কক্সবাজারে বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬৫০ পরিবারে নগদ অর্থ বিতরণ
কক্সবাজারে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার ৬৫০ পরিবারের মধ্যে প্রায় ৫০ লাখ টাকা বিতরণ করেছে আন্তর্জাতিক সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বেসরকারি উন্নয়ন সংস্থা মুক্তি-কক্সবাজার। ১১ থেকে ১৩ আগস্ট জেলার সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত উপজেলা চকরিয়া ও পেকুয়ার পাঁচটি ইউনিয়ন শিলখালী, সুরুজপুর-মানিকপুর, ফাঁসিয়াখালী, ডুলাহাজারা এবং খুটাখালীর বাসিন্দাদের মধ্যে এসব অর্থ বিতরণ করা হয়।
পেকুয়া উপজেলার একটি ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ৬২৫ পরিবারে তিন হাজার টাকা করে বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ। চকরিয়ার চারটি ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের হাতে অর্থ তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাফর আলম।
মুক্তি-কক্সবাজারের প্রধান নির্বাহী বিমলচন্দ্র সরকার জানান, সাম্প্রতিক জলোচ্ছ্বাস ও ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে জেলার আট উপজেলার ৭৭টি ইউনিয়নের প্রায় ছয় লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। সরকারের পাশাপাশি মুক্তি ও সেভ দ্য চিলড্রেনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের অর্থ বিতরণ করা হয়।