কক্সবাজারে জলকেলি উৎসব
বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত দেখার জন্যই কি সারা দেশের মানুষ কক্সবাজার ভ্রমণে আসে? নিশ্চই না। এখানে এসে বেলাভূমিতে দাঁড়িয়ে অস্তে চলা সূর্য, সাগরের বুকে মাছ ধরে ফিরে আসা সারিবদ্ধ ট্রলারের প্রতিযোগিতা, বালুচরে রাজকাঁকড়ার দৌড়ঝাঁপ, পাহাড়, ঝরনা, নানা কারুকার্যে ভরা বৌদ্ধমন্দির, প্যাগোডা, জাদি, মাথিনেরকূপ, সাফারি পার্ক পরিদর্শন করে হাজার হাজার মানুষ আনন্দ উপভোগ করে। কিন্তু নববর্ষ উপলক্ষে আদিবাসী রাখাইনদের প্রধান সামাজিক উৎসব জলকেলি বা সাংগ্রাংয়ের আনন্দ থেকে অনেকে বঞ্চিত হয়, যথাসময়ে উৎসব দেখা হয় না বলে কিংবা উৎসবের তারিখটা জানা থাকে না বলে। ১৪ এপ্রিল বাংলা নববর্ষ শুরু পয়লা বৈশাখ। তার ঠিক তিন দিন পর অর্থাৎ ১৭ এপ্রিল রাখাইন অব্দ শুরু। ১৭ থেকে ১৯ এপ্রিল—তিন দিন ধরে চলে জলকেলি উৎসব। কক্সবাজার শহরের রাখাইনপল্লি টেকপাড়া, বৌদ্ধমন্দিরসহ বিভিন্ন স্থানে সশরীরে গিয়ে যে কেউ এই উৎসব উপভোগ করতে পারেন। অথবা চলে যেতে পারেন টেকনাফ, মহেশখালী, খুরুশকুল, চৌফলদন্ডি, হারবাং, চকরিয়াসহ বিভিন্ন রাখাইন উদ্যাপিত। এসব স্থানেও মহা ধুমধামে পালিত হয় রাখাইন তরুণ-তরুণীদের একে অপরের প্রতি জল ছুড়ে মারার জলকেলি উৎসব। কিন্তু সাবধান! উৎসবের আনন্দে মাতোয়ারা হয়ে আপনি কাউকে জল ছুড়তে যাবেন না। সেটা বিপদ ডেকে আনতে পারে। বরং আপনি অপেক্ষা করতে পারেন, রাখাইনদের কেউ এসে আপনার গরম শরীরটা পবিত্র জলে ভিজিয়ে শান্ত করে দিচ্ছে কি না দেখার জন্য। জলকেলি বা সাংগ্রাং রাখাইন সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। রাখাইনরা নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে এই উৎসবের আয়োজন করে। উৎসবের প্রথম দিন সকালে রাখাইনরা প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। দুপুরে মন্দির-প্যাগোডায় গিয়ে প্রার্থনা এবং বিকেলে ঘরে ঘরে উন্নতমানের খাবার পরিবেশন করে। প্রতিদিন দুপুর একটা থেকে চলে মণ্ডপে মণ্ডপে তরুণ-তরুণীদের জল ছুড়ে মারার উৎসব। বিশেষ করে পুরোনো বছরের পাপ-পঙ্কিলতা ভুলে গিয়ে নতুন বছরের সুখ-শান্তি ও উন্নতি কামনা করাই এ উৎসবের মূল উদ্দেশ্য। ঐতিহ্যবাহী পোশাকে সজ্জিত হয়ে রাখাইন তরুণ-তরুণীদের একে অপরের প্রতি জল ছুড়ে মারাই জলকেলির প্রধান আকর্ষণ। এ উপলক্ষে ফুল, বেলুন ও পত্রপল্লবে শোভিত মণ্ডপ ও প্যান্ডেল তৈরি করা হয়। মণ্ডপের মাঝখানে জলভর্তি ড্রাম কিংবা কাঠের নৌকার পাশে তরুণীরা তরুণদের অপেক্ষায় থাকে। অন্য মণ্ডপ থেকে তরুণেরা নেচে-গেয়ে মণ্ডপে প্রবেশ করে। তারপর নিজের পছন্দমতো তরুণীকে বেছে নিয়ে জল ছুড়ে মারে। তরুণীর পছন্দ হলে ড্রাম কিংবা নৌকায় রাখা জল ওই তরুণের প্রতি ছুড়ে মেরে অন্য রকম খেলায় মেতে ওঠে। মাঝেমধ্যে ওই তরুণ-তরুণী একেবারে কাছাকাছি গিয়ে মনের ভাব বিনিময় করে। হাজার হাজার মানুষ তরুণ-তরুণীদের এই আনন্দে বিমোহিত হয়। মণ্ডপে মণ্ডপে ভেজা শরীরে চলে তরুণ-তরুণীদের নাচ-গান। কেউ কেউ গানবাজনা ও নৃত্যে বেসামাল হয়ে পড়ে। তরুণ-তরুণীদের পরস্পরের প্রতি জল ছুড়ে মারার এই উপলক্ষকে অনেকে জীবনসঙ্গী নির্বাচনের সুবর্ণ সুযোগ বলে ধরে নেয়, যদিও রাখাইনদের অনেকে এটিকে ভ্রান্ত ধারণা বলে মনে করে। যেকোনোভাবে জল ছিটিয়ে ভিজিয়ে দেওয়া গেলেই এই সম্প্রদায়ের লোকজনের আনন্দ বাড়ে। বয়সে যারা প্রবীণ, তারা মণ্ডপে অংশ না নিলেও বিভিন্ন কাজে সাহায্য-সহযোগিতা করে উৎসবের আনন্দ বাড়ান। রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় নেতা উ মং ছেন হ্লা জানান, সব সম্প্রদায়ের মানুষ তাদের জলকেলি উৎসব উপভোগ করতে পারে। তবে নিরাপত্তার বিষয়টি সবার মাথায় রেখে চলা উচিত। নয়তো পুলিশ প্রশাসন একটু কঠোর হলে অনেকের পক্ষে এই উৎসব দেখা হয়ে ওঠে না। ঢাকা থেকে সরাসরি বাসে অথবা বিমানে কক্সবাজার পৌঁছে শহরের উৎসবে যোগ দেওয়া যায়। মহেশখালীর উৎসবে যেতে হবে শহর থেকে স্পিডবোট কিংবা ট্রলারে। টেকনাফ, চকরিয়াসহ অন্যান্য স্থানের উৎসবে যাতায়াতের জন্য শহর থেকে সারা দিন বিভিন্ন ধরনের যানবাহনের ব্যবস্থা রয়েছে। ব্যক্তিগত গাড়িতে করেও এসব স্থানে অনায়াসে যাওয়া যায়।