কক্সবাজারে দুর্গাপ্রতিমা তৈরির ধুম

কক্সবাজার শহরের গোলদীঘির পূর্বপাশে ৫৫ বছরের পুরোনো ইন্দ্রসেন দুর্গাবাড়ি। এই মন্দিরের মাঠে মঞ্চ তৈরি করে অন্য রকম দুর্গাপ্রতিমা তৈরি করছেন চট্টগ্রামের বিখ্যাত কারিগর অপল পাল (৫৩)। মঞ্চের ওপর বাঁশ-বেত দিয়ে সৃষ্টি করা হয়েছে প্রাকৃতিক পরিবেশ। সেখানে গাছপালা, পশুপাখি সবই আছে। দূর থেকে দেখলে মনে হবে দেবী দুর্গা ঠাঁই নিয়েছেন গুহার ভেতরে।
সপ্তাহ দুয়েক পরেই দুর্গাপূজার ঢাকের বোল শোনা যাবে। আর সে জন্য জোর প্রস্তুতিও নিচ্ছেন সনাতন ধর্মাবলম্বীরা। ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমাশিল্পীরাও।
দুর্গাবাড়ি পূজা উদ্যাপন পরিষদের সভাপতি বাবন দাশ বলেন, শহরের প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণে মানুষকে সচেতন করতে এমন আয়োজন। এতে প্রায় সাত লাখ টাকা খরচ হচ্ছে। কয়েক দিন পর রং লাগানো শেষ হলে এর আকর্ষণ আরও বেড়ে যাবে।
গত ২২ সেপ্টেম্বর দুপুরে দুর্গাবাড়ি গিয়ে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। খোলা মাঠে তৈরি বিশাল মঞ্চের ওপর প্রতিমাটি স্থাপনের কাজ চলছে। মন্দিরের পুরোহিত মৃদুল চক্রবর্তীর দাবি, এটিই জেলার সবচেয়ে বড় প্রতিমা।
শহরের ঘোনারপাড়া কৃঞ্চাঙ্গধাম দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল বলেন, আগামী ১১ অক্টোবর থেকে সারা দেশের মতো কক্সবাজারেও সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদ্যাপিত হবে। তাই প্রতিমা তৈরির ধুম পড়েছে।
শহরের লালদীঘির পাড়ে অবস্থিত সরস্বতী বাড়ি মন্দিরেও চলছে প্রতিমা তৈরির কাজ। সেখানে গিয়ে দেখা গেছে, মন্দিরের পাশে একটি ঘরে প্রতিমাগুলো সাজিয়ে রাখা হয়েছে। টেকনাফ, উখিয়া, রামু, চকরিয়া, খুরুশকুলসহ বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে প্রতিমা দেখছেন। অনেকে পূজার জন্য কিনেও রাখছেন। এখানে কারিগর বাবুল ভট্টাচার্য চার সহযোগীকে নিয়ে প্রতিমা তৈরির কাজ চালাচ্ছেন।
বাবুল ভট্টাচার্য (৪৬) বলেন, দক্ষিণ চট্টগ্রামে প্রতিমা তৈরির তেমন কারিগর নেই। তাই পূজার সময় তাঁকে ৫০০ প্রতিমা তৈরি করতে হয়। কিছুদিন পর এসব প্রতিমায় রং লাগানো হবে।
জেলা দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি রণজিৎ দাশ বলেন, এবার জেলার সাতটি উপজেলায় প্রায় ২৭০টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। আর এসব মণ্ডপের জন্য প্রতিমা তৈরি করছেন বাবুল ভট্টাচার্য। প্রতিমাশিল্পীরা জানান, শহরের বাঁকখালী নদী থেকে মাটি কিনে এনে প্রতিমা তৈরি করেন তাঁরা। তারপর কাঠ, সুতা, ঘাস, রং, কাপড় ও মুকুট দিয়ে এক সেট প্রতিমা তৈরি করতে সময় লাগে পাঁচ দিন। প্রতি সেট প্রতিমা (ছোট-বড়) তৈরি করতে খরচ হয় ১৫ থেকে ৩৫ হাজার টাকা। বিক্রি হয় ২০ হাজার থেকে এক লাখ টাকায়।
পাশাপাশি দুর্গাপূজার সময় যাতে আইনশৃঙ্খলা ঠিক থাকে, তার প্রস্তুতিও নিচ্ছে পুলিশ প্রশাসন। এ বিষয়ে পুলিশ সুপার মো. আজাদ মিয়া বলেন, প্রতিটি মন্দিরে কঠোর নিরাপত্তা দেওয়া হবে। পাশাপাশি সমুদ্রসৈকতে দেশের বৃহৎ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রস্তুতিও চলছে।