কক্সবাজারে মাদ্রাসাছাত্র নিখোঁজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোস্তফা আওয়াল
মোস্তফা আওয়াল

কক্সবাজার শহরতলির বাচামিয়াঘোনা দাখিল মাদ্রাসার চতুর্থ শ্রেণির ছাত্র মোস্তফা আওয়াল (১০) কয়েক দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের ধারণা, কেউ ফুসলিয়ে তাকে নিয়ে গেছে। ১১ আগস্ট বিকেল পাঁচটার দিকে মাদ্রাসা থেকে নিখোঁজ হয় মোস্তফা। সে মাদ্রাসার ছাত্রাবাসে থেকে লেখাপড়া করে আসছিল। মোস্তফা পাহাড়তলী এলাকার আবদুল কাইয়ুমের একমাত্র ছেলে। গতকাল বুধবার (১৭ আগস্ট) পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।
আবদুুল কাইয়ুম জানান, ১১ আগস্ট সন্ধ্যায় দুজন ব্যক্তির সঙ্গে মোস্তফাকে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে দেখেছে লোকজন। মোস্তফাকে নিয়ে তাঁরা বাসে উঠে চট্টগ্রামের দিকে রওনা দেন। এরপর চট্টগ্রাম শহরসহ বিভিন্ন এলাকায় খোঁজখবর করা হয়। কিন্তু কোথাও ছেলের সন্ধান মিলছে না। এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানায় ১৪ আগস্ট সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়, মোস্তফা আওয়ালের গায়ের রং শ্যামলা, উচ্চতা আনুমানিক ৪ ফুট, শারীরিক গঠন হালকা পাতলা, পরনে নীল পাঞ্জাবি ও মাথায় টুপি ছিল।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, ছেলেটি পাচারকারীর খপ্পরে পড়েছে কি না, অনুসন্ধান চলছে।
মোস্তফা আওয়ালের সন্ধান পেলে (মুঠোফোন নম্বর: ০১৮৭৬ ৫৩২১৯২ ও ০১৮৭২ ২৯৪৭৪৯) যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।