কক্সবাজারে পাঁচ শতাধিক সম্ভাব্য প্রার্থীর দৌড়ঝাঁপ
‘রাজাপালংয়ের পারিবারিক শৃঙ্খল ভেঙে স্বজনপ্রীতি, দখলনীতি ও দুর্নীতি প্রতিরোধ এবং গরিবের বিচার নিশ্চিত করতে আগামী ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সহযোগিতা করুন।’ এটি উখিয়া বাস স্টেশনের দেয়ালে লাগানো একটি পোস্টারে লেখা আবেদন। এ আবেদন উখিয়ার রাজাপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক ওরফে আজাদের। এ রকম নানান আবেদন-নিবেদন ও দোয়া প্রার্থনার হাজারো পোস্টারে ছেয়ে গেছে কক্সবাজারের আট উপজেলার বিভিন্ন ইউনিয়ন, গ্রাম-মহল্লার গলি-উপগলি। পোস্টার লাগানো ও দোয়া প্রার্থনা দেখে অনেকটা অবাক হন জালিয়াপালং ইউনিয়নের পান বিক্রেতা সোনা আলী (৬৬)। তিনি জানতে চান—‘বাজান, এমপি আর উপজেলা নির্বাচনত অই (শেষ) গিয়ে। এহন আবার কিয়র (কীসের) নির্বাচন? গাছত গাছত এত পোস্টার লাগার কিল্যাই। ঘরে ঘরে আই পোয়া-চায় (ছেলেপেলে) দোয়া চার কিল্লাই?’ প্রসঙ্গত, আগামী বছর জানুয়ারি-ফেব্রুয়ারিতে দেশের উপকূলীয় জেলাসমূহের মেয়াদোত্তীর্ণ ইউনিয়ন পরিষদ ও পৌরসভাগুলোতে নির্বাচন হওয়ার কথা রয়েছে। জানা গেছে, নির্বাচনকে ঘিরে কক্সবাজার জেলার আট উপজেলার ৬৭ ইউনিয়ন ও চারটি পৌরসভায় পাঁচ শতাধিক সম্ভাব্য চেয়ারম্যান-সদস্য (মেম্বার) এবং মেয়র-কাউন্সিলর প্রার্থী আগাম প্রচারণা শুরু করেছেন। ঈদের কয়েকদিন আগে থেকে রঙিন পোস্টার সাঁটা এবং ঘরে ঘরে ঈদকার্ড পাঠানোর মাধ্যমে ভোটারদের কাছে শুভেচ্ছা পৌঁছে দেন তাঁরা। অনেকে সড়কে স্থাপন করেছেন একাধিক তোরণ ও ব্যানার। ঈদের দ্বিতীয় দিন থেকে ঘরে ঘরে গিয়ে কুশল বিনিময় করছেন ভোটারদের সঙ্গে। এ সময় ভোটারদের আগামী নির্বাচনে প্রার্থী হওয়ার ইচ্ছার কথা জানাতেও ভোলেননি তাঁরা। কক্সবাজার শহর থেকে টেকনাফ যাবার পথে প্রায় ৯৫ কিলোমিটার দীর্ঘ মহাসড়কের পাশে স্থাপিত বৈদ্যুতিক খুঁটি, বাসাবাড়ির দেয়াল ও গাছে গাছে ঝুলতে দেখা গেছে বর্ণিল পোস্টার। বিভিন্ন ইউনিয়নের অলিগলি, গ্রাম-গঞ্জে এখনো শোভা পাচ্ছে এসব পোস্টার। উখিয়া স্টেশন চত্বরে স্থানীয় দোকানদার আবদুর রহিম (৩৪) জানান, ঈদের কয়েকদিন আগে সম্ভাব্য প্রার্থীরা এসব পোস্টার সাঁটেন। তাঁরা হাট-বাজারে, বাসাবাড়িতে গিয়ে ভোটারদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। অনেকে গরিব ভোটারদের সাহায্য হিসেবে চাল, কাপড় ও নগদ টাকা দিয়েছেন। কেউ কেউ গরু, ছাগল জবাই করে মেজবান দিয়েছেন।সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া চেয়ে পোস্টার সাঁটেন উখিয়া উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাসেল উদ্দিন, যুবলীগ নেতা মোহাম্মদ ইব্রাহিম, আমির হোসেনসহ অনেকে।জানতে চাইলে রাজাপালং ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক বলেন, ‘আগামী ডিসেম্বরের শেষের দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচন হওয়ার কথা। সেই নির্বাচনে অবশ্যই প্রার্থী হবো। বলতে পারেন, এ পোস্টার দিয়েই আমার নির্বাচনী কার্যক্রম শুরু হলো।’টেকনাফ সদর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে পোস্টার সেঁটেছেন উপজেলা ছাত্রলীগ সভাপতি নুরুল আলমসহ অনেকেই। জানতে চাইলে নুরুল আলম বলেন, ‘ঈদের শুভেচ্ছার পাশাপাশি চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছাটা ভোটারদের জানাতে পোস্টার ছেপেছি। সমাজে যে অন্যায়, অবিচার, দুর্নীতি—তা ঠেকানোর জন্যই চেয়ারম্যান প্রার্থী হব।’ নুরুল আলমের বাবা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. শফি ওরফে শফি মেম্বার বলেন, ‘জনগণের আশা-আকাঙ্ক্ষা পূরণ করতে ছেলে চেয়ারম্যান প্রার্থী হচ্ছেন। তাই ঈদের প্রথম দিন থেকে পর পর তিন দিন কয়েক হাজার মানুষকে মেজবান খাইয়েছি।’ এ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান জাফর আলম, সাবেক চেয়ারম্যান আলী আহমদসহ বেশ কয়েকজন প্রার্থীও মাঠে নেমেছেন।জানা গেছে, টেকনাফের সাবরাং ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান হামিদুর রহমান, সম্ভাব্য প্রার্থী হিসেবে জাহেদ হোসেন, মো. হাশেম, সোলতান আহমদ, হাবিবুর রহমান ও সোনা আলী নির্বাচনী তৎপরতা শুরু করেছেন। মহেশখালীর বিচ্ছিন্ন দ্বীপ মাতারবাড়ি ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আওয়ামী লীগ নেতা এনামুল হক চৌধুরীর সমর্থনে ১৭ সেপ্টেম্বর বিকেলে নির্বাচনী শোভাযাত্রা বের করা হয়। এনামুল হক চৌধুরী বলেন, ‘এলাকার উন্নয়ন ও জনসাধারণের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে প্রার্থী হতে চাই। ইতিমধ্যে ইউনিয়নের প্রতিটি ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেছি।’ এনামুল হক ছাড়াও ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান নুরুল ইসলামসহ ১০-১২ ব্যক্তি সম্ভাব্য প্রার্থী হিসেবে তৎপরতা চালাচ্ছেন বলে জানা গেছে। মেয়র-কাউন্সিলর প্রার্থীরাও মাঠে ইউনিয়ন পরিষদের মতো মাঠে নেমেছেন জেলার চারটি পৌরসভার (কক্সবাজার, টেকনাফ, চকরিয়া ও মহেশখালী) সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর প্রার্থীরাও। বাহারি তোরণ, ব্যানার ও পোস্টার সাঁটানোর পাশাপাশি ঘরে ঘরে গিয়ে তাঁরাও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। দিচ্ছেন উন্নয়নের আশ্বাস।কক্সবাজার পৌরসভার প্রধান সড়কে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কক্সবাজার পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান প্রতিদিন একাধিক সভা-সমাবেশ করে নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিচ্ছেন। তাঁর পাশাপাশি মাঠে নেমেছেন পৌরসভার চারবারের নির্বাচিত মেয়র নুরুল আবছার, বর্তমান ভারপ্রাপ্ত মেয়র সরওয়ার কামাল, আওয়ামী লীগ নেতা রাশেদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল খালেদ, রাশেদুল ইসলাম, পৌরসভা বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী। চকরিয়া পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা জাফর আলম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম হায়দার, ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল করিম ওরফে সাঈদী, পৌর আওয়ামী লীগের আহ্বায়ক এ কে এম গিয়াস উদ্দিন, জামায়াতের আবু নঈম ওরফে আজাদ ও ব্যাংকার জাফর আলম। প্রচারণায় আছেন অর্ধশতাধিক কাউন্সিলর প্রার্থীও। ফজলুল হক ওরফে সাঈদী রমজানে নিজেকে মেয়র প্রার্থী ঘোষণা দিয়ে ৯ নম্বর ওয়ার্ড থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। ইতিমধ্যে তিনি চার হাজার পরিবারে নগদ টাকা, শাড়ি, লুঙ্গি ও থামি বিতরণ করেছেন। মহেশখালী পৌরসভায় মাঠে আছেন বর্তমান মেয়র ও আওয়ামী লীগ নেতা সওয়ার আজম ছাড়াও বর্তমান কাউন্সিল পূর্ণচন্দ্র দে ও মকসুদ মিয়া। কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য আবদুর রহমানের চাচা মোহাম্মদ ইসলাম কোম্পানি, তাঁর ছোট ভাই আবদুল আমিন প্রার্থী হওয়ার কথা শোনা যাচ্ছে।