কক্সবাজারে প্রতিমা তৈরির ধুম
আগামী ২ অক্টোবর থেকে দুর্গাপূজা। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে দেশের সর্ববৃহৎ বিসর্জন অনুষ্ঠানকে সফল ও নিরাপদ করতে পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট মহল ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। শহরের বিভিন্ন স্থানে প্রতিমা তৈরির ধুম পড়েছে। প্রতিমা তৈরির কারিগরেরা শেষ মুহূর্তে এসে দম ফেলার ফুরসত পাচ্ছেন না। গত শুক্রবার বিকেলে শহরের প্রাণকেন্দ্র লালদীঘির পাড়ের শত বছরের পুরোনো প্রতিষ্ঠান সরস্বতী বাড়ি মন্দিরে গিয়ে দেখা গেছে, পূজা উপলক্ষে তৈরি করা শতাধিক প্রতিমায় মন্দির প্রাঙ্গণ ভরপুর।বিভিন্ন এলাকা থেকে লোকজন এসে প্রতিমা দেখছেন। অনেকে মন্দিরে স্থাপনের জন্য প্রতিমা পছন্দ করে রাখছেন। এখানকার কারিগর বাবুল ভট্টাচার্য (৪২) জানান, দুই-তিন দিন পর এই প্রতিমার গায়ে লাল রং দিয়ে আসল চেহারা ফুটিয়ে তোলা হবে।শেষ দিনে সব প্রতিমা একত্র করে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকতে বিসর্জন দেওয়া হবে। দেশের সর্ববৃহৎ এই বিসর্জন উৎসবে দুই লাখের বেশি মানুষের সমাগম ঘটে। বাবুল ভট্টাচার্য ২২ বছর ধরে এই জেলায় প্রতিমা তৈরির কাজ করছেন।বাবুল ভট্টাচার্য জানান, কক্সবাজার জেলায় এবারও ২২৩টি মণ্ডপে পূজা উৎসব চলবে। এসব মণ্ডপের জন্য শতাধিক দুর্গাসহ নানা প্রতিমা তাঁকেই তৈরি করতে হচ্ছে। কক্সবাজার জেলা ছাড়াও দক্ষিণ চট্টগ্রামের পটিয়া, আনোয়ারা, লোহাগড়া, সাতকানিয়া, চান্দনাইশসহ বিভিন্ন স্থানে তাঁকে প্রতিমা তৈরির কাজ করতে হচ্ছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে রামু উপজেলার বাঁকখালী নদী থেকে মাটি কিনে এনে প্রতিমা তৈরি করতে হচ্ছে। সেই সঙ্গে প্রয়োজন হয় কাঠ, সুতলি, ঘাস, রং, কাপড় ও মুকুট। এক সেট প্রতিমা তৈরি করতে তিন-চার জনের পাঁচ দিন সময় লাগে। প্রতি সেটে দুর্গার সঙ্গে থাকে অসুর, সিংহ ও মহিষ। থাকে গণেশ, সরস্বতী, কার্তিক ও লক্ষ্মী প্রতিমা। প্রতি সেট প্রতিমা (ছোট-বড়) তৈরি করতে তাঁর খরচ হয় ১০ থেকে ২৮ হাজার টাকা। বিক্রি হয় ১৪ থেকে ৬০ হাজার টাকায়। সব খরচ বাদ দিলে প্রতি সেটে তাঁর লাভ থাকে পাঁচ থেকে ২০ হাজার টাকা। অন্য এলাকায় গিয়ে প্রতিমা তৈরি করতে হলে বাবুলকে অতিরিক্ত আট থেকে ১০ হাজার টাকা বেশি দিতে হয়।জেলা দুর্গাপূজা উদ্যাপন পরিষদের সভাপতি রণজিৎ দাশ জানান, সাম্প্রদায়িক সম্প্রীতির শহর কক্সবাজারে প্রতিবছর মহা ধুমধামে এই পুজা উদ্যাপিত হয়। প্রতিমা বিসর্জনের দিন সমুদ্রসৈকতে প্রায় দুই লাখের বেশি মানুষের মহাসম্মিলন ঘটে।পুলিশ সুপার সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর জানান, প্রতিটি মন্দিরে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্রসৈকতের বিসর্জন অনুষ্ঠানেও কঠোর নিরাপত্তাবলয় তৈরি করা হবে। এ জন্য অতিরিক্ত পুলিশ আনা হবে। টহলে রাখা হবে র্যাবসহ একাধিক নিরাপত্তা বাহিনীর সদস্যদের। ওই দিন শহরের প্রধান সড়কে যানজট নিরসনেও বিশেষ উদ্যোগ নেওয়া হবে।