কক্সবাজারে পানিবন্দী তিন লাখ মানুষের দুর্ভোগ বাড়ছে
বৃষ্টিপাত বন্ধ থাকায় এবং জমে থাকা পানি নেমে যাওয়ায় কক্সবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নেওয়া লোকজন গতকাল সোমবার সকাল থেকে নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছে। তবে অনেক জায়গা থেকে বন্যার পানি এখনো সরে না যাওয়ায় তিন লাখের বেশি মানুষ পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। সাত দিন ধরে টানা ভারী বর্ষণ ও পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিতে জেলার আট উপজেলার অন্তত সাত লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল করিম জানান, উপজেলার ১১টি ইউনিয়নের অন্তত দুই লাখ মানুষ সাত দিন বন্যার পানিতে ডুবে ছিল। মাতামুহুরী নদীর পানি নেমে যাওয়ায় গতকাল ১০টির বেশি গ্রাম থেকে পানি সরে গেছে। নতুন করে বৃষ্টি না হলে দুই-তিন দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে উঠবে। তবে এখনো ২০টির বেশি গ্রামের লাখো মানুষ পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। এসব এলাকার ঘরে ঘরে ডায়রিয়াসহ নানা রোগ ও খাদ্যাভাব দেখা দিয়েছে। গতকাল সকালে সদর উপজেলার বাংলাবাজার, খুরুলিয়া, ঝিলংজাসহ বিভিন্ন গ্রাম ঘুরে দেখা গেছে, বন্যার পানি দ্রুত নেমে যাচ্ছে। পানির সঙ্গে ভেসে যাওয়া মাছ ধরতে লোকজন ছোটাছুটি করছে। বন্যার পানিতে তলিয়ে গিয়ে জেলায় সাত হাজারের বেশি চিংড়িঘের ও পুকুরের শত কোটি টাকার মাছ ভেসে গেছে বলে সংশ্লিষ্ট ঘের ও পুকুরমালিকেরা জানান। জেলা মৎ স্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, সাত দিনের বন্যায় টেকনাফ, উখিয়া, রামু, সদর, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় ৪০ হাজার একরে প্রায় সাত হাজার চিংড়িঘের ও পুকুর বিলীন হয়েছে। এতে ৫০ হাজারের বেশি চাষির আর্থিক ক্ষতি হয় প্রায় ১১০ কোটি টাকা। ক্ষয়ক্ষতির বিষয়টি ঊর্ধ্বতন মহলকে জানানো হয়েছে। বন্যার পানি নেমে যাওয়ায় গত রোববার থেকে টেকনাফ-কক্সবাজার মহাসড়কে যানবাহন চলাচল শুরু হয়েছে। বন্যার পানিতে নিমজ্জিত থাকায় এই সড়কে গত সাত দিন যানবাহন চলাচল বন্ধ ছিল। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, এ পর্যন্ত বন্যাদুর্গত এলাকায় ৮০টির বেশি মেডিকেল টিম সক্রিয় রাখা হয়েছে। দলের সদস্যরা ক্ষতিগ্রস্তদের মাঝে বিনা মূল্যে খাবার স্যালাইন, পানি বিশুদ্ধকরণের বড়িসহ প্রয়োজনীয় ওষুধ সরবরাহ দিচ্ছেন। জেলা সিভিল সার্জন কার্যালয়ে নিয়ন্ত্রণকক্ষ খুলে এসব কার্যক্রম নিয়ন্ত্রণ করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, সাগরের উত্তাল অবস্থা কেটে যাওয়ায় ৩ নম্বর সতর্কসংকেত তুলে নেওয়া হয়েছে। তবে জেলার বিভিন্ন উপজেলায় ৮০টির বেশি ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে শতাধিক গ্রাম প্লাবিত হচ্ছে। পাউবো (পানি উন্নয়ন বোর্ড) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে ৮০টির বেশি জায়গায় বিলীন হওয়া ৩৩ কিলোমিটারের মতো ভাঙা বাঁধ এই বর্ষায় মেরামত করা সম্ভব নয়। আগস্ট-সেপ্টেম্বর মাসে এসব বাঁধ নির্মাণ কিংবা মেরামত করা হবে। জেলা প্রশাসন সূত্র জানায়, বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা এখনো চূড়ান্ত করা যায়নি। তবে ক্ষতির পরিমাণ হাজার-কোটিতে দাঁড়াতে পারে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত নগদ পাঁচ লাখ ৭০ হাজার টাকা, ১৮১ মেট্রিক টন চালসহ বিপুল পরিমাণ চিড়া, গুড় বিতরণ করা হয়েছে। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও ব্যক্তিবিশেষ বন্যার্তদের মাঝে ত্রাণ তৎ পরতা চালাচ্ছে।