কক্সবাজারে বন্যায় ক্ষতি হাজার কোটি টাকার সম্পদ
কক্সবাজার জেলার টেকনাফ, উখিয়া, কক্সবাজার সদর, রামু, চকরিয়া, পেকুয়া, কুতুবদিয়া ও মহেশখালী উপজেলায় এক সপ্তাহের বন্যায় মাছ, কৃষি ও যোগাযোগ অবকাঠামোসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এসব উপজেলার ৬০ ইউনিয়নে ক্ষয়ক্ষতির পরিমাণ হাজার কোটি টাকা হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে। ১৬-২২ জুলাই টানা সাত দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানির কারণে বন্যা ব্যাপক আকার ধারণ করে। এতে পানিবন্দী প্রায় আট লাখ মানুষের মধ্যে এখনো এক লাখেরও বেশি মানুষ বন্দী অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন মৎস্যজীবীরা। এ ছাড়া সামুদ্রিক জলোচ্ছ্বাস ও পাহাড়ি ঢলের আঘাতে উপকূলীয় প্রতিরক্ষা বেড়িবাঁধ ও অভ্যন্তরীণ সড়ক-উপসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। ঘরবাড়ির ক্ষতি হয়েছে প্রায় এক লাখ পরিবারের। খেতের ফসল, গৃহপালিত পশুপাখি ডুবে বা ভেসে গেছে ব্যাপক আকারে। জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) নুরুল আমিন নিজামী জানান, এখনও বহু জায়গায় বন্যার পানি থেকে যাওয়ায় পুরো জেলার তথ্য সংগ্রহ করা যায়নি। তবে দুই-একদিনের মধ্যে পুরো তালিকা হাতে আসতে পারে। তিনি জানান, বন্যাদুর্গতদের মাঝে নগদ টাকা, খাদ্যসহ ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দুর্গত এলাকায় ৮০টির বেশি মেডিকেল টিম সক্রিয় রয়েছে। ভেসে গেছে শত কোটি টাকার মাছ :রামু উপজেলার কচ্ছপিয়া এলাকার চাষি আবদুল গফুর (৪৫) জানান, প্রায় দুই লাখ টাকা দাদন নিয়ে তিন মাস আগে তিনি দুটি পুকুরে চার লাখ টাকার রুই ও তেলাপিয়া মাছের পোনা ছাড়েন। মাছগুলো রোজার মাসে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল। বন্যায় দুই পুকুরের সব মাছ ভেসে গেছে। বর্তমানে দাদনের টাকা কীভাবে শোধ করবেন ভেবে পাচ্ছেন না। চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম জানান, উপজেলার ১১টি ইউনিয়নের অন্তত শতাধিক ঘের বিলীন হয়ে পাঁচ কোটি টাকার চিংড়ি ভেসে গেছে। জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম রব্বানী জানান, টেকনাফ, উখিয়া, রামু, সদর, চকরিয়াসহ আটটি উপজেলায় ৪০ হাজার ১০১ একরের ছয় হাজার ৯৭৬টি চিংড়ি ঘের ও পুকুর তলিয়ে গেছে। এতে ৫০ হাজারের বেশি চাষির ৯৮ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে। ৩৫০ কিলোমিটার সড়ক সড়ক ও জনপথ (সওজ) বিভাগের আওতাধীন কক্সবাজার-টেকনাফ এবং কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের প্রায় ১৫০ কিলোমিটার এবং বিভিন্ন স্থানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়িত প্রায় ২০০ কিলোমিটার সড়ক ও উপসড়কের ব্যাপক ক্ষতি হয়েছে। মাটি সরে যাওয়ায় দুই মহাসড়কের ২০টির বেশি সেতু ও কালভার্ট ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় ২৫ কোটি টাকা। সওজ কার্যালয় সূত্র জানায়, ১৯-২২ জুলাই কক্সবাজার- টেকনাফ সড়কে যানচলাচল বন্ধ ছিল। চেইন্দা এলাকায় একটি কালভার্ট ভেঙে যায়। আরও কয়েকটি সেতু ঝুঁকিপুর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া, কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু, ঈদগাঁও, চকরিয়া এলাকায় ১০টির বেশি অংশে ভাঙন দেখা দেয়। সওজ বিভাগ কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম জানান, কক্সবাজার-চট্টগ্রাম ও কক্সবাজার-টেকনাফ মহাসড়কের ভাঙা অংশ ও ঝুঁকিপুর্ণ সেতুর মেরামত কাজ চলছে। অন্যান্য এলাকায় ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করা হচ্ছে। মারা গেছে দুই লাখ মুরগি জেলার সদর, উখিয়া, রামু, চকরিয়া, টেকনাফসহ আট উপজেলার বিভিন্ন স্থানে মারা গেছে প্রায় দুই লাখ মুরগি। কক্সবাজার পোলট্রি খামার মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফারুকুজ্জামান জানান, জেলার বিভিন্ন স্থানে সাড়ে তিন হাজার মুরগির খামারের (পোলট্রি) মধ্যে ঢলের পানিতে ভেসে মারা গেছে প্রায় দুই হাজার খামারের অন্তত দুই লাখ মুরগি। এতে ক্ষতি হয়েছে প্রায় ১৫ কোটি টাকা। বীজতলা ও ফসলের ব্যাপক ক্ষতি:বন্যায় সদর, রামু, চকরিয়া, টেকনাফসহ বিভিন্ন উপজেলায় অন্তত তিন হাজার ৭০০ হেক্টর আমন ধানের বীজতলা ও ফসলের ক্ষতি হয়েছে। নষ্ট হয়েছে আরও ১০ হাজার হেক্টরের শাকসবজির খেত। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলার বিভিন্ন স্থানে প্রায় চার হাজার হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে। এর মধ্যে চকরিয়া, রামু, টেকনাফ ও সদর উপজেলায় আউস ধানের বীজতলা নষ্ট হয়েছে এক হাজার ২০০ হেক্টর এবং আমনের বীজতলা দুই হাজার ৫০০ হেক্টর। কৃষি সমপ্রসারণ অধিদপ্তর কক্সবাজারের উপপরিচালক নুরুল ইসলাম জোয়ার্দার জানান, পুরো জেলার ক্ষয়ক্ষতির তালিকা চূড়ান্ত করতে আরও কয়েক দিন সময় লাগবে। নয় কিলোমিটার বেড়িবাঁধ বিলীন জেলার বিভিন্ন উপকূলে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বেড়িবাঁধ বিলীন হয়েছে প্রায় নয় কিলোমিটার। আংশিক ভেঙে গেছে আরও ১৩১ কিলোমিটার বাঁধ। ক্ষতি হয় ৩০টির বেশি স্লুইসগেট। এতে ক্ষতির পরিমাণ প্রায় আট কোটি টাকা।টেকনাফ, সদর, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়ায় বাঁধের ক্ষতি হয়েছে বেশি।পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানান, আগস্ট ও সেপ্টেম্বর মাসে (শুকনো মৌসুম) এসব ভাঙা বাঁধ নির্মাণ করা হবে।