কক্সবাজারে বেড়েছে পাসের হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
​জেএসসিতে কক্সবাজার জেলার শীর্ষস্থান অর্জনকারী কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জিপিএ-৫ পাওয়া কয়েকজন শিক্ষার্থী l প্রথম আলো
​জেএসসিতে কক্সবাজার জেলার শীর্ষস্থান অর্জনকারী কক্সবাজার বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে জিপিএ-৫ পাওয়া কয়েকজন শিক্ষার্থী l প্রথম আলো

প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফলাফলে ভালো করেছে কক্সবাজারের শিক্ষার্থীরা। জেএসসিতে জেলায় পাসের হার ৯৪ দশমিক ৩১। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৮ জন। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার ফলাফলে জেলায় পাসের হার ৯৯ দশমিক ৬১। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫৬৬ জন। গত ২৯ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হয়।
কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবারও জেলার শীর্ষে: জেএসসিতে জেলার শীর্ষ স্থান ধরে রেখেছে কক্সবাজার সরকারি বালিকা উচ্চবিদ্যালয়। এবার বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২২৫ জন। পাস করেছে সবাই। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭১ জন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ বলেন, বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের আন্তরিকতায় ভালো ফলাফল অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও বিদ্যালয়ের সুনাম ধরে রাখার চেষ্টা অব্যাহত থাকবে।
এদিকে কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয় থেকে পরীক্ষা দেয় ২৩২ জন। পাস করে সবাই। জিপিএ-৫ পেয়েছে ১৬১ জন। কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি থেকে পাস করেছে ৪৯১ জন। ফেল করেছে ২ জন। জিপিএ-৫ পেয়েছে ১২১ জন।
জেলা প্রশাসনের শিক্ষা শাখা সূত্র জানায়, জেলায় জেএসসিতে এবার পাস করেছে ২৩ হাজার ৪৯৮ জন। ফেল করেছে ১ হাজার ৪১৬। পাসের হার ৯৪ দশমিক ৩১। জিপিএ-৫ পেয়েছে ২ হাজার ১২৮ জন। গত বছর জেলায় জেএসসিতে পাসের হার ছিল ৯০ দশমিক ০২।
এদিকে জেডিসি পরীক্ষায় পাস করেছে ৬ হাজার ৩৪৫ জন শিক্ষার্থী। পাসের হার ৯৭ দশমিক ৬৪। জিপিএ-৫ পেয়েছে ২১২ জন।
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও কক্সবাজার সরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক রাম মোহন সেন বলেন, জেএসসি পরীক্ষায় এবার ভালো ফলাফলের কারণ সৃজনশীল শিক্ষা পদ্ধতির ওপর শিক্ষার্থীদের দখল বেড়েছে। শিক্ষকেরাও এ বিষয়ে প্রশিক্ষণ পেয়েছেন। আগে গণিত ও ইংরেজির মতো বিষয়গুলোতে যারা পিছিয়ে ছিল, তারাও এবার অনেক ভালো করেছে।
পিইসিতে ভালো ফল: এবার পিইসি পরীক্ষায় অংশ নেয় ৪৬ হাজার ৩৬২ জন। ফেল করেছে ১৮১ জন। পাসের হার ৯৯ দশমিক ৬১, যা গত ১২ বছরের মধ্যে সর্বোচ্চ। জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৫৬৬ জন।
সবচেয়ে ভালো ফলাফল অর্জন করা শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে উল্লেখযোগ্য কক্সবাজার পিটিআই–সংলগ্ন সরকারি পরীক্ষণ বিদ্যালয়, কক্সবাজার বায়তুশশরফ জব্বারিয়া একাডেমি, কক্সবাজার কেজি অ্যান্ড মডেল হাইস্কুল, বিয়াম ল্যাবরেটরি স্কুল, শহীদ তিতুমীর ইনস্টিটিউট ও পিএমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ বি এম ছিদ্দিকুর রহমান বলেন, ১২ বছর পর জেলায় পিএসসিতে ভালো ফলাফল করায় শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবাই খুশি।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, ইবতেদায়িতে পাস করেছে ১২ হাজার ৭৪১ জন। পাসের হার ৯৬ দশমিক ৫২। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০৬ জন শিক্ষার্থী।