কক্সবাজারে পাহাড় কাটার মহোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার সদর উপজেলার ​ি​পএমখালী ইউনিয়নের তোতোকখালীতে চলছে পাহাড় নিধন। পাহাড়ের মাটি কেটে নেওয়ার সময় মাটিভর্তি একটি ট্রাক আটক করেন পরিবেশ অধিদপ্তরের কর্মীরা। ছবিটি ৭ সেপ্টেম্বর তোলা l প্রথম আলো
কক্সবাজার সদর উপজেলার ​ি​পএমখালী ইউনিয়নের তোতোকখালীতে চলছে পাহাড় নিধন। পাহাড়ের মাটি কেটে নেওয়ার সময় মাটিভর্তি একটি ট্রাক আটক করেন পরিবেশ অধিদপ্তরের কর্মীরা। ছবিটি ৭ সেপ্টেম্বর তোলা l প্রথম আলো

কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ের অন্তত ২৫টি অংশে পাহাড় কাটার মহোৎসব চলছে। পাহাড় কাটার মাটি ট্রাক বোঝাই করে বিক্রি হচ্ছে বিভিন্ন স্থানে। এলাকার কতিপয় প্রভাবশালী ব্যক্তি বনকর্মীদের যোগসাজশে পাহাড় নিধন চালাচ্ছেন। এতে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।

গত বৃহস্পতিবার বেলা ১১টায় পিএমখালী ইউনিয়নের বন বিভাগের মালিকানাধীন জুমছড়ি পাহাড়ে গিয়ে দেখা গেছে, ১০-১২ জন লোক বৃষ্টিতে ভিজে পাহাড় কাটছেন। কিছু লোক পাহাড় কাটার মাটি ট্রাকে বোঝাই করছেন। এ সময় বন বিভাগের কাউকে এলাকায় দেখা যায়নি।

পাহাড় কাটার শ্রমিক কাদির হোসেন (৪০) জানান, সোনা আলী নামের এক ব্যক্তি তাঁদের দিনে ৩৫০ টাকা মজুরিতে নিয়োগ দিয়েছেন। পাঁচ দিন ধরে তাঁরা পাহাড় কাটছেন। কেউ বাধা দিচ্ছে না।

একই ইউনিয়নের পরানিয়ারপাড়া পাহাড়ের চারটি অংশে, তোতোকখালীর পাঁচটি অংশে, তেতৈয়ার তিনটি, পুতুলিরমার ঢালায় দুটি, ছনখোলার তিনটি, কাঁঠালিয়ার মুরার তিনটি, মোহসোনিয়া পাড়ার পাঁচটিসহ অন্তত ২৫টি অংশে বনভূমি উজাড় করে লোকজনকে পাহাড় কাটতে দেখা গেছে।

শ্রমিকেরা জানান, স্থানীয় সোনা আলী, বজল আহমদ, মোবাশ্বের, ছালামত, ওবায়দুল, আলম, রাসু, শিবলুসহ অন্তত ৪০ ব্যক্তি বহু শ্রমিক নিয়োগ দিয়ে সরকারি উঁচু পাহাড় নিধন করছেন। পাহাড় নিধনকারী প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা থাকলেও তাঁরা ধরা পড়েন না। পাহাড় কাটাও বন্ধ হচ্ছে না। ফলে বনাঞ্চল উজাড়ের পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।

সরেজমিন ঘুরে এসে পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি দীপক শর্মা বলেন, পিএমখালীর সাতটির বেশি উঁচু পাহাড়ের অন্তত ২৫টি অংশে পাহাড় কাটার মহোৎসব চলছে। দিনরাত সমানে পাহাড় নিধন চললেও বাধা দেওয়ার যেন কেউ সেখানে নেই।

কক্সবাজার (উত্তর) বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কেরামত আলী বলেন, পিএমখালীতে পাহাড় কাটার খবর পেলেই বন বিভাগ অভিযান চালায়। এ সময় ডাম্পারসহ পাহাড় কাটার সরঞ্জাম জব্দ হলেও নিধনকারীদের ধরা সম্ভব হয় না। কারণ, বনকর্মীদের উপস্থিতি দেখে তাঁরা জঙ্গলে আত্মগোপন করে। নিধনকারীরা এখন কৌশল পাল্টে রাতের বেলায় পাহাড় কাটছেন।

পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সর্দার শরিফুল ইসলাম বলেন, পিএমখালীর একাধিক স্থানে পাহাড় কাটার খবর পেয়ে গত বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তরের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। ওই দিন দুপুরে দলটি পিএমখালীর তোতোকখালী পাহাড়ে অভিযান চালিয়ে মাটিবোঝাই একটি ডাম্পার (মিনি ট্রাক) জব্দ করা হয়।

এ সময় ডাম্পারের মালিক নুরুল হকসহ অন্যরা জঙ্গলে আত্মগোপন করেন।

সর্দার শরিফুল ইসলাম বলেন, দিনরাত সমানে পিএমখালীর একাধিক পাহাড় নিধন হচ্ছে। নিয়মিত অভিযান চালিয়েও পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। বর্ষার সময় পাহাড় কাটা হচ্ছে বেশি। পরিবেশ অধিদপ্তর ইতিমধ্যে পিএমখালীর পাহাড় কাটার সময় ১০টি ডাম্পার জব্দসহ ভূমিদস্যু সোনা আলী, বজল আহমদ, মোবাশ্বেরসহ ২০ ব্যক্তির বিরুদ্ধে পৃথক তিনটি মামলা করেছে। তবু পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। পাহাড় কাটা বন্ধ করতে হলে বন বিভাগকে সড়কে চেকপোস্ট বসিয়ে নজরদারি বাড়াতে হবে।