কক্সবাজারের সাগরদ্বীপ মহেশখালী, কুতুবদিয়া উপজেলাসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিসসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হচ্ছে শত শত শিশু। গত কয়েক দিনে জেলার বিভিন্ন স্থানে নিউমোনিয়া ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে মারা গেছে আট শিশু। সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি আছে তিন শতাধিক শিশু। এর মধ্যে দেড় শতাধিক নিউমোনিয়ায় আক্রান্ত।সংশ্লিষ্ট সূত্র ও এলাকাবাসী জানান, গত বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ছয়টায় কুতুবদিয়ার লেমশিখালী থেকে কক্সবাজার সদর হাসপাতালে আনার পথে মারা যায় ওই গ্রামের লবণচাষি গিয়াস উদ্দিনের আড়াই মাস বয়সী ছেলে সোহেল।একই দিন সকালে সদর হাসপাতালে আনার সময় মারা যায় মহেশখালীর কুতুবজোম ও চরপাড়ার মো. আলমগীর ও মনির উল্লাহর দুই মেয়ে বেবী (দুই মাস) ও নাজমা (দেড় বছর)। ১৪ সেপ্টেম্বর ভোর রাতে কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামে মারা যায় স্থানীয় লবণচাষি কালা মিয়ার তিন মাস বয়সী মেয়ে দিলসাম, দুপুরে উত্তর ধুরুং গ্রামে মারা যায় ফজল করিমের এক বছর বয়সী ছেলে আবদুল্লাহ। একই দিন মহেশখালীর ধলঘাটা গ্রামে মারা যায় দুই মাস বয়সী শিশু নজিব। সে স্থানীয় সৈয়দ নুরের ছেলে। ১৩ সেপ্টেম্বর বিকেলে রামু উপজেলার গর্জনিয়া গ্রামে মারা যায় দিনমজুর মনির উল্লাহর আট মাস বয়সী মেয়ে বিউটি ও সদর উপজেলার খুরুশকুল গ্রামের রাখাল কান্তি পালের চার মাস বয়সী ছেলে রুদ্র।কুতুবদিয়া ও মহেশখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান যথাক্রমে এ টি এম নুরুল বশর চৌধুরী ও আবু বক্কর ছিদ্দিক জানান, একদিকে ভারী বর্ষণ অন্যদিকে গরম। এ রকম বিরূপ আবহাওয়ায় ঘরে ঘরে দেখা দিচ্ছে সর্দি-কাশি ও ভাইরাস জ্বর। বিশেষ করে শিশুরা নিউমোনিয়াসহ শ্বাসকষ্ট রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। সরকারি হাসপাতালে অক্সিজেন ও ওষুধ পাওয়া যাচ্ছে না।সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. অজয় ঘোষ জানান, গত দেড় মাস ধরে উপকূলীয় ও পাহাড়ি এলাকায় শিশুদের নিউমোনিয়া, ব্রঙ্কিউলাইটিসসহ শ্বাসকষ্ট বেড়েছে। জেলার ৭০টির বেশি ইউনিয়নে স্বাস্থ্য-কর্মীদের সতর্ক রাখা হয়েছে। হাসপাতালগুলোতে প্রয়োজনমতো ওষুধও সরবরাহ করা হয়েছে। ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কক্সবাজার সদর হাসপাতালে দেখা গেছে, আট শতাধিক রোগী বহির্বিভাগে চিকিৎসার জন্য ভিড় করেছেন। এর মধ্যে পাঁচ শতাধিক রোগী শিশু। বেশির ভাগ শিশু আনা হয়েছে মহেশখালী, কুতুবদিয়া উপজেলা থেকে। দুপুর ১২ টার মধ্যে ১২৪ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ও কক্সবাজার মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. অরূপ দত্ত জানান, ১২৪ শিশুর মধ্যে ৯০ শতাংশ শিশু নিউমোনিয়া ও ব্রঙ্কিউলাইটিস রোগে আক্রান্ত।বেলা একটায় হাসপাতালের ৩০ শয্যার শিশু ওয়ার্ডে দেখা গেছে, ১২৪ শিশুর সঙ্গে তাঁদের মা ও নিকট আত্মীয়দের কান্নাকাটি হই-চই। তিনজন চিকিৎসক ও দুইজন নার্সকে বিপুলসংখ্যক রোগীর সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে। প্রতিটি শয্যায় সর্বোচ্চ পাঁচজন শিশুকে গাদাগাদি করে রাখা হয়েছে। শয্যা খালি না থাকায় বহু শিশুকে মেঝেতে ফেলে রাখা হয়েছে। হাসপাতালে শিশু রোগের চিকিৎসক ডা. মায়েনু রাখাইন জানান, দুই মাস থেকে এক বছর বয়সী শিশুরাই বেশি নিউমোনিয়াসহ শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত হয়ে এখানে ভর্তি হচ্ছে। ডা. সঞ্জয় কুমার দে জানান, হাসপাতালের বহির্বিভাগে দৈনিক পাঁচ শতাধিক শিশু চিকিৎসা নিচ্ছে। শিশু ওয়ার্ডের ধারণক্ষমতা ৩০ জনের। ভর্তি হচ্ছে গড়ে ১৩০টি শিশু। এর মধ্যে ১৪ সেপ্টেম্বর এই ওয়ার্ডে ভর্তি ছিল সর্বোচ্চ ১৪০ শিশু। এদের বেশির ভাগ নিউমোনিয়া ও ব্রঙ্কিউলাইটিস রোগে আক্রান্ত।