কক্সবাজারে পরিবহন শ্রমিকদের মানববন্ধন
চালকেরা ঘাতক নয়, সেবক। ঐক্যবদ্ধ সামাজিক আন্দোলনই সড়ক দুর্ঘটনা কমাতে পারে। এই স্লোগান নিয়ে ১৬ দফা প্রস্তাবনা বাস্তবায়নের দাবিতে গত বৃহস্পতিবার বেলা ১১টায় কক্সবাজার শহরের প্রধান সড়কে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ও সমাবেশ করেছে জেলা সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আওতাভুক্ত বাস, ট্রাক, ট্যাক্সি, টেম্পুসহ বিভিন্ন পরিবহন ইউনিয়ন। সমাবেশে বক্তব্য দেন জেলা সড়ক পরিবহন ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক জহির উল্লাহ, কক্সবাজার আন্তজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. শাহ আলম, সাধারণ সম্পাদক আবুল কালাম, জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি নঈমুল হক চৌধুরী, কক্সবাজার সড়ক ট্রাক, মিনি পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি ফজলুল করিম, আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সহসাধারণ সম্পাদক আবু তাহের সরওয়ার হাছান প্রমুখ। সভায় সড়ক দুর্ঘটনা রোধে চালকদের প্রশিক্ষণ, লাইসেন্স (অনুমতিপত্র) প্রদান, গাড়ির ফিটনেস প্রদানে বিআরটিএ কর্মকর্তাদের ঘুষ-দুর্নীতি বন্ধসহ ১৬ দফা প্রস্তাবনা তুলে ধরা হয়।