কক্সবাজারের শিল্প উদ্যোক্তা আবুল কাসেম মিয়ানের নাগরিক স্মরণসভা ১৬ এপ্রিল বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন স্মরণসভা আয়োজক কমিটির আহ্বায়ক ফজলুল করিম। প্রধান অতিথি ছিলেন ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুুল মান্নান। বিশেষ অতিথি ছিলেন রামু কলেজের সাবেক অধ্যক্ষ মোশতাক আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাবেক সাংসদ লুৎফুর রহমান, অধ্যাপক সুমেশ্বর চক্রবর্তী, গণপূর্ত মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আহমদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফখরুল ইসলাম প্রমুখ।
স্মৃতিচারণা করেন কক্সবাজার পৌরসভার সাবেক চেয়ারম্যান নুরুল আবছার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান জি এম রহিমুল্লাহ, পৌরসভার সাবেক মেয়র সরওয়ার কামাল, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম সিদ্দিকী, কক্সবাজার হার্ভার্ড কলেজের অধ্যক্ষ সিরাজুল মোস্তফা, কক্সবাজার আদর্শ মহিলা কামিল মাদ্রাসার অধ্যক্ষ ফরিদ আহমদ চৌধুরী প্রমুখ। শুভেচ্ছা বক্তব্য দেন মরহুমের বড় ছেলে শিল্পোদ্যোক্তা জাহাঙ্গীর কাসেম।
বক্তারা বলেন, আবুল কাসেম মিয়ান আজীবন আপসহীন ছিলেন। জীবনের শেষ সময় পর্যন্ত তিনি মানবসেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। একমাত্র আল্লাহ ছাড়া জীবনে কারও কাছে মাথা নত করেননি। তিনি কক্সবাজারে বহুমাত্রিক পরিবর্তন এনেছেন। তাঁর মতো বরেণ্য ব্যক্তিত্ব সমাজে বিরল।