কক্সবাজারে ঘর সামলাতে হিমশিম খাচ্ছে আ.লীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার জেলার তিন উপজেলায় ঘর সামলাতে হিমশিম খাচ্ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। প্রতিটি উপজেলায় একাধিক প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। অবশ্য জেলার জ্যেষ্ঠ নেতারা চেষ্টায় আছেন একক প্রার্থী নির্ধারণে। ২৭ ফেব্রুয়ারি এই তিন উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল হাসান ভূঁইয়া জানান, জেলার চকরিয়া, পেকুয়া ও মহেশখালী উপজেলার ৬৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে ২৬ জন, ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন ও সংরক্ষিত নারী ভাইস চেয়ারম্যান পদে ১৫ জন রয়েছেন। ১১ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
জানা গেছে, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাফর আলম। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এ ছাড়া মনোনয়নপত্র দাখিল করেছেন সিরাজুল ইসলাম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সরওয়ার আলম ও পৌর আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ওয়াসিম। তবে এবার বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কেন্দ্রীয় কৃষক লীগের নেতা রেজাউল করিম মনোনয়নপত্র দাখিল করেননি।
এ প্রসঙ্গে রেজাউল করিম বলেন, ‘দলের বিরুদ্ধে আমার রাজনীতি নয়। তাই সম্মানজনক অবস্থানে থেকে নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।’
চেয়ারম্যান পদপ্রার্থী জাফর আলম বলেন, ‘দলের সিদ্ধান্তে আমাকে একক প্রার্থী ঘোষণা করা হয়েছে। এর বিরুদ্ধে কেউ মাঠে নামলে দল ব্যবস্থা নেবে।’
মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী। এ ছাড়া মনোনয়নপত্র জমা দিয়েছেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ হোসাইন ইব্রাহিম, আবুল খালেক চৌধুরী, জাফর আলম, সরওয়ার আজম ও নাজেম উদ্দিন।
আনোয়ার পাশা চৌধুরী বলেন, দলের একক প্রার্থী নির্ধারণের জন্য সভা ডাকা হয়েছে।
এদিকে পেকুয়া উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন শিলখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওয়াহিদুর রহমান, সাবেক উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন আহমদ বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি উপজেলায় দলের একক প্রার্থী নির্বাচন করা হবে। যাঁরা সিদ্ধান্ত অমান্য করে মাঠে নামবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। মনোনয়নপত্র প্রত্যাহারের আগেই দলীয় একক প্রার্থী নির্বাচন করা হবে।
নির্বাচন কার্যালয় সূত্র জানায়, চকরিয়া উপজেলায় ২৭ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান প্রার্থী আটজন, ভাইস চেয়ারম্যান ১২ ও নারী ভাইস চেয়ারম্যান পদে সাতজন । পেকুয়া উপজেলায় ১১ জন মনোনয়নপত্র দাখিল করেন। এর মধ্যে চেয়ারম্যান চারজন, ভাইস চেয়ারম্যান চার ও নারী ভাইস চেয়ারম্যান তিনজন। মহেশখালীতে ৩১ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে চেয়ারম্যান ১৪ জন, ভাইস চেয়ারম্যান ১২ ও নারী ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন।