কক্সবাজারে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা ১৫ অক্টোবর
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনে বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা আগামী ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বিএনপিসহ অঙ্গ সংগঠনের ব্যাপক তৎপরতা চলছে।১৭ সেপ্টেম্বর বিকেলে শহরের সার্কিট হাউস সড়কের জেলা বিএনপির কার্যালয়ে জেলা যুবদলের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন এই আসনের সাংসদ লুৎফুর রহমান। এই সভায় দলকে গতিশীল করতে আগামী ১৫ অক্টোবর কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির তৃণমূল প্রতিনিধি সভা করার সিদ্ধান্ত নেওয়া হয়।জেলা যুবদলের সভাপতি মোহাম্মদ আবদুল্লার সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আশরাফুল হুদা ছিদ্দিকীর সঞ্চালনায় এই সভায় সাংসদ লুৎফুর রহমান বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ‘দেশ বাঁচাও, মানুষ বাঁচাও’ আন্দোলন সফল করতে জাতীয়তাবাদী যুবদলকে আরও সক্রিয় ও শক্তিশালী ভূমিকা রাখতে হবে। কেন্দ্রঘোষিত কর্মসূচি পালনে জেলা যুবদলকে আরও সংগঠিত হতে হবে।সাংসদ লুৎফুর রহমান বলেন, বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ। বিচারব্যবস্থার ওপর হস্তক্ষেপ, রাস্তাঘাট ও বেড়িবাঁধ সংস্কার না করে লুটপাট চালাচ্ছে। সভায় বক্তব্য দেন কক্সবাজার পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মোহাম্মদ আলী, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব উল্লাহ, জেলা যুবদলের নেতা ওসমান গণি, মোহাম্মদ আলম, এম জুনাইদ প্রমুখ।