কক্সবাজারে জমজমাট ইন্টারনেট উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘পৃথিবীটাকে হাতের মুঠোয় এনে দিয়েছে ইন্টারনেট। লেখাপড়ার পাশাপাশি তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা না রাখলে কোনো শিক্ষার্থীর পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব নয়। এই ইন্টারনেট উৎসব জাগিয়ে তুলছে শিক্ষার্থীদের।’গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবে যোগ দিতে আসা কক্সবাজার সরকারি মহিলা কলেজের বিজ্ঞান বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী রওশন আক্তার উচ্ছ্বসিত কণ্ঠে কথাগুলো বলে। ইন্টারনেট নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশ নিয়ে সে জিতেছে পুরস্কারও।তার মতো পুরস্কার বিজয়ী ছাত্রী আছিয়া ইসলাম, ইয়াছমিন জান্নাত, আয়েশা ছিদ্দিকাসহ অনেক শিক্ষার্থীই বলে, ইন্টারনেটে ভালো এবং খারাপ দুটি দিকই রয়েছে। আমরা ভালোর দিকটা নিয়ে এগিয়ে যাচ্ছি। ‘দেখব এবার জগৎটাকে’ স্লোগানে ১৩ জুলাই কক্সবাজারে অনুষ্ঠিত হয় জমজমাট এই ইন্টারনেট উৎসব। কক্সবাজার সরকারি মহিলা কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এ উৎসবে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার কেজি স্কুল, কক্সবাজার সিটি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের চার শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। গ্রামীণফোনের সহযোগিতায় এই ইন্টারনেট উৎসব শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করে। বেলা সাড়ে তিনটায় প্রথম পর্বের ইন্টারনেট উৎসবের উদ্বোধন করেন সরকারি মহিলা কলেজের রসায়ন বিভাগের অধ্যাপক বিপ্লব কান্তি পাল। স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস। তিনি বলেন, এসএসসিতে জিপিএ-৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, গণিত উৎসব, ভাষা প্রতিযোগ ছাড়াও প্রথম আলো ১৩ বছর ধরে সমাজের ভালো কাজগুলো করে আসছে। জনমত তৈরি করছে মাদক ও এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে। গত বছর থেকে গ্রামীণফোনের সহযোগিতায় প্রথম আলো ইন্টারনেট উৎসব করে আসছে।বন্ধুসভার উপদেষ্টা বিশ্বজিত পালের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কক্সবাজার সরকারি মহিলা কলেজের শিক্ষক ছানোয়ারা বেগম, গ্রামীণফোনের কক্সবাজারের আঞ্চলিক কর্মকর্তা সাইফুল ইসলাম, ইন্টারনেট উৎসবের সমন্বয়কারী ইফতেখার উদ্দিন প্রমুখ। অনুষ্ঠানে ইন্টারনেটের সাহায্যে বিভিন্ন ওয়েভ মাধ্যমে যুক্ত, ব্রাউজিং, ই-মেইল, ফেসবুকের মাধ্যমে বন্ধুদের সঙ্গে যোগাযোগসহ নানা বিষয়ে জানতে শিক্ষার্থীদের ধারণা দেওয়া হয়। বিকেল সাড়ে চারটায় একই স্থানে ইন্টারনেট উৎসবের দ্বিতীয় পর্ব পরিচালনা করা হয়। এতে গত বছরের ইন্টারনেট উৎসবের প্রামাণ্য চিত্রের সঙ্গে ইন্টারনেটের বিভিন্ন দিক তুলে ধরেন আই-জিনিয়াস ও কক্সবাজার সিটি কলেজের ছাত্র ইফতিয়াজ নুর। এ ছাড়া ইন্টারনেট-সম্পর্কিত দুই পর্বের কুইজ প্রতিযোগিতায় বিজয়ী সাত শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।