কক্সবাজারে বেতারের শিল্পীদের মানববন্ধন
শিল্পী সম্মানীর ওপর ১০ শতাংশ উৎসে কর আরোপের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছেন কক্সবাজার বেতারের শিল্পীরা। গত ২৭ সেপ্টেম্বর সকালে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শিল্পীরা উৎসে কর আরোপের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছেন। সরকারের এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা না হলে আগামী দিনে বেতারের অনুষ্ঠান বর্জনসহ লাগাতার কর্মসূচির ঘোষণা দেন তাঁরা। কক্সবাজার বেতার শিল্পী সমন্বয় পরিষদ এ কর্মসূচির আয়োজন করে।প্রতিবাদী কর্মসূচিতে উপস্থিত শিল্পীরা বলেন, ‘বেতারের শিল্পীদের সম্মানী এমনিতেই অসম্মানজনক। এর ওপর গত জুলাই থেকে কক্সবাজারসহ সারা দেশে শিল্পী সম্মানীর ওপর ১০ শতাংশ উৎসে কর আরোপ করা হয়। সামান্য এ সম্মানীর ওপর কর আরোপের বিষয়টি হাস্যকর।’ শিল্পীরা এ সিদ্ধান্ত প্রত্যাহার এবং শিল্পী সম্মানী বাড়ানোর দাবি জানান।বেতার শিল্পী সমন্বয় পরিষদের সভাপতি ও কক্সবাজার বেতারের নাট্যপ্রযোজক জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন বেতারের সংগীতপ্রযোজক বশিরুল ইসলাম। আরও বক্তব্য দেন শিল্পী কল্যাণ পাল, পরেশ কান্তি দে, সত্যপ্রিয় চৌধুরী, নাজমুল করিম, শহিদুল ইসলাম, সুনীল বড়ুয়া, মাহাবুবুর রহমান, তালেব মাহামুদ, রোজিনা আকতার ও মো. জসীম। সমাবেশে বেতারের শিল্পীরা বলেন, প্রায় ৫৬ কিলোমিটার দূরে চকরিয়া ও ৮০ কিলোমিটার দূরে কুতুবদিয়া উপজেলা থেকে এসে কক্সবাজার বেতারে গান করেন শিল্পীরা। একজন শিল্পী একটি গান গেয়ে স্তরভেদে ১২৫ থেকে ৪৫৫ টাকা সম্মানী পান, যা দিয়ে তাঁদের যাতায়াত খরচও হয় না। এ সম্মানী গ্রহণের সময় আবার পাঁচ টাকা রাজস্ব টিকিটও দিতে হয়। এর সঙ্গে এখন যোগ হয়েছে ১০ শতাংশ উৎসে কর। বিষয়টি শিল্পীদের জন্য অপমানজনক। বেতারের সংগীতপ্রযোজক বশিরুল ইসলাম বলেন, ‘শিল্পীদের চুক্তিপত্রেই উল্লেখ আছে, শিল্পীরা মহামান্য রাষ্ট্রপতির অতিথি। তাই রাষ্ট্রপতির আমন্ত্রণে একজন শিল্পী বেতার ও টেলিভিশনে গান গাইতে যান। তবে শিল্পীকে যে সম্মানী দেওয়া হয়, তা রীতিমতো অসম্মানজনক। অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে বেতারের অনুষ্ঠান বর্জনসহ লাগাতার কর্মসূচি দেওয়া হবে।’নাট্যশিল্পী পরেশ কান্তি দে বলেন, ‘পর্যটন শহর এবং ভৌগোলিক অবস্থানের কারণে কক্সবাজার বেতারের অন্য রকম গুরুত্ব আছে। কেন্দ্রটি ১০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন হলেও জরাজীর্ণ ট্রান্সমিটারের কারণে কেন্দ্রের পাশেই ভালোভাবে অনুষ্ঠান শোনা যায় না। এমনকি যান্ত্রিক গোলযোগের কারণে সম্প্রতি দুই দফায় এক সপ্তাহ অনুষ্ঠান সম্প্রচার বন্ধ ছিল।’ শহিদুল ইসলাম বলেন, ‘২০০১ সালে এ কেন্দ্রটি চালু হলেও জনবলকাঠামো অনুমোদন না হওয়ায় কোনোরকমে জোড়াতালি দিয়ে চলছে।’কক্সবাজার বেতারের আঞ্চলিক পরিচালক মোহাম্মদ আরিফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উৎসে কর আরোপের বিষয়টি নিয়ে তিনিও বিব্রত। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।’