কক্সবাজারে খুদে বিজ্ঞানীদের মেলা

কক্সবাজারে শেষ হলো তিন দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। ‘প্রযুক্তি করিতে পারে দারিদ্র্য মোচন’ স্লোগান নিয়ে ১২ মার্চ থেকে ১৪ মার্চ পর্যন্ত কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল প্রাঙ্গণে এ মেলা চলে। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন। সমাপনী দিনে বিজ্ঞানবিষয়ক সেমিনারে প্রধান আলোচক ছিলেন কক্সবাজার সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম ফজলুল করিম চৌধুরী।
মেলায় প্রদর্শিত তরুণ বিজ্ঞানীদের বিভিন্ন প্রকল্প সবার দৃষ্টি আকর্ষণ করে। তেমনি একটি প্রকল্প ছিল কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমির নবম শ্রেিণর ছাত্র আমিনুল রিয়াদের। তার প্রকল্পের নাম ‘আগুন নিরোধক গাড়ি প্রকল্প’। পেট্রলবোমা থেকে মানুষকে বাঁচাতে তার এ প্রকল্প। রিয়াদ প্রথম আলোকে জানায়, পেট্রলবোমার আঘাতে প্রতিনিয়ত মারা যাচ্ছে দেশের সাধারণ মানুষ। ছোটরাও চলমান বীভৎসতায় শঙ্কিত। পোড়া মানুষগুলোর আর্তনাদ তাদের বিবেককেও নাড়া দিয়েছে। তাই লোকজনকে পেট্রলবোমা থেকে বাঁচাতে ‘আগুন নিরোধক গাড়ি প্রকল্প’ তৈরি করা হয়েছে। তার মতে, গাড়িতে ক্যালসিয়াম অক্সাইডের একটি প্রলেপ থাকলে তা আগুন নিরোধক হিসেবে কাজ করে। ফলে পেট্রলবোমার হাত থেকে বেঁচে যাবে গাড়ি এবং গাড়ির যাত্রী।
পরিত্যক্ত পলিথিন ও কাঠের গুঁড়া থেকে জ্বালািন উৎপাদনের প্রকল্প প্রদর্শন করে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নবম শ্রেিণর শিক্ষার্থী ইবতিদা তাহজিব। চিংড়ির খোলস থেকে পরিবেশবান্ধব প্লাস্টিক তৈরির প্রকল্প প্রদর্শন করে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেিণর শিক্ষার্থী সরজিৎ দত্ত। সহজ পদ্ধতিতে বসতবাড়িতে স্ট্রবেরি চাষের প্রকল্প প্রদর্শন করে কক্সবাজার কেজি স্কুলের পঞ্চম শ্রেিণর শিক্ষার্থী রহমান শ্রেষ্ঠ।
তিনটি ক্যাটাগিরতে ১৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের এ রকম ১৬৮টি প্রকল্প মেলায় নিয়ে আসে খুদে শিক্ষার্থীরা। সবচেয়ে বেশি ৪২টি প্রকল্প জমা দেয় বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি।
এর মধ্যে সমুদ্রের পানি বিশুদ্ধকরণ, ঝিনুক থেকে টাইলস উৎপাদন, বিদ্যুৎ উৎপাদন ও বণ্টনে সমন্বয় করে সুষম সরবরাহ নিশ্চিতকরণ, নিরাপদ পাহাড়ি রাস্তা, স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সাশ্রয়, বিদ্যুৎবিহীন ফ্রিজ, ইটভাটার তাপশক্তি থেকে বিদ্যুৎ শক্তির উৎপাদন প্রকল্প দর্শকদের নজর কাড়ে।
মেলায় ঘুরতে আসা কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী মুনতাসির মামুন বলে, ‘এবারের মেলায় এসে আবিষ্কারে উদ্বুদ্ধ হয়েছি। আগামী বছর প্রজেক্ট প্রদর্শন করব।’
মেলা উদ্যাপন কমিটির সম্পাদক মো. মশীহুল ইসলাম জানান, আগামী প্রজন্মকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তোলা, বিজ্ঞানভীতি দূর করা এবং শিক্ষার্থীদের নতুন নতুন আবিষ্কারে উৎসাহ দেওয়াই মেলার উদ্দেশ্য।
কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক কে এম রমজান আলী জানান, খুদে বিজ্ঞানীরা উদ্ভাবন উপস্থাপন করে শিক্ষার্থী-দর্শনার্থীদের শুধু অবাকই করেনি, তাদের মনে বুনে দিয়েছে বিজ্ঞানের বিশাল আকাশে অবাধ বিচরণের স্বপ্ন।