কক্সবাজারে জমজমাট বইমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বইমেলা এখন জমজমাট। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত নয়টা পর্যন্ত বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষ ভিড় জমাচ্ছে শহরের পাবলিক হল মাঠে বইমেলা প্রাঙ্গণে। গত শুক্রবার বিকেল পাঁচটায় আট দিনব্যাপী এই বইমেলার উদ্বোধন করেন বাংলা একাডেমীর মহাপরিচালক শামসুজ্জামান খান। সঙ্গে ছিলেন প্রথম আলোর উপসম্পাদক ও কথাশিল্পী আনিসুল হক। প্রথমাসহ খ্যাতিমান ৩৮টি প্রকাশনী মেলায় অংশ নিয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মুক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শামসুজ্জামান খান বলেন, বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতের শহর কক্সবাজার সব দিক থেকে উন্নত হলেও শিক্ষার ক্ষেত্রে পিছিয়ে। জ্ঞানের আলো ছড়াতে তাই বেশি বেশি বই পড়তে হবে। বই পড়তে হলে মেলায় এসে বই কিনতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে কথাশিল্পী আনিসুল হক বিভিন্ন স্কুল-কলেজ থেকে আসা শিক্ষার্থীদের উদ্দেশ করে বলেন, ‘আমরা যদি এখন না জাগি তাহলে কোনো দিন সকাল হবে না। তাই আমাদের জাগতে হবে। জ্ঞানের আলো জ্বালিয়ে অন্ধকার দূর করতে হবে। আর সেই আলো পাওয়া যাবে বইতে। তাই সবাইকে বই পড়তে হবে।’ এ সময় উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে বই কেনা ও পড়ার অঙ্গীকার করেন। বাংলাদেশ সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের নির্দেশনায় জাতীয় গণগ্রন্থাগারের উদ্যোগে জেলা প্রশাসন ও বাংলাদেশ জ্ঞান-সৃজনশীল প্রকাশনার যৌথ আয়োজনে এই মেলা চলছে। ১৫ জুন পর্যন্ত চলবে।প্রশাসক (ভারপ্রাপ্ত) মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) উত্তম কুমার পাল, জেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) এ কে আহমদ হোসেন, বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির নির্বাহী পরিচালক ফরিদ আহমদ, জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি তাপস রক্ষিত।মেলায় প্রথমা, অন্যপ্রকাশ, প্রগতি পাবলিশার্স, সন্দেশ, নান্দনিক, বাংলা প্রকাশ, মাওলা ব্রাদার্স, দিব্যপ্রকাশ, ঐতিহ্য, সময় প্রকাশনী, সাহিত্য প্রকাশ, অঙ্কুর প্রকাশনীসহ ৩৮টি প্রতিষ্ঠান অংশ নেয়। প্রথমা স্টলে বই কিনতে আসা বিদ্যালয়ের শিক্ষক ও লেখক নুরুল আজিজ চৌধুরী বলেন, ‘এবারের বইমেলায় ভালো মানের বই এসেছে। মুক্তিযুদ্ধ, বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে লেখা প্রথমার বেশ কয়েকটি বই কেনার ইচ্ছা রয়েছে।’ বই কিনতে আসা নারী লেখক শামীম আকতার বলেন, ‘আনিসুল হকের কয়েকটি বই কিনেছি। হুমায়ূন আহমেদ, ড. জাফর ইকবালের আরও কয়েকটি বই কেনার ইচ্ছা রয়েছে।’কক্সবাজার সরকারি মহিলা কলেজের ছাত্রী রেশমী আকতার বলেন, ‘মেলায় ভালোমানের বই এলেও দাম বেশি। স্কুল-কলেজের শিক্ষার্থীদের জন্য বিশেষ ছাড়ে বই কেনার সুযোগ থাকলে ভালো হতো।’