কক্সবাজারে দুর্নীতিবিরোধী শোভাযাত্রা ও মানববন্ধন

জাতীয় পতাকা হাতে আট কিশোর-কিশোরী হাঁটছে কক্সবাজারের প্রধান সড়কে। তাদের পেছনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সবার হাতে ‘দুর্নীতি থামান’ লেখা কার্ড। গত ২৭ ডিসেম্বর দুপুরে বর্ণাঢ্য শোভাযাত্রাটি যখন সড়ক প্রদক্ষিণ করছিল তখন পথচারীরাও ‘বাংলাদেশ বাংলাদেশ’ বলে স্লোগান দিয়ে উৎসাহ দেন।
আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআইবি) ২০ বছর পূর্তি উপলক্ষে শহরে ব্যতিক্রমধর্মী এই শোভাযাত্রার আয়োজন করে ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) ফ্রেন্ডস গ্রুপ ও সচেতন নাগরিক কমিটি (সনাক), চকরিয়া।
এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন করা হয়। এরপর শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. আলী হোসেন।
ইয়েস ফ্রেন্ডস দলনেতা সুমন চন্দ্র দের সভাপতিত্বে এবং টিআইবির আঞ্চলিক ব্যবস্থাপক মো. জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম, সনাক চকরিয়ার সভাপতি ফরিদ উদ্দিন চৌধুরী প্রমুখ।
জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, দুর্নীতি এ দেশের উন্নয়নের অন্যতম প্রধান অন্তরায়, যার যার অবস্থান থেকে সচেতন হলে দুর্নীতি অনেকাংশে কমে যাবে।