কক্সবাজারে দরিদ্র নারী ও শিশুদের জন্য স্বাস্থ্যকেন্দ্র চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের পাহাড় ও সমুদ্র উপকূলে বসবাসকারী অতিদরিদ্র নারী শিশুদের চিকিৎসাসেবায় স্বাস্থ্যকেন্দ্র চালু করেছে উন্নয়ন সংস্থা পালস। শহরের বাইপাস সড়কের পাশে পাহাড়ি এলাকায় ‘পালস কমিউনিটি হেলথ সার্ভিস পয়েন্ট’ নামের কেন্দ্রটি ৭ এপ্রিল উদ্বোধন করেন সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া। জানা যায়, ওই দিন ২৯৮ এবং পরদিন আরও ৩০২ জন নারী ও শিশুকেন্দ্র থেকে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা নিয়েছেন। সিভিল সার্জন বলেন, পাহাড় ও সমুদ্র উপকূলে বসবাসরত কয়েক লাখ মানুষ চরম ঝুঁকি নিয়ে বাস করছেন। গরিব বলে তাঁরা শহরের হাসপাতাল অথবা ক্লিনিকে গিয়ে স্বাস্থ্যসেবা নিতে পারেন না। বিশেষ করে নারীরা প্রজনন স্বাস্থ্য, নিরাপদ মাতৃত্ব, যৌন ও প্রজননতন্ত্রের সংক্রমণ, পরিবার পরিকল্পনা, শিশুর স্বাস্থ্যসেবা নিয়ে একেবারে অজ্ঞ। পালসের এই স্বাস্থ্যকেন্দ্র এদের সচেতন করতে ভূমিকা রাখবে। পালসের চেয়ারম্যান আবু মোর্শেদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আবদুর রহমান, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আবদুল কুদ্দুস, দৈনিক আজকের কক্সবাজার পত্রিকার নির্বাহী সম্পাদক প্রিয়তোষ পাল, প্রকৌশলী কানন পাল, কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদ সভাপতি দীপক শর্মা, ডা. ইকবাল কবীর প্রমুখ। আবু মোর্শেদ চৌধুরী জানান, সপ্তাহের প্রতি শনিবার এই স্বাস্থ্যকেন্দ্রে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা দেওয়া হবে।