কক্সবাজারে প্রতিমা তৈরির ধুম
সনাধন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা ১৩ অক্টোবর শুরু হচ্ছে। এ উপলক্ষে কক্সবাজারে প্রতিমা তৈরির ধুম পড়েছে। কারিগরদের দম ফেলার ফুরসত নেই। সরস্বতী বাড়ি মন্দিরে দেখা গেছে, পূজা উপলক্ষে তৈরি হয়েছে শতাধিক প্রতিমা। কারিগর বাবুল ভট্টাচার্য (৪০), তাঁর বাবা নেপাল ভট্টাচার্য (৭০) ও তিন কর্মী প্রতিমার গায়ে সাদা রং লাগাচ্ছেন। বাবুল ভট্টাচার্য ২০ বছর ধরে এ জেলায় প্রতিমা তৈরি করে আসছেন। তিনি জানান, কক্সবাজারে এবারও দুই শতাধিক মণ্ডপে পূজা হবে। এসব মণ্ডপের জন্য প্রতিমা তৈরি করা হচ্ছে। প্রায় সবই তাঁকে তৈরি করতে হবে। তিনি ছাড়া প্রতিমা তৈরির আর তেমন কেউ নেই। বাবুল ভট্টাচার্যের বাবা নেপাল ভট্টাচার্য ৪০ বছর প্রতিমা তৈরি করে অবসর নেন। কিন্তু ছেলের ব্যস্ততার কারণে তাঁকেও প্রতিমা গড়ার কাজে সহযোগিতা করতে হচ্ছে। শহরের সরস্বতী বাড়ি মন্দিরের পুরোহিত স্বপন ভট্টাচার্য বলেন, বাবার কাছেই বাবুল ভট্টাচার্যের কাজ শেখা। প্রতিমা তৈরি করে সারা বছরের সংসার চলে তাঁর। সংশ্লিষ্ট লোকজন জানান, শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে রামুর বাঁকখালী নদী থেকে মাটি কিনে এনে প্রতিমা তৈরি করতে হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজন হয় কাঠ, সুতা, ঘাস, রং, কাপড় ও মুকুট। এক সেট প্রতিমা তৈরি করতে তিন-চারজনের পাঁচ দিন সময় লাগে। প্রতি সেটে দুর্গার সঙ্গে থাকে অসুর, সিংহ ও মহিষ। থাকে গণেশ, সরস্বতী, কার্তিক, লক্ষ্মীর প্রতিমা। প্রতি সেট প্রতিমা ( ছোট-বড়) তৈরি করতে তাঁর খরচ হয় আট থেকে ২০ হাজার টাকা। বিক্রি হয় ১২-৫০ হাজার টাকা। সব খরচ বাদ দিলে প্রতি সেটে তাঁর লাভ থাকে চার থেকে ৩০ হাজার টাকা। জেলা দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক উদয় শংকর পাল জানান, সামপ্রদায়িক সমপ্রীতির শহর কক্সবাজারে প্রতি বছর মহাধুমধামে পূজা উদ্যাপিত হয়। প্রতিমা বিসর্জনের দিন সমুদ্রসৈকতে প্রায় দেড় লাখ মানুষের মহাসম্মিলন ঘটে। এর পেছনে বাবুলের অবদানকে অস্বীকার করা যায় না। জেলায় দুই শতাধিক মণ্ডপজেলার সাত উপজেলায় (মহেশখালী ছাড়া) এবারও দুই শতাধিক পূজামণ্ডপে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে। গত বছর জেলায় মণ্ডপ তৈরি হয়েছিল ২০৩টি। শহরের কালীবাড়ি, সরস্বতী বাড়ি মন্দিরসহ কয়েকটি মণ্ডপ পরিদর্শন করে উৎসবের নানা প্রস্তুতি নিতে দেখা গেছে। সরস্বতী বাড়িসহ যেসব মন্দিরে প্রতিমা রাখা হয়েছে, তাতে এখন থেকে পুলিশ পাহারা বসানো হয়েছে। পুলিশ সুপার নিবাসচন্দ্র মাঝি জানান, ‘কঠোর নিরাপত্তায় এবার জেলায় দুর্গাপূজা উদ্যাপন করা হবে। ইতিমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিমা বিসর্জনের দিনে সমুদ্রসৈকতে লাখো মানুষের সমাগম ঘটে। এ দিনে বিশেষ নিরাপত্তাবলয় তৈরি করা হবে।’