কক্সবাজারে গার্ল ইন নৌ রোভারমেট প্রশিক্ষণ
বাংলাদেশ স্কাউটস নৌ অঞ্চলের ব্যবস্থাপনায় কলেজপড়ুয়া ছাত্রীদের নিয়ে গঠিত গার্ল ইন নৌ রোভারমেটের পাঁচ দিনব্যাপী প্রথম প্রশিক্ষণ কর্মশালা ৮ মে কক্সবাজার নৌবাহিনী বেসে সম্পন্ন হয়েছে।
ঢাকা, চট্টগ্রাম, খুলনা, কাপ্তাই, মংলা ও কক্সবাজার জেলার নৌ স্কাউটসের ৩৬ জন গার্ল ইন নৌ রোভার এতে অংশ নেন। তাঁদের প্রশিক্ষণ দেন আটজন প্রশিক্ষক।
সমাপনী দিন রাতে নৌবাহিনীর বেসে আয়োজন করা হয় প্রশিক্ষণার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান ও তাঁবু জলসা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) রিয়ার অ্যাডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ নৌবাহিনী পরিবারকল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা আওরঙ্গজেব।
প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন, গার্ল ইন নৌ রোভারদের স্কাউট আন্দোলনের মাধ্যমে প্রশিক্ষণলব্দ জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের ব্যক্তিগত জীবন ও সমাজ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজেদের আরও বেশি উপযুক্ত করে গড়ে তুলতে এই প্রশিক্ষণ কাজে লাগবে। এর আগে অতিথিরা অংশগ্রহণকারী রোভারদের মধ্যে সনদ বিতরণ করেন। শেষে নৌ রোভারদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক আয়োজন।