বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির প্রতিবাদে কক্সবাজার শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি। ৬ সেপ্টেম্বর বিকেলে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষ করে জেলা বিএনপি কার্যালয়ে প্রতিবাদ সমাবেশ করে দলের নেতা-কর্মীরা।
জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলামের সঞ্চালনায় সমাবেশে বক্তব্যে দেন জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক শামীম আরা, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, প্রচার সম্পাদক আকতার চৌধুরী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আবদুল মাবুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজিজুর রহমান, কেন্দ্রীয় যুবদল সদস্য এম মোকতার আহমদ, ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গিয়াস উদ্দিন, জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদ, সাধারণ সম্পাদক জিসান উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আমির আলী, জেলা মহিলা দল সভাপতি নাসিমা আকতার, জেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হক, সাধারণ সম্পাদক মনির উদ্দিন প্রমুখ।
শাহজাহান চৌধুরী বলেন, সারা বিশ্বে যখন তেলের দাম কমছে তখন বাংলাদেশে বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধি করে মানুষের ওপর বোঝা চাপিয়ে দেওয়া হচ্ছে। গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার না করলে সরকার জনরোষের শিকার হবে।