কক্সবাজারে খাওয়ার পানির সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত শুক্রবার সকাল আটটা। কক্সবাজার শহরের শেখ রাসেল সড়কের নূর ম্যানশনের সামনে ২৫ থেকে ৩০ জন নারী-পুরুষের ভিড়। কাছে গিয়ে দেখা যায়, নলকূপ থেকে পানি নেওয়ার জন্য কলসি আর বালতি হাতে অপেক্ষায় আছেন তাঁরা। কিন্তু নলকূপে পানি আসছে খুব সামান্য। তাই তাঁদের অপেক্ষারও যেন শেষ নেই। 
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, আশপাশের অনেক ভবনের নলকূপেই পানি নেই। তাই এখান থেকে তাঁরা খাওয়ার পানি সংগ্রহ করেন। কিন্তু এখানেও ইদানীং পানিসংকট দেখা দিয়েছে।
ভবনের মালিক মোহাম্মদ হানিফ জানান, অনেক দিন ধরে নলকূপে পানি আসছে কম। যেটুকু আসে, তা-ও লোনা। গত জানুয়ারি মাসে দুই লাখ টাকা খরচ করে তিনি আরেকটি গভীর নলকূপ বসিয়েছিলেন। সেটিও অচল হয়ে গেছে।
আশপাশের অ্যান্ডারসন সড়কের সাইফুল ইসলাম, কস্তুরাঘাটের দিদারুল আলম, নুনিয়াছটার কামাল হোসেনের বাড়িতে গিয়েও দেখা গেছে একই চিত্র।
দিদারুল আলম বলেন, ‘কয়েক বছর ধরে নুনিয়াছটা, বিমানবন্দর এলাকা, মগচিতাপাড়া, নূরপাড়া ও পেশকারপাড়ার কয়েক শ নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। অল্প পরিমাণ পানি মিললেও তা লবণাক্ত, খাওয়ার অনুপযোগী। ফলে প্রতিদিন ৪০ থেকে ৫০ টাকা দিয়ে বোতলজাত পানি কিনে সংকট মেটাতে হচ্ছে।’
কক্সবাজার দোকান মালিক সমিতির সভাপতি মোস্তাক আহমদ জানান, গত জানুয়ারি থেকে বাঁকখালী নদীর তীরের অন্তত ২০ গ্রামের কয়েক শ নলকূপে পানি পাওয়া যাচ্ছে না। সংকট নিরসনের লক্ষ্যে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ নেই।
কক্সবাজার হোটেল মোটেল গেস্ট হাউস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কাশেম সিকদার জানান, পর্যটন মৌসুমে একসঙ্গে দেড়-দুই লাখ পর্যটক আসেন কক্সবাজার শহরে। এ সময় পানির ব্যবহার বেড়ে যাওয়ায় নলকূপগুলোতে পানির অভাব দেখা দেয়। পাহাড়ি ঝিরিসহ প্রাকৃতিক জলাধারকে কাজে লাগিয়ে বিকল্প খাওয়ার পানির উৎস সৃষ্টি করা না গেলে এখানে পানির অভাব ভয়াবহ হয়ে উঠবে বলে তিনি আশঙ্কা করেন।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সভাপতি আবু মোর্শেদ চৌধুরী বলেন, পৌরসভা সদর এলাকায় চার শতাধিক হোটেল-মোটেলসহ অন্তত পাঁচ হাজার বহুতল ভবন রয়েছে। এসব ভবনে নলকূপের মাধ্যমে ভূগর্ভ থেকে ধারণক্ষমতার অতিরিক্ত পানি তোলার কারণে পানির সংকট দেখা দিয়েছে।
জানতে চাইলে কক্সবাজার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ এ কে নাজমুল হক বলেন, বৃষ্টিপাত কম হওয়া এবং অতিরিক্ত পানি আহরণের ফলে ভূগর্ভস্থ পানির স্তর স্বাভাবিকের চেয়ে কয়েক ফুট নিচে নেমে যেতে পারে। তবে পর্যাপ্ত বৃষ্টিপাত হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রাজ বিহারী দাশ পৌর এলাকায় পানিসংকটের কথা স্বীকার করেন। তিনি বলেন, ‘আমরা পৌরসভার মাধ্যমে আধুনিক পানি শোধনাগার কেন্দ্র স্থাপনের মাধ্যমে সংকট মোকাবিলার উদ্যোগ নিচ্ছি।’
টেকনাফে ভরসা পাতকুয়া: টেকনাফ পৌর এলাকায়ও খাওয়ার পানির সংকট চলছে দীর্ঘদিন ধরে। বর্তমানে এলাকার লোকজনের পানির প্রধান উৎস পাতকুয়া (রিং ওয়েল)।
পৌরসভার কাউন্সিলর আবদুল্লাহ মনির জানান, পৌর এলাকার মাটির নিচে রয়েছে জমাট বাঁধা পাথর।
পাথর ভেদ করে স্থাপন করা নলকূপের পানিতে মাত্রাতিরিক্ত আয়রন থাকে। ফলে লোকজনকে পাহাড়ি ছড়া, ঝরনা ও পাতকুয়ার পানির ওপর নির্ভর করতে হয়।
পৌরসভার মেয়র মোহাম্মদ ইসলাম জানান, পৌরসভার বাসস্টেশন, কায়ুখালীপাড়া, চৌধুরীপাড়া, পল্লানপাড়া, নাইট্যংপাড়ার লোকজন নাইট্যংপাড়ার একটি পাহাড়ি ঝরনার পানি সংগ্রহ করে চাহিদা মেটাচ্ছেন। বিশেষ একটি প্রকল্প গ্রহণ করে সংকট দূর করার চেষ্টা চলছে।:n: