কক্সবাজারে জমজমাট 'আই-জেন' উৎসব

কক্সবাজারে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলছে গ্রামীণফোন-প্রথম আলো ‘আই-জেন উৎসব-২০১৫’। জমজমাট এ উৎসবে ইন্টারনেটের খুঁটিনাটি জেনে মুগ্ধ শিক্ষার্থীরা।
গত ২৫ এপ্রিল কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় দিয়ে এ উৎসব শুরু। এরপর পেকুয়া শীলখালী উচ্চবিদ্যালয়, চকরিয়া কোরক বিদ্যাপীঠ, খুটাখালী কিশলয় শিশু শিক্ষা নিকেতন, কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, উখিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়, উখিয়া বালিকা উচ্চবিদ্যালয়, কক্সবাজার বিয়াম ল্যাবরেটরি স্কুল, রামু বালিকা উচ্চবিদ্যালয়, রামু খিজারী উচ্চবিদ্যালয়, কক্সবাজার মডেল হাই স্কুলসহ ১৬টি প্রতিষ্ঠানে আই-জেন উৎসব পালিত হয়েছে।
পরবর্তী সময়ে কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি, টেকনাফ পাইলট উচ্চবিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, ঈদগাঁও আদর্শ শিক্ষানিকেতনসহ মোট ৩২ বিদ্যালয়ে আই-জেন উৎসব পালন করা হবে।
কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন জানান, প্রথম আলোর আই-জেন উৎসব শিক্ষার্থীদের মধ্যে হইচই ফেলে দিয়েছে। বিপুলসংখ্যক মেধাবী শিক্ষার্থীর মধ্যে লিখিত পরীক্ষায় ১০ জনকে বেছে নেওয়া এবং ১০ জনের স্কুল দল ঘোষণায় ব্যাপক সাড়া পাওয়া গেছে। এই ধারা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা তথ্যপ্রযুক্তিতে বহুদূর এগিয়ে যাবে।
গত ২৮ এপ্রিল সকালে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে আই-জেন উৎসব। ইন্টারনেটবিষয়ক লিখিত পরীক্ষায় অংশ নেয় বিদ্যালয়ের ১৪২ ছাত্রী। এর মধ্যে সর্বোচ্চ নম্বর পাওয়া ১০ জনকে নিয়ে ‘কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় দল’ ঘোষণা করা হয়।
এর আগে আই-জেন উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ। বক্তব্য দেন প্রথম আলো কক্সবাজারের নিজস্ব প্রতিবেদক আব্দুল কুদ্দুস, সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন, সহকারী শিক্ষক মোর্শেদা আইভি, আবু তৈয়ুব দিদার, মো. আবদুর রহিম, সোহেল ইকবাল প্রমুখ।
বিজয়ীদের হাতে সনদ তুলে দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ ও সহকারী প্রধান শিক্ষক মো. নাছির উদ্দিন। অনুষ্ঠানে ভিডিওচিত্রের মাধ্যমে শিক্ষার্থী এবং শিক্ষকদের ইন্টারনেট ব্যবহারের সুবিধা সম্পর্কে অবগত করা হয়। অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা এ উৎসবে অংশ নিচ্ছে।
একইভাবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ১০ জনের আই-জেন দল ঘোষণা করা হয়। প্রতিটি বিদ্যালয়ের দল (বিজয়ী) নিয়ে ২৫ মে কক্সবাজারে অনুষ্ঠিত হবে আই-জেন উৎসবের মুল অনুষ্ঠান।
আই-জেন উৎসব পরিচালনা করছেন ইন্টারনেট উৎসব-২০১৫ কক্সবাজারের সমন্বয়ক ইব্রাহিম খলিল। সহযোগিতায় আছেন জেলা বন্ধুসভার সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, সদস্য মেহেজাবীন অভি, জাহেদ নুর, সুস্মিতা শাউলিন, সুবাহ সিনথিয়া, সাদমান সাকিব, আনাস বিন আবছার, হাবিবুর রহমান, লুৎফর রহমান, সামী কাদের, অরূপ বড়ুয়া প্রমুখ।
