কক্সবাজার বিসিক লবণশিল্প উন্নয়ন প্রকল্পের মেয়াদ শেষ হয়েছে সাড়ে চার বছর। তবুও স্থায়ী চাকরির আশায় ৬৮ কর্মকর্তা-কর্মচারী কাজ করে যাচ্ছেন। এত দিন সরকারি নিয়ম লঙ্ঘন করে তাঁদের বেতন-ভাতা দেওয়া হলেও গত বছরের জুন থেকে ডিসেম্বর পর্যন্ত তা-ও বন্ধ রয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে তাঁদের ভোগান্তি চরমে পৌঁছেছে। সূত্র জানায়, শিল্প মন্ত্রণালয়ের অধীনে ওই লবণ প্রকল্পের মেয়াদ শেষ হয় ২০০৫ সালের জুনে। এরপর থেকে এখানে কর্মরত ৬৮ কর্মকর্তা-কর্মচারীর চাকরির মেয়াদ আর বাড়ানো হয়নি। নতুন করে কাউকে নিয়োগপত্রও দেওয়া হয়নি। সরকারি নিয়ম লঙ্ঘন করে তবুও ওই কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা হিসেবে চার বছরে তিন কোটি টাকা দেওয়া হয়েছে। তা-ও ১৯৯৭ সালের পুরোনো বেতন কাঠামো অনুযায়ী। কিন্তু গত বছরের জুলাই থেকে তা-ও বন্ধ রয়েছে। এরপরও চাকরি ফিরে পাবেন—এ আশায় মাঠ পর্যায়ে এবং কার্যালয়ে এসে নিয়মিত কাজ করছেন এসব কর্মকর্তা-কর্মচারী। নাম প্রকাশে অনিচ্ছুক প্রকল্পের এক কর্মকর্তা জানান, প্রকল্পের মেয়াদ আর বাড়ানো না হলে প্রদত্ত সরকারি বেতন-ভাতার সব টাকা ফেরত দিতে হবে—এই মর্মে একটি মুচলেকা সব কমকর্তা-কর্মচারীর কাছ থেকে নিয়ে রাখা হয়। এটা নিয়েও অস্বস্তিতে আছেন কর্মকর্তা-কর্মচারীরা। কারণ এ শর্তে প্রায় সাড়ে চার বছর তাঁদের তিন কোটি টাকার বেতন-ভাতা পরিশোধ করা হয়েছে। সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা কর্মচারী জানান, গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত তাঁদের ছয় মাসের বেতন বাকি রয়েছে। এত দিন ধার করে সংসার চালিয়েছেন। এখন তা-ও বন্ধ। পরিবার-পরিজন নিয়ে প্রায় সময় না খেয়ে দিন কাটাতে হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিকের এক কর্মকর্তা জানান, গত বছরের জুন থেকে (চলতি অর্থবছরে) প্রকল্পের মেয়াদ আবার বাড়িয়ে ৬৮ কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ী করার একটি প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে। এ প্রস্তাবে ২০০৯ সালের জুলাই থেকে ৬৮ কর্মকর্তা-কর্মচারীর বেতন-ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে সাড়ে চার বছরে যে বেতন-ভাতা পেয়েছেন, সব কর্মকর্তা কর্মচারীকে তা ফেরত দিতে হবে। এ বিষয়ে কর্মকর্তা-কর্মচারীরা উদ্বিগ্ন। কয়েকজন কর্মচারী জানান, সরকারি দায়িত্ব পালন করেই তাঁরা বেতন-ভাতা পেয়েছেন। তা-ও পুরোনো বেতন কাঠামোতে। এখন ওই টাকাও যদি ফেরত দিতে হয়, তা হবে চরম অমানবিক। এদিকে, প্রকল্পের সহ-মহাব্যবস্থাপক মো. আজহারুল হক জানান, ৬৮ কর্মকর্তা-কর্মচারীর চাকরি স্থায়ীকরণের চেষ্টা চলছে। এ ব্যাপারে বর্তমান সরকার আন্তরিক বলে মনে হচ্ছে। সূত্র জানায়, দেশের লবণশিল্পের তদারকি, দেখভাল এবং প্রান্তিক চাষিদের প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যে ১৯৬০ সালে প্রকল্পটি নেওয়া হয়। এটি বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প সংস্থার (বিসিক) একটি অঙ্গপ্রতিষ্ঠান। দীর্ঘ ৫০ বছর ধরে সরকারি প্রকল্পটির কার্যক্রম চালু থাকলেও সর্বশেষ ২০০৫ সালের জুন থেকে এর মেয়াদ শেষ হলে আর বাড়ানো হয়নি। শিল্প মন্ত্রণালয়ের উপসচিব তপন কুমার নাথ বলেন, প্রকল্পের ৬৮ কর্মকর্তা-কর্মচারীকে স্থায়ী করার একটি প্রক্রিয়া এখন সরকারের বিবেচনাধীন রয়েছে। প্রকল্পের মেয়াদ শেষ হওয়ায় পরও কোন নীতিমালার আলোকে তাঁদের সাড়ে চার বছর ধরে বেতন-ভাতা দেওয়া হয়েছে, সে ব্যাপারে তিনি অবগত নন।