কক্সবাজারে মাদকবিরোধী শোভাযাত্রা
কক্সবাজার শহরে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উদ্যোগে ১১ এপ্রিল সকালে মাদকবিরোধী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বজলুর রহমান।
পরে সৈকত তীরের বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনুপম সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল মো. খালেকুজ্জামান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আবুল ফয়েজ মো. আলাউদ্দিন খান, অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ কে আহমদ হোসেন প্রমুখ।
সভায় ইয়াবাসহ মাদক পাচার, মাদকের কুফল, প্রতিকার এবং বিজিবির মাদকবিরোধী কার্যক্রম বিষয়ে তথ্যচিত্র উপস্থাপন করা হয়। মাদকের বিস্তার ও মাদকাসক্তদের চিকিৎসাসেবা নিয়ে প্রতিবেদন উপস্থাপন করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক হুমায়ুন কবির খন্দকার ও বেসরকারি মাদক নিরাময়কেন্দ্র নোঙর-এর নির্বাহী পরিচালক দিদারুল আলম।