কক্সবাজারে জমজমাট বইমেলা
কক্সবাজার পাবলিক হল মাঠে ৩ জুন শুরু হওয়া বইমেলা জমে উঠেছে। সাত বছর পর আয়োজিত এই বইমেলায় ঢাকার ৩০টি সৃজনশীল প্রকাশনা সংস্থা অংশ নিচ্ছে। কক্সবাজার জেলা প্রশাসন এবং বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতি যৌথভাবে এ মেলার আয়োজন করেছে। মেলায় প্রতিদিন বিকেল থেকে রাত নয়টা পর্যন্ত শত শত নারী-পুরুষ ভিড় জমাচ্ছেন, কিনছেন নতুন নতুন বই। কক্সবাজার সরকারি কলেজের ছাত্রী ইসমত আরা বলেন, ‘ছোট ভাইকে নিয়ে মেলায় এসেছি বই কিনতে। চারটি বই কিনেছি, আরও কয়েকটি বই কিনব।’ কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র নজরুল ইসলাম বলেন, ‘ঢাকার বড় বড় প্রকাশনী এখানে বই বিক্রি করছে। ভালো বই কেনার এমন সুযোগ খুব বেশি আসবে না।’মেলা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস রক্ষিত জানান, মেলা এখন জমজমাট বলা যায়। বিশেষ করে বিকেল পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত তরুণ-তরুণীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ সরগরম হচ্ছে। প্রতিদিন বিকেল তিনটা থেকে রাত ১০টা পর্যন্ত বই বিক্রি হচ্ছে। সঙ্গে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠান। সরেজমিনে দেখা গেছে, মেলায় মাওলা ব্রাদার্স, বিদ্যাপ্রকাশ, ইতি প্রকাশন, চারুলিপি প্রকাশন, অন্যপ্রকাশ, অনন্যা, সময় প্রকাশন, দিব্যপ্রকাশ, এশিয়া পাবলিকেশন্স, সূচীপত্রসহ ঢাকার ৩০টি প্রকাশনা সংস্থা নতুন বই নিয়ে এসেছে। এসব বইয়ের স্টলগুলোতে বিক্রিও ভালো হচ্ছে বলে জানালেন বিক্রয়কর্মীরা। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির নির্বাহী পরিচালক ও সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ বলেন, ‘সারা দেশে আমরা বইমেলা করব। কক্সবাজার পর্যটনশহর। দেশি-বিদেশি বহু মানুষের সমাগম এখানে। তাই বইমেলার জন্য প্রথমেই কক্সবাজারকে বেছে নেওয়া হয়েছে।’ জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ জানান, সাত বছর পর সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উদ্যোগে কক্সবাজারে এই বইমেলার আয়োজন করা হয়েছে। মেলায় এসে শিশু-কিশোর ও শিক্ষার্থীরা বই কেনার সুযোগ পাচ্ছে। কিন্তু এখন (বর্ষা মৌসুমে) বইমেলা না করে ডিসেম্বর, জানুয়ারি মাসে করা হলে প্রচুর বই বিক্রি হতো। কারণ, ওই সময় কক্সবাজারে কয়েক লাখ পর্যটক ভ্রমণে আসেন।