কক্সবাজারে বন্ধ হচ্ছে না পাহাড় কাটা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরে পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। প্রতিনিয়ত কাটা হচ্ছে বড় পাহাড়। ইতিমধ্যে ১০টির বেশি পাহাড় কেটে তৈরি করা হয়েছে কয়েক হাজার বসতবাড়িসহ নানা অবকাঠামো।

 ২০ জানুয়ারি দুপুরে শহরের সার্কিট হাউস পাহাড়ে গিয়ে দেখা গেছে, বিশাল পাহাড় কেটে তৈরি করা হয়েছে সাত শতাধিক ঘরবাড়ি। এসব ঘরে বসবাস করছে হাজার হাজার মানুষ। অনেকে পাহাড় কেটে ঘরবাড়ি তৈরির জন্য সমতল করে রেখেছে। কিন্তু এসব দেখার যেন কেউ নেই। অনেকে আবার পাহাড় কেটে তৈরি করা ভূমি অবকাঠামো নির্মাণের জন্য চড়া মূল্যে বিক্রি করছেন বলে জানা গেছে।

সার্কিট হাউস পাহাড়ের পাদদেশে বসবাস করা কুতুবদিয়ার লেমশিখালী গ্রামের বাসিন্দা আবদুল মজিদ (৪৫) জানান, ১৯৯১ সালের ২৯ এপ্রিলের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তাঁর বসতঘর সাগরে বিলীন হলে তিনি গৃহহীন হয়ে পড়েন। এরপর স্ত্রী ও পাঁচ ছেলেমেয়ে নিয়ে তিনি কক্সবাজার শহরে চলে আসেন। শহরের বৈদ্যঘোনা পাহাড়ে পাঁচ বছর ধরে ভাড়া বাসায় থেকেছেন। কিছুদিন আগে এই পাহাড়ে এক গণ্ডা ( দুই শতক) জমি দেড় লাখ টাকায় কিনে ছোট একটি ঘর তৈরি করেছেন। এখান থেকে উচ্ছেদ করলে মাথা গোঁজার ঠাঁই কোথাও হবে না।

পাশের আরেক বাসিন্দা কেরামত উল্লাহ (৫০) বলেন, ‘মিয়ানমারের রোহিঙ্গারা একাধিক পাহাড় কেটে শত শত ঘরবাড়ি তৈরি করে অবৈধ বসতি করছে। তাদের উচ্ছেদ নিয়ে কারও মাথাব্যথা নেই। আর আমরা ঘরবাড়ি হারিয়ে ফেলা দেশের জলবায়ু উদ্বাস্তুরা বসতি করলেই যত সমস্যা। সরকার আমাদের মাথা গোঁজার ঠাঁই করে দিলে আমরা পাহাড় ছেড়ে চলে যাব।’

শহরের লাইট হাউস, আদর্শগ্রাম, কলাতলী, পাহাড়তলী ও লারপাড়া পাহাড়ে গিয়েও একই চিত্র নজরে পড়ে। এখানকার একাধিক পাহাড় কেটে তৈরি করা হয়েছে আরও কয়েক হাজার ঘরবাড়ি। এর মধ্যে গত দুই মাসে তৈরি করা হয়েছে পাঁচ শতাধিক ঘরবাড়ি।

স্থানীয় লোকজন জানান, গত বছরের ডিসেম্বর মাসে বিএনপিসহ ১৮ দলের টানা ২৪ দিন অবরোধ কর্মসূচি এবং জাতীয় সংসদ নির্বাচন নিয়ে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তারা ব্যস্ত থাকার সুযোগে একশ্রেণীর প্রভাবশালী শহরের আটটির বেশি উঁচু পাহাড় কেটে কয়েক হাজার ঝুপড়িঘর তৈরি করে ফেলেছেন। যা গত এক বছরেও হয়নি।

এদিকে ২১ জানুয়ারি শহরের লাইটহাউস পাহাড়ে যৌথ বাহিনী অভিযান চালিয়ে ২৫টি অবৈধ বসতঘর উচ্ছেদ করে। দখলমুক্ত করা হয় ৫০ একর জায়গা।

কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, নানা আন্দোলন কর্মসূচি পালন করেও পর্যটন শহরের পাহাড়গুলো রক্ষা করা যাচ্ছে না। আগে প্রশাসনের কর্মকর্তারা পাহাড় কাটার খবর পেলে ঘটনাস্থলে ছুটে যেতেন, এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ নানা রাজনৈতিক কর্মসূচি নিয়ে প্রশাসন ব্যস্ত থাকায় ভূমিদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে। এতে জীববৈচিত্র্য ধ্বংসের পাশাপাশি পরিবেশ ও প্রতিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছে। পরিবেশ অধিদপ্তর কক্সবাজারের সহকারী পরিচালক সরদার শরীফুল ইসলাম বলেন, ১৬ জানুয়ারি শহরের লাইটহাউস পাহাড়ে অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। পাহাড়কাটার সময় তাঁদের হাতেনাতে আটক করা হয়। কিন্তু জনবলসংকটের কারণে পাহাড় কাটা বন্ধ করা যাচ্ছে না। তিনি বলেন, গত বছরের আগস্ট মাসে শহরের লাইটহাউস, কলাতলীসহ ১৩টি উঁচু পাহাড় কাটার দায়ে ৭১ ভূমিদস্যুর বিরুদ্ধে কক্সবাজার সদর মডেল থানায় পৃথক ১৩টি মামলা করা হয়েছিল। এখন নতুন করে যাঁরা পাহাড় কেটেছেন এবং ওই পাহাড়ে ঘরবাড়ি তৈরি করেছেন, তাঁদের তালিকা তৈরি করে দ্রুত মামলা করা হবে।