কক্সবাজারে বাদ পড়ছে আট হাজার রোহিঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের হালনাগাদ ভোটার তালিকায় রোহিঙ্গাদের অন্তর্ভুক্তি ঠেকাতে তৎপর রয়েছে প্রশাসন। তার পরও নানা কৌশলে তাঁরা ভোটার নিবন্ধন ফরম পূরণ করছেন। ইতিমধ্যে যাচাই-বাছাই কমিটি নিবন্ধিত ৪৩ হাজার ভোটারের মধ্যে প্রায় আট হাজার রোহিঙ্গা শনাক্ত করেছে। তাঁদের নাম বাদ দেওয়া হচ্ছে তালিকা থেকে।
এর সত্যতা নিশ্চিত করে জেলা প্রশাসক মো. রুহুল আমিন জানান, চার থেকে পাঁচ লাখ রোহিঙ্গা জেলার টেকনাফ, উখিয়া, সদর, রামু ও চকরিয়া উপজেলার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকার সুবাদে কৌশলে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হচ্ছেন। এর আগে অনেকে ভোটার হয়ে বাংলাদেশি পাসপোর্ট নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে পাড়ি জমিয়েছেন। সেখানে নানা অপকর্মে জড়িয়ে রোহিঙ্গারা বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছেন। তাই এবারের হালনাগাদ ভোটার তালিকার নিবন্ধন কার্যক্রমে রোহিঙ্গাদের ব্যাপারে বিশেষ সতর্কাবস্থা নেওয়া হয়েছে। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়ে কোনো রোহিঙ্গা যেন স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে মিশে যেতে না পারেন, সে জন্য সরকার সম্প্রতি ‘রোহিঙ্গা বিয়ে’ নিষিদ্ধ করেছে।
জেলা নির্বাচন কর্মকর্তা নুরুল হাসান ভূঁইয়া বলেন, সম্প্রতি জেলার ছয়টি উপজেলায় (টেকনাফ, উখিয়া, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়া) ৪৩ হাজার ১০৫ জনের তথ্য সংগ্রহ করা হয়েছে। বিশেষ কমিটি এসব তথ্য যাচাই–বাছাই করে ১১ হাজার ৫৩৪ জনকে তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্তত আট হাজার রোহিঙ্গা। অবশিষ্ট ব্যক্তিরা অপ্রাপ্তবয়স্ক।
জেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, প্রথম ধাপে মহেশখালী, কুতুবদিয়া ও টেকনাফ উপজেলার তথ্য সংগ্রহের কাজ শুরু হয় গত ১৫ থেকে ২৮ মে। ২৬ মে থেকে ১৫ জুলাই এই তিন উপজেলায় ছবি তোলার কাজ শেষ হয়। দ্বিতীয় ধাপে উখিয়া, চকরিয়া ও পেকুয়া উপজেলার তথ্য সংগ্রহের কাজ শেষ হয় ১৫ থেকে ২৪ জুন। এসব উপজেলায় ছবি তোলার কাজ চলমান রয়েছে।
তৃতীয় ধাপে কক্সবাজার সদর ও রামু উপজেলার তথ্য সংগ্রহ করা হবে আগামী ১ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর ১৮ সেপ্টেম্বর থেকে আগামী ১৫ নভেম্বর পর্যন্ত চলবে ছবি তোলার কাজ। বর্তমানে জেলার ভোটার সংখ্যা ১২ লাখ তিন হাজার ৬০৮।
সূত্র আরও জানায়, হালনাগাদের জন্য ১৪ জুলাই পর্যন্ত চকরিয়া উপজেলায় ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ৯৬৮, উখিয়ায় পাঁচ হাজার ৩২৩, টেকনাফে ছয় হাজার ৩১০, মহেশখালীতে নয় হাজার ৪২৬, পেকুয়ায় চার হাজার ৬৮৬ ও কুতুবদিয়ায় চার হাজার ৩৯২ জন। এর মধ্যে রোহিঙ্গা ও অপ্রাপ্তবয়স্ক হিসেবে তালিকা থেকে বাদ যাচ্ছে চকরিয়া উপজেলায় চার হাজার ১৮৯, উখিয়ায় তিন হাজার ৬১৩, টেকনাফে দুই হাজার ৯২২, মহেশখালীতে ৪১১, পেকুয়ায় ২৬৬ ও কুতুবদিয়ায় ১৩৩ জন।
জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে রোহিঙ্গাসহ বিদেশি নাগরিকদের অন্তর্ভুক্তি ঠেকাতে কঠোর ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। প্রতিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), নির্বাচন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গোয়েন্দা সংস্থার সদস্যদের সমন্বয়ে ১২ জনের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। কমিটি যাচাই-বাছাই করে তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
কক্সবাজার বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক আয়াছুর রহমান বলেন, গত তত্ত্বাবধায়ক সরকার আমলে জেলার ভোটার তালিকা থেকে এক লাখ রোহিঙ্গা ভোটার বাদ দেওয়া হয়েছিল। বাদপড়া ওই সব ভোটারসহ অন্তত পাঁচ লাখ রোহিঙ্গা জেলার বিভিন্ন স্থানে বসবাস করছেন। রোহিঙ্গাদের নির্দিষ্ট একটি জায়গায় জড়ো করে সরকারি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা না গেলে দেশের জননিরাপত্তা হুমকির মুখে পড়বে।