কক্সবাজারে পাহাড় কেটে মাটি পাচার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীতে পাহাড় নিধন চলছে। প্রকাশ্যে পাহাড় কেটে মাটি পাচার করা হলেও কোনো ব্যবস্থা নিচ্ছে না বন বিভাগ ও পরিবেশ অধিদপ্তর। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি জীববৈচিত্র্যও ধ্বংস হচ্ছে।
পরিবেশবাদী সংগঠন কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক চঞ্চল দাশ গুপ্ত জানান, গত কয়েক মাস ধরে স্থানীয় প্রভাবশালী লোকজন পিএমখালী ইউনিয়নের ছনখোলা, দিঘির ঘোনা, তোতকখালী, জুমছড়ি, তেতৈয়া, পরানিয়াপাড়া, কাঁঠালিয়া মুরা, ডেহেরিয়া ঘোনা, মুহসিনিয়াপাড়া, ধাওনখালী, ঘোনারপাড়াসহ বিভিন্ন এলাকায় পাহাড় কাটছেন।
প্রকাশ্যে পাহাড় কাটার মাটি মিনি ট্রাকে (ডাম্পার) পাচারও করা হচ্ছে। এরপরও পরিবেশ অধিদপ্তর কিংবা বন বিভাগ কোনো পদক্ষেপ নেয়নি।
কক্সবাজার শহর থেকে উত্তর দিকে ৩০ কিলোমিটার গেলে পিএমখালী এলাকার পারানিয়াপাড়া। সম্প্রতি ওই এলাকায় গিয়ে দেখা যায়, এখানে বিশাল পাহাড়ের দুই-তৃতীয়াংশ কেটে ফেলা হয়েছে। প্রকাশ্যে দিনের বেলায় শ্রমিকেরা পাহাড় কাটছিলেন। পাশাপাশি পাহাড় কাটার মাটি ট্রাকে বোঝাই করে পাচারও করা হচ্ছিল।
স্থানীয় লোকজন অভিযোগ করেন, বন বিভাগের কিছু অসাধু কর্মকর্তার সহায়তা নিয়ে এলাকার প্রভাবশালী ১৭ জন ব্যক্তি পাহাড় কাটছেন। তাঁরাই ট্রাক বোঝাই করে পাহাড় কাটার মাটি বিভিন্ন স্থানে বিক্রি করছেন।
এ বিষয়ে বন বিভাগের পিএমখালী রেঞ্জ কর্মকর্তা আকরাম আলী বলেন, পরানিয়াপাড়া, ছনখোলা দিঘির ঘোনা, তোতকখালী, জুমছড়ি, তেতৈয়াসহ বিভিন্ন এলাকায় পাহাড় কাটছেন স্থানীয় কয়েকজন ডাম্পার মালিক।
পাহাড় কাটা বন্ধ করতে গেলে বনকর্মীদের গাড়িচাপা দিয়ে হত্যার হুমকিও দিয়েছেন তাঁরা। তাঁরা প্রভাবশালী হওয়ায় বন বিভাগের লোকজন ব্যবস্থা নিতে পারছেন না।