ আহমদ, আসলাম সানী, শামীম রেজা, শামীম সিদ্দিকী প্রমুখ। পরদিন দরিয়ানগর পর্যটনকেন্দ্রে সকাল থেকে কবিতা পাঠের আসরে অংশ নেন কবি আবুলমোমেন, ওমর কায়সার, বিশ্বজিৎ চৌধুরী প্রমুখ। পরে শব্দায়নের প্রযোজনায় নাফকাব্য ভাসানের কাব্য পাঠাভিনয় অনুষ্ঠিত হয়। জসিম উদ্দিনের নির্দেশনায় বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শামীম আকতার, বেবী সুলতানা, তাহনিমা ইসলাম, ফরিদা ইয়াসমিন ও মহিউদ্দিন। জেলা প্রশাসক গিয়াস উদ্দিন আহমদ পশ্চিমবঙ্গ থেকে আসা কবিদের পিঠা খাইয়ে উৎসবের উদ্বোধন করেন।সৈকতে বৈশাখী মেলা: সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে আয়োজন করা হয় বৈশাখী মেলা ও বিচ কনসার্ট। জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো উৎসবে সংগীত, নৃত্য ও ফ্যাশন শো দর্শকদের নজর কাড়ে। শিল্পী আলম আরা, চ্যানেল আই সেরাকণ্ঠ তারকা চৈতী মুৎসুদ্দী, মুনমুন, ক্লোজআপ ওয়ানের রন্টি দাশ, রাজিব, লুবনা, প্রেমসুন্দর বৈষ্ণব ও সুস্মিতার গানের ফাঁকে ফাঁকে চলে নৃত্য। সব শেষে ছিল অনন্যা বড়ুয়ার পরিচালনা ও কোরিওগ্রাফিতে ফ্যাশন শো। টেকনাফে বলীখেলা: উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজন করা হয় বলীখেলা ও বৈশাখী মেলা। নামকরা ১২ জোড়া বলী খেলায় অংশ নেন। জয়ী হন পৌরসভার পল্লানপাড়ার রহমত উল্লাহ বলী। তাঁর সঙ্গে লড়েন নিলা ইউনিয়নের ওয়াব্রাং গ্রামের বলী বদি আলম। বিকেল পাঁচটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আ ন ম নাজিম উদ্দিন বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এইচএম ইউনুছ বাঙ্গালী, সহকারী কমিশনার (ভূমি) খোকন কান্তি শাহ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খালেদ হোসেন প্রমুখ। মহেশখালীতে রাখাইন নৃত্য: উপজেলা প্রশাসনের উদ্যোগে মহেশখালীতে ছিল বৈশাখী উৎসব। সকাল ১০টায় বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। দুপুরে পান্তা ও ইলিশ পরিবেশন, বিকেলে বৈশাখের আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রাখাইন তরুণীদের পুষ্পনৃত্য দর্শকদের মুগ্ধ করে।