কক্সবাজারে পরিবেশ ধ্বংস করেই হচ্ছে সব
পর্যটন শহর কক্সবাজারের পাহাড়, সৈকত, নদী-খাল, সংরক্ষিত বনাঞ্চল, প্যারাবন দখল ও ধ্বংস করে তৈরি হচ্ছে শত শত বহুতল ভবন, বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, শিল্পকারখানাসহ নানা অবকাঠামো। এতে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। চিংড়িঘের নির্মাণ করতে ধ্বংস করা হচ্ছে প্যারাবন। তাতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বেড়িবাঁধ। ফলে এখন উপকূলের ২৫ লাখ মানুষ ঝুঁকির মুখে। প্রশাসনের ছত্রচ্ছায়ায় পরিবেশ ধ্বংস করেই এখানে সব হচ্ছে। পাহাড় কাটার ধুম: শহর ও শহরতলির বাইপাস সড়ক, জেলা কারাগার এলাকা, বাস টার্মিনাল, পাহাড়তলী, লারপাড়া, বৈদ্যেরঘোনা, ঘোনারপাড়া, সাহিত্যিকা পল্লী, বিনোদেরঘোনা, আদর্শগ্রাম, টেকনাইফ্যা পাহাড়সহ বিভিন্ন এলাকায় বর্তমানে পাহাড় কাটার ধুম পড়েছে। মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের নিয়োগ দিয়ে একশ্রেণীর প্রভাবশালী ব্যক্তি পাহাড় কাটাচ্ছেন বলে জানা গেছে। কক্সবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান বলেন, বৃষ্টি শুরু হলে বেশির ভাগ পাহাড় কাটা শুরু হয়। এর পরও পুলিশ মাঝেমধ্যে পাহাড়ে অভিযান চালায়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে পাহাড় কাটার সঙ্গে জড়িত লোকজন জঙ্গলে আত্মগোপন করে। বন বিভাগ সূত্র জানায়, বর্তমানে শহর ও শহরতলির ছয়-সাতটি পাহাড়ের প্রায় ৯০০ একর ভূমি অবৈধ দখলে চলে গেছে; যার বর্তমান বাজারমূল্য প্রায় ৭০০ কোটি টাকা। মূল্যবান একখণ্ড জমি দখল করার জন্য লোকজন হুমড়ি খেয়ে পড়ছে। কক্সবাজার পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) রাজবিহারী দাশ জানান, পাহাড় কাটার মাটি বৃষ্টি ও ঢলের পানিতে নেমে এসে শহরের নালা-নর্দমা ভরে গেছে। বৃষ্টির পানি নালা দিয়ে পাশের বাঁকখালী নদীতে নামতে পারছে না। ফলে প্রধান সড়কসহ পুরো শহরের অলিগলিতে হাঁটুসমান পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এতে পথচারীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এসব নালা-নর্দমা পরিষ্কার করতে পৌরসভাকে প্রচুর টাকা খরচ করতে হচ্ছে। দেখা গেছে, শহরের বৈদ্যেরঘোনা, ঘোনাপাড়া, পাহাড়তলী, লাইটহাউসপাড়া, সৈকতপাড়া, বাস টার্মিনাল, লারপাড়া, কলাতলী, আদর্শগ্রামসহ বিভিন্ন এলাকায় পাহাড়চূড়া ও খাদে তৈরি করা হয়েছে অন্তত ১৫ হাজার বসতবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। এসব বসতবাড়িতে ঝুঁকি নিয়ে বসবাস করে অন্তত এক লাখ মানুষ। বর্ষায় পাহাড় ধসে প্রতিবছর অন্তত ৩০-৪০টি ঘর বিধ্বস্ত হয়। মারা যায় অনেকে। গত তিন বছরে পাহাড়ধসে অন্তত ৮০ জনের মৃত্যু হয়েছে। সৈকত ও প্যারাবন দখল: বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল জানান, সংরক্ষিত বনের ভেতর ৪০টিরও বেশি ইটভাটা। কিন্তু কারও মাথাব্যথা নেই। অন্যদিকে টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়াসহ বিভিন্ন উপকূলীয় এলাকায় কোটি টাকা ব্যয়ে সৃজিত প্যারাবন ধ্বংস করে সেখানে তৈরি করা হচ্ছে চিংড়িঘের। প্যারাবন উজাড় হওয়ায় সমুদ্রের ঢেউ সরাসরি আঘাত হানছে বেড়িবাঁধে। শত কোটি টাকা ব্যয়ে নির্মিত বেড়িবাঁধও রক্ষা করা যাচ্ছে না। বেড়িবাঁধ ভেঙে যাওয়ায় উপকূলের প্রায় ২৫ লাখ মানুষ ঝুঁকির মুখে পড়েছে। উপকূলীয় বন বিভাগের সহকারী বন সংরক্ষক এম এ হাসান জানান, চিংড়িঘেরের জন্য মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া, টেকনাফসহ বিভিন্ন স্থানে অন্তত ১০ হাজার একর প্যারাবন ধ্বংস করা হয়েছে। এ ব্যাপারে চার শতাধিক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে ৫০০ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ মামলা করলেও অবৈধ দখলে চলে যাওয়া প্যারাবন উদ্ধার করা যাচ্ছে না। উচ্চ আদালত থেকে জামিন নিয়ে প্রভাবশালী ব্যক্তিরা এসব প্যারাবনে চিংড়ি চাষ অব্যাহত রেখেছেন। উখিয়া উপজেলার পাথুরে সৈকত নামে পরিচিত ইনানী সৈকত দখল করেও নানা স্থাপনা তৈরির হিড়িক পড়েছে। জমি দখল করতে উজাড় করছে ঝাউবন। এতে জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। সাত নদীর পানি দূষিত: কক্সবাজার ও বান্দরবান জেলার প্রধান তিনটি নদী—সাঙ্গু, মাতামুহুরী ও বাঁকখালীসহ ছোটখাটো সাতটি নদীর দুই তীরে তামাক চাষের কারণে পানি দূষিত হয়ে মাছসহ জলজ প্রাণীর মৃত্যু হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে কক্সবাজার বন বিভাগের এক কর্মকর্তা জানান, তামাক-চুল্লির কারণে বনাঞ্চল রক্ষা করা যাচ্ছে না। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. নুরুল আলম নিজামী বলেন, ‘পাহাড় কাটা, সৈকত দখলসহ নানা অবৈধ কাজ বন্ধে প্রশাসন তৎপর। পরিবেশ বা বন বিভাগ চাইলে আমরা ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়ে অভিযান চালাতে রাজি। কিন্তু কোথায় কী হচ্ছে সংশ্লিষ্ট বিভাগ থেকে জেলা প্রশাসনকে অবগত করা দরকার।’ পরিবেশ আইন কী বলে: সূত্র জানায়, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনমূলে (১৯৯৫ সালের ১ নম্বর আইন) কক্সবাজার সমুদ্রসৈকতসহ টেকনাফ পর্যন্ত সমুদ্র উপকূলের কলাতলী, ইনানী, হিমছড়ি, প্যাঁচারদ্বীপ, সোনাদিয়া, ঘটিভাঙ্গা, টেকনাফ, সেন্ট মার্টিন দ্বীপ এলাকাকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইকুলজিক্যাল ক্রিটিক্যাল এরিয়া) ঘোষণা করে এখানে সব ধরনের অবকাঠামো নির্মাণ, মাটির পরিবর্তন, জীববৈচিত্র্য ধ্বংস, বন্য প্রাণী শিকার, শামুক-ঝিনুক, প্রবাল, শৈবাল পাথর আহরণ, সরবরাহ, বিপণন, ভূমি ও পানির প্রাকৃতিক বৈশিষ্ট্য নষ্ট বা পরিবর্তন, মাটি, পানি, বায়ু ও শব্দদূষণকারী শিল্প বা প্রতিষ্ঠান নির্মাণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আবহাওয়াবিদ মো. রাশেদুজ্জামান জানান, জলবায়ু পরিবর্তনের ফলে বঙ্গোপসাগর ক্রমেই উত্তাল হয়ে উঠছে। ২০০৮ সালের ৭ জানুয়ারি থেকে ২০০৯ সালের ১০ নভেম্বর পর্যন্ত প্রায় ২২ মাসে বঙ্গোপসাগরে ছয়টি ঘূর্ণিঝড়সহ ১০৯টি লঘু ও নিম্নচাপ সৃষ্টি হয়েছে। বঙ্গোপসাগরে পানির তাপমাত্রা বাড়তে থাকায় উপকূলীয় অঞ্চল ক্রমান্বয়ে ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।