কক্সবাজারে নিষ্প্রাণ সাংগ্রাই উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বছরকে বরণ এবং পুরোনো বছরকে বিদায় জানাতে রাখাইন সমপ্রদায়ের তিন দিনব্যাপী ‘সাংগ্রাং’ বা ‘জলকেলি’ উৎসব আজ শেষ হচ্ছে। উৎসব উপলক্ষে ১৭ এপ্রিল থেকে কক্সবাজার শহরের ছয়টি মণ্ডপে রাখাইন তরুণ-তরুণী ও শিশু-কিশোরেরা তাদের ঐতিহ্যবাহী পোশাকে জলকেলিতে অংশ নেয়। তবে আগের বছরগুলোর তুলনায় এবারের উৎসব ছিল অনেকটা নিষ্প্রাণ। সংশ্লিষ্ট ব্যক্তিদের মতে, রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও নারী সাংসদ এথিন রাখাইনের মধ্যে বিরোধের জের ধরে এবারে উৎসব অনেকটা জৌলুস হারিয়েছে। তরুণ-তরুণীদের উপস্থিতি ছিল প্রত্যাশার চাইতে কম। এতে অনেকে হতাশ হয়েছেন। জানা যায়, গত বছর শহরসহ জেলার বিভিন্ন স্থানে ৪০টির বেশি মণ্ডপে জাঁকজমকভাবে জলকেলি উৎসবের আয়োজন করা হয়। এবার হয়েছে ২৩টি মণ্ডপে। তাও দায়সারাভাবে। বিশেষ করে তরুণ-তরুণী এবং অভিভাবকদের উপস্থিতি ছিল কম। ১৭ এপ্রিল দুপুর একটায় শহরের টেকপাড়ার একটি মণ্ডপে গিয়ে দেখা গেছে, গাছের ফুল লতাপাতা আর রঙিন কাগজ দিয়ে সাজানো মণ্ডপের ভেতরে বসে আছেন ১০ রাখাইন তরুণী। বিপরীতে ছেলে নেই বলে তাঁরা জলকেলি উৎসব শুরু করতে পারছিলেন না। দুপুর দুইটায় একদল ছেলে নেচে-গেয়ে মণ্ডপে এলে আনুষ্ঠানিকতা ছাড়া জলকেলি শুরু হয়। বেলা দেড়টায় সাংসদ এথিন রাখাইনের তত্ত্বাবধানে শহরের বৌদ্ধমন্দির সড়কের একটিমাত্র মণ্ডপে গিয়ে দেখা গেছে, তখনো মণ্ডপের নির্মাণকাজ চলছে। মণ্ডপের সামনের মাঠও ফাঁকা। তিনটার দিকে এথিন জলকেলি উৎসবের উদ্বোধন করেন। মাত্র এক ঘণ্টার মধ্যে শেষ হয়ে যায় দিনের কর্মসূচি। বৌদ্ধমন্দির সড়কের ঊষা ও আবু রাখাইন জানান, এখন জলকেলিতে যেতে তরুণীরা স্বাচ্ছন্দ্যবোধ করেন না। কারণ তরুণদের অনেকে মেয়েদের নানাভাবে বিরক্ত করেন। এমনকি অতিথিদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এসব কারণে অভিভাবকেরাও তরুণীদের মণ্ডপে পাঠাতে রাজি হচ্ছেন না বলে মন্তব্য করেন তাঁরা। শহরের হাঙ্গরপাড়া মণ্ডপে আসা নীলা রাখাইন (১৬) ও ওয়ান হ্লা চেন (১৬) জানান, প্রভাবশালী কিছু ব্যক্তির দ্বন্দ্বের কারণে জলকেলি উৎসবটি প্রাণবন্ত করা যায়নি। লিলি রাখাইন (১৮) বলেন, ‘পবিত্র জল দিয়ে শরীর ভিজিয়ে আনন্দ ফুর্তি করাই সাংগ্রাং উৎসবের মূল উদ্দেশ্য। কিন্তু প্রথম ও দ্বিতীয় দিনটি কেটেছে হতাশায়।’ রাখাইন বুড্ডিস্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সহসভাপতি উ মং চেং হ্লা জানান, শহরের ছয়টিসহ জেলার চকরিয়া, হারবাং, টেকনাফ, মহেশখালী, চৌফলদণ্ডির বিভিন্ন স্থানে সংগঠনের তত্ত্বাবধানে ২৩টি মণ্ডপে এবার জলকেলি উৎসবের আয়োজন করা হয়েছে। আজ বিকেল পাঁচটায় উৎসব শেষ হবে।