কক্সবাজারে ঝিনুকমালার শিশু উৎসব
কক্সবাজার শহরের গণপাঠাগারের শহীদ দৌলত ময়দানে ১৮ এপ্রিল শেষ হয়েছে ঝিনুকমালা খেলাঘরের দুই দিনব্যাপী শিশু উৎসব ও সম্মেলন। আগের দিন সকালে উৎসব উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রুহুল আমিন। এরপর বৈশাখী আমেজে কয়েক শ শিশু-কিশোর শহরের প্রধান সড়কে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
উৎসব উদ্যাপন পরিষদের সভাপতি আশরাফুল হুদা ছিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বক্তব্য দেন কবি কামরুল হাসান, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক বিশ্বজিত পাল, ঝিনুকমালা খেলাঘরের সভাপতি আবুল কাশেম, কর্মকর্তা সুবিমল পাল, রমজান আলী সিকদার, ইসমাঈল ফারুক, দুলাল দাশ প্রমুখ।
জেলা প্রশাসক মো. রুহুল আমিন বলেন, ‘আমরা শিশুদের অধিকারের কথা বলি, কিন্তু তা বাস্তবায়ন করি না। এ মনোভাবের পরিবর্তন আনতে হবে। আমরা শিশুদের জন্য সব সময় ‘হ্যাঁ’ বলব।’
আশরাফুল হুদা ছিদ্দিকী বলেন, ক্রমান্বয়ে এই পৃথিবী বিভীষিকাময় হয়ে উঠছে। যুদ্ধ হানাহানিতে ধ্বংস হতে চলছে পৃথিবীর বিভিন্ন দেশ। এতে নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে অবুঝ শিশুরা। ধ্বংস হচ্ছে শিশুর উপযোগী পরিবেশ। তাই সবার আগে শিশুর বাসযোগ্য শান্তিময় সবুজ মৃত্তিকা গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে আন্দোলন করতে হবে।
সমাপনী দিনে শিশু-কিশোরদের ছড়াগান, দেশাত্বাবোধক, রবীন্দ্রসংগীত ও বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।