কক্সবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের উপনির্বাচন ঘিরে শহরে তিন প্রার্থীর জমজমাট প্রচারণা চলছে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৬ এপ্রিল।
এই ওয়ার্ডের কাউন্সিলর সাইফুদ্দিন খালেদ দায়িত্ব গ্রহণের পাঁচ মাসের মাথায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন। এরপর গত ৪ মার্চ রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। এ ওয়ার্ডের ভোটার সংখ্যা ৫ হাজার ৬২৯। নির্বাচনে প্রার্থী হয়েছেন এই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জসিম উদ্দিন (পাঞ্জাবি), নিহত কাউন্সিলর সাইফুদ্দিন খালেদের ছোট ভাই কফিল উদ্দিন (টেবিল ল্যাম্প) ও জাবেদ মো. কায়সার ( উট পাখি)। ৭ এপ্রিল সকালে শহরের বাহারছড়া, সৈকত সড়ক, আদালত ভবন, লালদীঘিরপাড়, কস্তুরাঘাট, ঝাউতলাসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রার্থীদের পোস্টারে ছেয়ে গেছে অলিগলি। উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে পোস্টারে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করা হয়।
বাহারছড়ার ভোটার ওমর কাজি (৪৫) জানান, এলাকার উন্নয়নে অভিজ্ঞতা আছে, এমন প্রার্থীকে ভোটাররা বেছে নেবেন। বাহারছড়ার রাস্তা-নালা সংস্কার, জলাবদ্ধতা নিরসন ও বেকারদের কর্মসংস্থানে যে প্রার্থী বেশি ভূমিকা রাখতে পারবেন, তিনিই নির্বাচিত হবেন।
জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন বলেন, ‘সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা কাজ করে যাচ্ছি। যেসব প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করবে, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’