কক্সবাজার জেলা সদর, রামু, চকরিয়া, উখিয়া, পেকুয়া উপজেলাসহ বিভিন্ন স্থানে পাহাড় থেকে নেমে আসা ছোট-বড় ৪২টি নদী, খাল ও ছড়া থেকে বালু তোলার হিড়িক পড়েছে। প্রাকৃতিকভাবে সৃজিত এসব ছড়ার তলদেশে থাকা বোল্ডার পাথরও তুলে পাচার করা হচ্ছে। এতে পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা করছেন স্থানীয় পরিবেশ সংরক্ষণ পরিষদের নেতারা। স্থানীয় লোকজন জানান, প্রাকৃতিক উৎসগুলো থেকে সংগ্রহ করা বালু দিয়ে সৈকত এলাকায় অসংখ্য হোটেল-মোটেলসহ বহুতল আবাসিক ভবনের জন্য জমি ভরাট করা হচ্ছে। অনেকে বিনোদন পার্ক নির্মাণের জন্য ভরাট করছেন নিচু ও ধানি জমি। এ ছাড়া আহরিত পাথর ব্যবহূত হচ্ছে সরকারি-বেসরকারি সংস্থা, কালভার্ট, সেতু, ভবনসহ নানা অবকাঠামোর নির্মাণকাজে। এ নিয়ে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন তাঁরা। এ প্রসঙ্গে জানতে চাইলে সদ্য বিদায়ী জেলা প্রশাসক ও জেলা বালুমহাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. গিয়াস উদ্দিন আহমদ ১৩ জুলাই জানান, প্রাকৃতিক উৎস খাল, ছড়া ও নদী থেকে যাতে কেউ বিচ্ছিন্নভাবে বালু তুলতে না পারে সে জন্য বালুর সব উৎস বা মহাল ইজারার আওতায় আনা হচ্ছে। তিনি জানান, গত ২৭ জুন বালুমহালগুলোর ইজারা দরপত্র আহ্বান করা হয়েছে। এসব নিয়ন্ত্রণ হলে বোল্ডার পাথর আহরণও বন্ধ হয়ে যাবে। স্থানীয় লোকজন জানান, বর্তমানে সদর উপজেলার মাছুয়াখালী, নাপিতখালী, কালিরছড়া ও চান্দরছড়া খাল, উখিয়া উপজেলার দোছড়ি, হিজলীয়া, পালংখালী, থাইংখালী, উখিয়াঘাট, রেজুরখাল, রামু উপজেলার বাঁকখালী নদী, উত্তর মিঠাছড়ি, বানিয়াছড়া, ধোয়াপালং, পানিরছড়া, হামিরচড়া, রাজারকুল, ধেছুয়াপালং, চাইন্দাছড়া, চকরিয়া উপজেলার মাতামুহুরি নদী, হারবাং, ফাঁসিয়াখালী, খুটাখালী, ডুলাহাজরা, ফুলছড়ি, পাগলিরছড়া, পেকুয়া উপজেলার সোনাইছড়ি, বটতলী ছড়াসহ ৪২টি ছোট-বড় প্রাকৃতিক উৎস থেকে প্রতিদিন কয়েক শ ট্রাকে করে বালু ও পাথর তোলা হচ্ছে। বর্তমানে এক ট্রাক বালু তিন থেকে পাঁচ হাজার টাকায় বেচাকেনা হচ্ছে। আর সিলেটি পাথরের পরিবর্তে অসাধু ঠিকাদাররা এই নিষিদ্ধ বোল্ডার পাথর আহরণ করছেন। কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, বালু ও পাথর উত্তোলন বন্ধ না হওয়ায় একদিকে নদী বা খালের দুই তীর বিলীন হচ্ছে, অন্যদিকে পরিবেশেরও মারাত্মক ক্ষতি হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশের খাল ও ছড়াগুলোর বালুতে মূল্যবান খনিজ পদার্থ থাকায় তা সংগ্রহ ও গবেষণার জন্য সরকার ২০০৩ সালের ১ জানুয়ারি থেকে এগুলোর কর্তৃত্ব অর্থ মন্ত্রণালয় থেকে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে হস্তান্তর করে। এরই সূত্র ধরে কক্সবাজারে ওই সময় ২৩টি বালুমহালের দেখভালের দায়দায়িত্ব জেলা প্রশাসনের রাজস্ব শাখা থেকে কক্সবাজার পরমাণু শক্তি কমিশনে হস্তান্তর করা হয়। কিন্তু ওই সময় খনিজ বালু নিয়ে কমিশন কিছুই করেনি। ফলে ২০০৯ সাল থেকে বালু মহালগুলো পুনরায় জেলা প্রশাসনের রাজস্ব শাখায় হস্তান্তর করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, আগে জেলার ২৩টি বালু মহাল ইজারা দিয়ে সরকার বছরে প্রায় ছয় লাখ টাকা রাজস্ব পেত। চলতি বছর ৩৯টি উৎসকে বালুমহালের আওতায় এনে ইজারা আদায়ের চেষ্টা চলছে। এতে অবৈধভাবে এবং অবাধে বালু ও পাথর উত্তোলন যেমন বন্ধ হবে, তেমনি সরকার বছরে ১০ লাখ টাকার বেশি রাজস্ব পাবে। এতে পরিবেশের তেমন ক্ষতি হবে না। কারণ, কিছু নদী বা খাল আছে, যেগুলোর বালু সরিয়ে ফেলা না হলে ভরাট হয়ে পানি চলাচলে সমস্যা দেখা দেয়। এলাকায় সৃষ্টি হয় জলাবদ্ধতা।