কক্সবাজারে খুদে বিজ্ঞানীদের উদ্ভাবনী মেলা
ফলমূল ও খাবার-দাবার সংরক্ষণ করার জন্য দামি রেফ্রিজারেটর (ফ্রিজ) না হলেও চলে। মাটির তৈরি বিদ্যুর্যাবিহীন রেফ্রিজারেটরেও খাবার টাটকা থাকে দীর্ঘক্ষণ। যাদের আর্থিক সংগতি নেই তাদের জন্যই এ প্রযুক্তি লাগসই। এমন যন্ত্র উদ্ভাবন করে তাক লাগিয়ে দিয়েছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী পলি চৌধুরী। কেবল পলি নয়, তার মতো কক্সবাজারের বহু খুদে বিজ্ঞানী নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে মুগ্ধ করেছে দর্শকদের। কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়ে গত শনিবার ছিল উপচে পড়া ভিড়। ভাবনার খোরাক জাগানো এসব প্রকল্প নিয়ে বিজ্ঞান মেলার আয়োজন করেছিল জেলা পরিষদ। জাতীয় বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সপ্তাহ উদ্যাপন উপলক্ষে আয়োজিত তিন দিনের বিজ্ঞান মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. নুরুল আলম নিজামী। গত সোমবার বিকেলে শেষ হওয়া এ মেলায় শহরের ২০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের শিক্ষার্থীরা দেড় শ উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন করে।কক্সবাজার সৈকতের হোটেল মোটেল জোন ময়লা-আবর্জনায় ভরা থাকে। পয়োনিষ্কাশনেরও সুষ্ঠু ব্যবস্থা নেই। এসব ময়লা-আবর্জনা কাজে লাগিয়ে বায়োগ্যাস ও বিদ্যুর্যা উর্যাপাদনের প্রকল্প তৈরি করেছে বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেণীর ছাত্রী সাদিয়া নুর মৌ ও উম্মে রুবায়াত। তাদের লক্ষ্য বায়োগ্যাস প্রকল্পের মাধ্যমে জ্বালানিসংকট দূর করা। দুর্যোগ ও বন্যায় বসবাস উপযোগী উভচর বাড়ি (পানির ওপর ভাসমান) তৈরি করে একই বিদ্যালয়ের ছাত্রী ইশরা নাওয়াল ও সাইমা ইসলাম। এসব ছাড়াও জলাবদ্ধ এলাকায় ভাসমান বীজতলা, আন্ডারগ্রাউন্ড ইলেকট্রিসিটি সাপ্লাই, কৃত্রিম মৌচাষ সুযোগ-সুবিধা, পরিকল্পিত পানিসেচ, দূরের জিনিসকে কাছে এনে দেখানোর জন্য যন্ত্র—সরল পেরিস্কোপ, বিশুদ্ধ পানি তৈরির প্রকল্পসহ নানা উদ্ভাবনী যন্ত্র মেলার আকর্ষণ বাড়িয়েছে।কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম চৌধুরী জানান, এ বিজ্ঞান মেলায় ১৫৫টি উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। মেলা উদ্যাপন কমিটির সদস্য সচিব কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের বিজ্ঞানশিক্ষক মো. শাহজাহান কুতুবী জানান, আধুনিক তথ্যপ্রযুক্তি কাজে লাগিয়ে শিক্ষার্থীরা দেশের কল্যাণে এগিয়ে যাক এ লক্ষ্যেই বিজ্ঞান মেলার আয়োজন। জেলা প্রশাসক মো. নুরুল আলম নিজামী জানান, ‘পর্যটন শহর কক্সবাজারকে সাজাতে, পরিবেশবান্ধব পর্যটন নগর হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীরা যেসব প্রকল্প তৈরি বা উপস্থাপন করেছে, তা কাজে লাগানো গেলে আমরা সবাই উপকৃত হতাম।’