কক্সবাজারে বরফকলে নীরব চাঁদাবাজি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরসহ জেলার বিভিন্ন স্থানে স্থাপিত ছোট-বড় ৪২টি বরফকলে নীরব চাঁদাবাজি চলছে। চাঁদা দিতে অস্বীকার করলে ভয়ভীতি প্রদর্শনসহ প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। বিভিন্ন বরফকলে হামলা চালিয়ে মালামাল লুট ও ভাঙচুর করা হচ্ছে। মালিকদের মারধরের ঘটনা ঘটছে। কিন্তু প্রশাসন সন্ত্রাসীদের গ্রেপ্তার করে নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। এ কারণে বরফ উৎপাদন বন্ধ রাখা হলে বঙ্গোপসাগর থেকে আহরিত হাজার কোটি টাকার মাছ সংরক্ষণ দুষ্কর হয়ে পড়বে। কক্সবাজার বরফকল মালিক সমিতির সভাপতি মুজিবুর রহমান জানান, গত ২৩ অক্টোবর শহরের টেকপাড়া মাঝেরঘাট এলাকায় সন্ত্রাসী আবদুল আজিজ রাসেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হাসান বরফকলে হামলা চালিয়ে মালিক আবু কায়ছারকে গুরুতর আহত করে এবং স্বর্ণালংকারসহ নগদ কয়েক লাখ টাকা লুট করে। এ সময় সন্ত্রাসীরা তাঁর বাঁ হাত ভেঙে দেয়। ওই দিন রাতে কক্সবাজার সদর মডেল থানায় আবদুল আজিজ ওরফে রাসেলসহ ১২ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হলেও এখনো একজন ছাড়া মূল সন্ত্রাসী রাসেলকে ধরা সম্ভব হয়নি। এখন সন্ত্রাসী রাসেল এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে আরও বেপরোয়া হয়ে বরফকলে চাঁদাবাজি করছে। সন্ত্রাসীদের প্রাণনাশের হুমকিতে এলাকা ছাড়া স্থানীয় চারটি বরফকলের মালিক মো. আবু কায়ছার। মামলার বাদী ও বরফকলের আহত মালিক আবু কায়ছার জানান, চাঁদার দাবিতে সন্ত্রাসীরা তাঁকেসহ পরিবারের অন্য সদস্যদের নানাভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছে। দায়েরকৃত মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে তাঁকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। সন্ধ্যার পর থেকে সন্ত্রাসীরা এলাকায় অবৈধ অস্ত্রসহ মহড়া দিচ্ছে। এদিকে সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং নিরাপত্তার দাবিতে গত ২৬ অক্টোবর জেলা বরফকল মালিক সমিতির নেতারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর স্মারকলিপি পাঠিয়েছেন। এ সময় সমিতির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক আজিজুল হকসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। জেলা পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরেও স্মারকলিপির অনুলিপি পাঠানো হয়। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, থানায় মামলা করার পর সন্ত্রাসীরা আরও ক্ষিপ্ত হয়ে আহত বরফকল মালিক আবু কায়ছারসহ পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিচ্ছে। অবৈধ অস্ত্রশস্ত্র নিয়ে এলাকায় মহড়া দিলেও পুলিশ তাদের ধরতে পারছে না। এর আগে বরফকল মালিক সমিতির নেতারা সংবাদ সম্মেলন করে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং বরফকলসমূহে নিরাপত্তার নিশ্চিত করার দাবি জানান। অন্যথায় জেলার বিভিন্ন স্থানে স্থাপিত ৪২টি বরফকলে উৎপাদন বন্ধ রাখার হুমকি দেন তাঁরা।