কক্সবাজারে তিন হাজার প্রকল্পের হদিস নেই
টেকনাফ সদর ইউনিয়নের নাফ নদীর তীরে মৌলভীপাড়ার অবস্থান। নদীতে জোয়ার এলেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি প্রবেশ করে। প্লাবিত হয় এই এলাকার নাজিরপাড়া, মৌলভীপাড়া, হাঙ্গারডেইলসহ কয়েকটি গ্রাম।এই সমস্যা সমাধানে ২০০ মিটার বেড়িবাঁধ মেরামতের জন্য কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের আওতায় ১০ লাখ টাকার গম বরাদ্দ দেওয়া হয়েছিল ২০১১ সালের মার্চ মাসে। কিন্তু বেড়িবাঁধের এই সংস্কার বেশি দিন স্থায়ী হয়নি। ভাঙা বাঁধ ভাঙাই রয়ে গেছে। এতে আবারও জোয়ারের পানি ঢুকছে গ্রামগুলোতে।টেকনাফের এই বেড়িবাঁধ সংস্কারের মতো কক্সবাজারের আটটি উপজেলার প্রায় তিন হাজার কাবিখা, কাবিটা (কাজের বিনিময়ে টাকা) ও টিআর (টেস্ট রিলিফ) প্রকল্পের আওতায় সম্পন্ন উন্নয়নকাজ স্থায়িত্ব পায়নি। এসব প্রকল্প বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ উঠেছে। অপরদিকে প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, কয়েক দফা সামুদ্রিক জলোচ্ছ্বাসসহ নানা প্রাকৃতিক দুর্যোগের কারণে সংস্কারকাজ স্থায়ী হয়নি।টেকনাফ, রামু ও চকরিয়া উপজেলার বিভিন্ন জনপ্রতিনিধির সঙ্গে কথা বলে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে শুরু হওয়া প্রকল্পগুলো শেষ হয়েছে গত বছরের জুন মাসে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের জন্য এসব প্রকল্পে নগদ টাকা ও খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছিল।প্রকল্পগুলোর আওতায় বেড়িবাঁধ, শিক্ষাপ্রতিষ্ঠান, খেলারমাঠ, রাস্তাঘাট ও কালভার্টের অবকাঠামো সংস্কার করা হয়। তবে এসব প্রকল্পে সুফল ছয় মাসও ভোগ করতে পারেনি স্থানীয় লোকজন। তবে প্রকল্পগুলো শত ভাগ সম্পন্ন হয়েছে বলে দাবি করছেন প্রকল্প বাস্তবায়নের সঙ্গে যুক্ত ব্যক্তিরা। এ বিষয়ে জানতে চাওয়া হলে কক্সবাজার-১ আসনের (সদর-রামু) সাংসদ লুৎফর রহমান বলেন, ‘আমরা এলাকার গুরুত্ব বিবেচনা করে প্রকল্প হাতে নিই। এসব প্রকল্প বাস্তবায়ন কমিটিতে থাকেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা। সরকারের পক্ষ থেকে পুরো কাজ তদারকি করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা। গত কয়েক বছরে এসব প্রকল্পের আওতায় যেসব কাজ হয়েছে, তার ৯০ শতাংশই স্থায়ী হয়েছিল। কিন্তু এবার যেসব উন্নয়নকাজ হয়েছে, বন্যা ও পাহাড়ি ঢলের কারণে সেই সব স্থায়ী হয়নি। তবে রাস্তা-ঘাট ও কালভার্টের সংস্কারকাজ এখনো অনেকাংশে ঠিক আছে।’কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সাংসদ আবদুর রহমান বদি বলেন, ‘টিআর, কাবিখা ও কাবিটার আওতায় উন্নয়নকাজ শতভাগ বাস্তবায়িত হয়েছে। ১০ ভাগ ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। তবে এলাকার মাটি বেলে হওয়ায় এবং বন্যা, পাহাড়ি ঢল ও সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে এসব উন্নয়নকাজ স্থায়ী হয়নি।’এ বিষয়ে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল মজিদ জানান, গত অর্থবছরের কাজ কেমন হয়েছে তাঁর জানা নেই। কারণ, তিনি কয়েক মাস আগে যোগদান করেছেন। তবে তিনি দাবি করেন, জেলার আটটি উপজেলায় শত ভাগ প্রকল্পের কাজ শেষ হয়েছিল। কিন্তু গত বছরের জুন-জুলাই মাসে সৃষ্ট কয়েক দফা সামুদ্রিক জলোচ্ছ্বাস, বন্যা ও পাহাড়ি ঢলের তোড়ে অধিকাংশ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে। রামুতে বন্যায় তলিয়ে গেছে ৪৩৫ প্রকল্পঢলের পানিতে বিলীন মহেশখালীর উন্নয়ন প্রকল্পটেকনাফে ৮৩ প্রকল্পের অস্তিত্ব নেই