কক্সবাজারে বেড়িবাঁধের সংস্কার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারে ভাঙা বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি লোকালয়ে ঢুকছেই। ইতিমধ্যে দেড় শ গ্রামের বসতবাড়ি, ফসলি জমি, বীজতলা তলিয়ে গেছে। ভেসে গেছে পাঁচ শতাধিক চিংড়ির ঘের।দুই বছর আগে জেলার ৫৯৬ কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে ১৩৪ কিলোমিটার বাঁধ ঘূর্ণিঝড় আইলার আঘাতে বিধ্বস্ত হয়। তখন বেড়িবাঁধ সংস্কার ও নির্মাণের জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে ৬৬ কোটি ২৮ লাখ ২২ হাজার টাকা বরাদ্দ চেয়েছিল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বার বার তাগাদা দেওয়া সত্ত্বেও এ ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি বলে জানিয়েছেন পাউবোর সংশ্লিষ্ট কর্মকর্তারা। বর্তমানে জোয়ারের ধাক্কায় বেড়িবাঁধের আরও অনেক জায়গায় ভাঙন ধরেছে।পাউবোর কক্সবাজারের নির্বাহী প্রকৌশলী মো. মঈনুদ্দিন জানান, বেড়িবাঁধ সংস্কার না হওয়ায় জোয়ারের পানি লোকালয়ে ঢুকে পড়ছে। সুশাসনের জন্য নাগরিক (সুজন) কক্সবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, বাঁধ সংস্কার না হওয়ায় উপকূলীয় এলাকার প্রায় পাঁচ লাখ মানুষ দুর্যোগের ঝুঁকিতে বসবাস করছে। এদিকে, গত কয়েক দিনের টানা বৃষ্টি ও নিম্নচাপের প্রভাবে সমুদ্রের জোয়ারের পানি পাঁচ থেকে ছয় ফুট বেড়েছে। বিধ্বস্ত বেড়িবাঁধ দিয়ে জোয়ারের পানি ঢুকে পড়ায় কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, পেকুয়া ও চকরিয়ার ব্যাপক এলাকা প্লাবিত হয়েছে। এতে অন্তত দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ বর্ষায় আরও ব্যাপক এলাকায় বন্যার আশঙ্কা করছে এলাকাবাসী।সরেজমিনে দেখা গেছে, শহরের নাজিরারটেক, সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া, ফদনারডেইল, উত্তর নুনিয়াছটার কয়েক শ ঘরবাড়ি জোয়ারের পানিতে প্লাবিত হচ্ছে। গত দুই দিনের জোয়ারে কেবল ফদনারডেইল গ্রামেই ৪৫টি ঘর বিধ্বস্ত হয়। স্থানীয় কাউন্সিলর আকতার কামাল জানান, প্রতিরক্ষা বেড়িবাঁধ না থাকায় জোয়ারের পানি সরাসরি ঘরবাড়িতে আঘাত হানছে। একই অবস্থা টেকনাফের বিভিন্ন গ্রামেও ঢুকে পড়েছে জোয়ারের পানি। উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শফিক মিয়া জানান, গত তিন দিনের জলোচ্ছ্বাসে উপজেলার ৪০টির বেশি গ্রাম প্লাবিত হয়েছে। এতে অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পেকুয়া উপজেলার বেড়িবাঁধের কয়েকটি অংশ বিলীন হয়ে শতাধিক বসতবাড়ি তলিয়ে গেছে। ভেসে গেছে পাঁচটি চিংড়িঘের। পেকুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ জানান, টেকসই বেড়িবাঁধ নির্মিত না হওয়ায় সামান্য জোয়ারের পানিতেই বেড়িবাঁধ বিলীন হচ্ছে। এতে এ উপকূলের ৪০টির বেশি গ্রামের ৫০ হাজার মানুষ আতঙ্কে বসবাস করছে। এ ছাড়া মহেশখালীর ২১টি, চকরিয়ার ২৩টি ও কুতুবদিয়ায় ৪০টি গ্রাম প্লাবিত হয়েছে।কুতুবদিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এ টি এম নুরুল বশর চৌধুরী জানান, টানা বর্ষণ ও নিম্নচাপের কারণে ১৭ কিলোমিটার ভাঙা বেড়িবাঁধ দিয়ে পানি ঢুকছে। আলী আকবর ডেইল গ্রামে নির্মিত সরকারের ১২ কোটি টাকার বায়ু বিদ্যুৎকেন্দ্রটি প্লাবিত হয়েছে জোয়ারের পানিতে।কুতুবদিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম এম মহিউদ্দিন মাহিম জানান, জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে পাঁচ ফুটের উপরে বেড়ে যাওয়ায় ৫০টি ঘরবাড়ি ডুবে গেছে। তলিয়ে গেছে ৩০০ একরের মতো আউশ ধানের বীজতলা। (প্রতিবেদন তৈরিতে সহযোগিতা করেন টেকনাফ ও কুতুবদিয়া প্রতিনিধি যথাক্রমে গিয়াস উদ্দিন ও এস কে লিটন কুতুবী)