কক্সবাজারে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় অংশ নেয় ২২ হাজার ৯৪৪ জন শিক্ষার্থী। পাস করেছে ২০ হাজার ৬৫৪ জন। পাসের হার ৯০ দশমিক শূন্য ২ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৪৫৮ জন, যা গতবার ছিল ১ হাজার ১৭৩ জন।
জেলা শিক্ষা কার্যালয় সূত্র জানায়, শতভাগ পাসের ক্ষেত্রে এবারও জেলার শীর্ষস্থান ধরে রেখেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৩৯ জন। পাস করেছে সবাই। জিপিএ-৫ পেয়েছে ১৫২ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত দাশ জানান, ২০১০ সাল থেকে শতভাগ পাসের কৃতিত্ব ধরে রাখতে সক্ষম হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানটি। এ জন্য বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
দ্বিতীয় স্থানে চকরিয়া কোরক বিদ্যাপীঠ। এই বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ৩৫৮ জন। পাস করে সবাই। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন।
তৃতীয় স্থানে কক্সবাজার সরকারি বালক উচ্চবিদ্যালয়। এই বিদ্যালয় থেকে এবার পরীক্ষা দিয়েছে ২৩৪ জন। পাস করে ২৩৩ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৭ জন।
কক্সবাজার বায়তুশ শরফ জব্বারিয়া একাডেমি থেকে পরীক্ষা দিয়েছে ৪৫০ জন। পাস করেছে ৪৩৫ জন। জিপিএ-৫ পেয়েছে ৮০ জন।
পিএসসি ও ইবতেদায়ি: এবার জেলায় পিএসসি ও ইবতেদায়ি সমাপনীতে পরীক্ষার্থী ছিল ৪৭ হাজার ৯৮৪। পাস করে ৪৬ হাজার ২৪৬ জন। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ৩৮৬ জন, যা গতবার ছিল ১ হাজার ৮০২।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, এবার কক্সবাজার সদর উপজেলা থেকে পিএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৬৯০, রামুতে ১৭২, চকরিয়ায় ৫৮৭, পেকুয়ায় ১১৭, মহেশখালীতে ৩১০, কুতুবদিয়ায় ১৭৯, উখিয়ায় ১৮৬ ও টেকনাফে ১৪৫ জন।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম সিদ্দিকুর রহমান জানান, গতবারের তুলনায় এবারের ফলাফল অনেক ভালো হয়েছে। এতে শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকেরাও খুশি।