কক্সবাজারে নিয়মিতই আসছেন বিদেশি পর্যটকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৫ অক্টোবর দুপুরে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশি দুই শিক্ষার্থীর সঙ্গে চীনা তিন পর্যটক l প্রথম আলো
৫ অক্টোবর দুপুরে কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে বাংলাদেশি দুই শিক্ষার্থীর সঙ্গে চীনা তিন পর্যটক l প্রথম আলো

চীনের কুনমিং প্রদেশের রাজধানী ইউনানের একটি বিশ্ববিদ্যালয়ে পড়ান লি সিপিং। ৫ অক্টোবর কক্সবাজার সমুদ্রসৈকতের লাবণী পয়েন্টে দেখা তাঁর সঙ্গে। কক্সবাজারে এসে কেমন লাগছে জানতে চাইলে বললেন, অসাধারণ!
চীনা পর্যটকের দলটিতে মধ্যবয়সী নারী লি ছাড়াও ছিলেন একই বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক সান সোয়ান, লির মা ওয়াই ওয়েনিং ও খালা অং পেঙিং। এই ভ্রমণে তাঁদের সঙ্গে ঢাকা থেকে যোগ দিয়েছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী মো. ফারুক হোসেন, ফেরদৌস আলম ও সামশুল আলম। বেশ সময় নিয়ে তাঁরা সমুদ্রস্নান সারলেন। ঘুরে বেড়ালেন সৈকতে।
বাংলাদেশে এসে কোনো নিরাপত্তাহীনতা কাজ করছে কিনা প্রশ্ন করলে চীনা তরুণী সান সোয়ান বলেন, ‘সম্প্রতি বাংলাদেশে ইতালি ও জাপানের দুজন নাগরিক নিহত হওয়ার ঘটনায় বিদেশিরা নিরাপত্তা নিয়ে শঙ্কায় ছিলেন। কিন্তু কক্সবাজার ভ্রমণে এসে সে রকম পরিস্থিতিতে আমাদের পড়তে হয়নি। আমরা খুব স্বাচ্ছন্দ্যে কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত ঘুরে বেড়িয়েছি। পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে।’ কক্সবাজার ও সেন্ট মার্টিন ছাড়াও মেরিন ড্রাইভ সড়ক দিয়ে তাঁরা হিমছড়ি, ইনানি এবং টেকনাফ ঘুরে এসেছেন বলে জানালেন।
কক্সবাজার পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, এখন জেলায় ৪৫ জনের মতো বিদেশি পর্যটক ভ্রমণ করছেন। গত দুই সপ্তাহে ভ্রমণ করে গেছেন দুই শর মতো বিদেশি। সামনের মাসগুলোতে এর সংখ্যা আরও বাড়তে পারে।
পুলিশের পাশাপাশি ভ্রমণে আসা পর্যটকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে টু্যরিস্ট পুলিশ। টু্যরিস্ট পুলিশ কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, বিদেশিরা চেক ইন করলেই পুলিশকে জানানোর নির্দেশনা দেওয়া আছে হোটেল কর্তৃপক্ষকে। হোটেলে অবস্থানকারী বিদেশিদের সঙ্গে যোগাযোগ করে সম্ভাব্য ভ্রমণসূচি জেনে নেয় পুলিশ। এরপর সেই অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থাও করা হয়। এখন নিয়মিতই কক্সবাজারে আসছেন বিদেশি পর্যটকেরা।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসলাম হোসেন জানান, কক্সবাজারে চার শতাধিক হোটেল আছে। এর মধ্যে ৩০০টির বেশি হোটেলে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। অবশিষ্ট হোটেলগুলোতে সিসি ক্যামেরা লাগানোর কাজ চলছে। এদিকে, কক্সবাজারের হোটেল-মোটেলগুলোতে বিদেশি পর্যটকেরা বুকিং দিয়ে চলেছেন। প্যাঁচারদ্বীপ সৈকতের মারমেইড বিচ রিসোর্টর মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান বলেন, দুই বিদেশি হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজার ভ্রমণে আসতে বিদেশি পর্যটকেরা শঙ্কায় ছিলেন। পুলিশ নিরাপত্তা জোরদার করায় এখন পর্যটকেরা কক্সবাজার আসছেন। এই পল্লিতে চার দিন অবস্থান করে জার্মানি ও যুক্তরাষ্ট্রের আটজন পর্যটক ১৫ অক্টোবর ফিরে গেছেন। এর আগে আরও ১০ জন বিদেশি পর্যটক ভ্রমণে এসেছিলেন। এ মাসের ২১, ২২ ও ২৩ তারিখ রিসোর্টের ৫০টি কটেজের সবগুলোই বুকিং হয়ে গেছে। বুকিং দেওয়া অতিথিদের মাঝে উল্লেখযোগ্যসংখ্যক বিদেশিও আছেন বলে তিনি জানান।
মাহফুজুর রহমান আরও বলেন, ট্যুরিস্ট পুলিশের পাশাপাশি এখানে রিসোর্টের নিজস্ব নিরাপত্তারব্যবস্থাও আছে। এ ছাড়া মেরিনড্রাইভ সড়কে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশের সার্বক্ষণিক টহল আছে।
হোটেল সি-গালের প্রধান নির্বাহী ইমরুল ছিদ্দীকি জানান, হোটেলে ১৫ অক্টোবর ছয়জন বিদেশি অবস্থান করছেন। আরও আটজন ভ্রমণ শেষ করে ফিরে গেছেন। কয়েক দিনের মধ্যে আরও ১৫ জন বিদেশি আসবেন। হোটেল লং-বিচ হোটেল প্রধান ব্যবস্থাপক (অপারেশন) মোহাম্মদ তারেক বলেন, তাঁদের হোটেলেও কয়েকজন বিদেশি রয়েছেন। গত কয়েক দিনে ২৫ জন বিদেশি ভ্রমণ করে ফিরে গেছেন। একইভাবে ওশান প্যারাডাইস, সায়মন বিচ রিসোর্ট, সি প্যালেস, কক্স টু-ডেসহ বিভিন্ন হোটেলেও বিদেশিরা অতিথি হচ্ছেন বলে জানা গেছে।
কক্সবাজার জেলা প্রশাসক মো. আলী হোসেন জানান, বিদেশি পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা দিচ্ছে প্রশাসন। এ কারণে কক্সবাজারে বিদেশি পর্যটকের আগমন বাড়ছে।
৭২ বিদেশি নাগরিকের নিরাপত্তা দিচ্ছে পুলিশ: পর্যটকদের পাশাপাশি কক্সবাজারে কর্মরত ৭২ জন বিদেশি নাগরিকের নিরাপত্তা দিচ্ছে পুলিশ। কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল চকরিয়া) মো. মাসুদ জানান, চকরিয়া উপজেলার মালুমঘাট খ্রিষ্টান হাসপাতালে কর্মরত আছেন ৩৮ জন বিদেশি। জরুরি প্রয়োজনে তাঁরা বাইরে গেলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। হাসপাতালের পরিচালক জোসেফ অমূল্য রায় জানান, হাসপাতালের ফটকে সার্বক্ষণিক পাহারা বসিয়েছে পুলিশ।
উখিয়া উপজেলার কুতুপালং ও টেকনাফের নয়াপাড়ার দুটি রোহিঙ্গা শরণার্থী শিবিরের চালু থাকা বিভিন্ন প্রকল্পে কাজ করছেন জাতিসংঘ ও উন্নয়ন সংস্থার ১০ জন বিদেশি নাগরিক। এ ছাড়া জেলার বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন আরও ২৪ জন।
পুলিশ সুপার শ্যামল কুমার নাথ জানান, জেলায় কর্মরত ৭২ জন বিদেশির সঙ্গে পুলিশের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। তাঁরা শহরের বাইরে গেলে পুলিশ নিরাপত্তা দিচ্ছে। তা ছাড়া ভ্রমণে আসা বিদেশি পর্যটকের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। যেকোনো ধরনের নাশকতা ঠেকাতে মাঠে নেমেছে পুলিশসহ একাধিক আইনশৃঙ্খলা বাহিনী।