কক্সবাজার জেলার ছয় উপজেলা—টেকনাফ, উখিয়া, সদর, রামু, পেকুয়া ও চকরিয়ায় ম্যালেরিয়ার ঝুঁকি কমছে। ১২ লাখের বেশি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকিতে বাস করলেও নানা কার্যক্রমের ফলে সম্প্রতি এ সংখ্যা নয় লাখে নেমে এসেছে বলে দাবি করছেন স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা। তাঁদের মতে, এসব উপজেলার ঘরে ঘরে কীটনাশকযুক্ত মশারি বিতরণ ও তৃণমূল পর্যায়ে ম্যালেরিয়া রোগের চিকিৎসাব্যবস্থা নিশ্চিত করায় রোগের প্রকোপ কমে আসছে। ফলে ম্যালেরিয়ায় মৃত্যুর হারও কমে যাচ্ছে। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, ২০০৭ সালে জেলার পাহাড়ি ছয় উপজেলায় ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছে ২৯ জন। ২০০৮ সালে তা বেড়ে দাঁড়ায় ৬৩ জনে। আবার ২০০৯ সালে কমে দাঁড়ায় ১২ জনে। ২০১০ সালে ছয়জন। চলতি সালের গত সাড়ে তিন মাসে ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে একজনও মারা যায়নি। স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা দাবি করেন, গত দুই বছরে এসব উপজেলার ঘরে ঘরে প্রায় এক লাখ ৮২ হাজার কীটনাশকযুক্ত মশারি বিতরণ ও হাতের কাছে রক্ত পরীক্ষার কেন্দ্র স্থাপন ও প্রতিষেধক ওষুধ সহজলভ্য হওয়ায় ঝুঁকির পরিমাণ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। দুই বছর আগে এসব এলাকায় ম্যালেরিয়ার ঝুঁকির পরিমাণ ৮০ শতাংশ হলেও এখন ২০ শতাংশ কমে ৬০ শতাংশে নেমে এসেছে। এ হিসাবেও ছয় উপজেলায় নয় লাখের বেশি মানুষ ম্যালেরিয়ার ঝুঁকি নিয়ে পাহাড় ও সমুদ্র উপকূলবর্তী এলাকায় বাস করছে। এ ছয় উপজেলার লোকসংখ্যা প্রায় ১৮ লাখ। কাল ২৫ এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবসে লোকজনকে আরও সচেতন করতে জেলা স্বাস্থ্য বিভাগ সকাল ১০টায় কক্সবাজার শহরে শোভাযাত্রা, আলোচনা সভা ও পথনাটকের আয়োজন করেছে। কক্সবাজারসহ দেশের ১৩ জেলায় এ দিবসটি নানা আয়োজনে পালিত হবে। সিভিল সার্জন কাজল কান্তি বড়ুয়া জানান, পাহাড়ি এলাকায় পরজীবী জীবাণু বহনকারী স্ত্রী অ্যানোফিলিস-জাতীয় মশার উপদ্রব বেশি। এ মশার কামড়ে পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসরত হাজার হাজার গরিব মানুষ আক্রান্ত হচ্ছে। অনেকে চিকিৎসার অভাবে মারা যায়। সরকার ম্যালেরিয়া প্রতিরোধে ২০০৭ সালের জুন থেকে বিশেষ কার্যক্রম শুরু করে। কক্সবাজারে এর ব্যাপক সফলতা পাওয়া যাচ্ছে। সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা অজয় ঘোষ বলেন, ‘পাহাড়ি এলাকার পাশাপাশি সমুদ্র উপকূলে বসবাসরত লোকজনও ম্যালেরিয়ায় আক্রান্ত হচ্ছেন। সেনডিকাস নামের একধরনের মশা দিনের বেলায় গৃহপালিত পশু-পাখিকে কামড়ায়। আর স্ত্রী জাতীয় অ্যানোফিলিস মশা পাহাড়ি এলাকায় রাতের বেলায় মানুষকে কামড়ায়। দিনের বেলায় এ জাতীয় মশা বাসায় থাকে। এতে দ্রুত ম্যালেরিয়া ছড়িয়ে পড়ে। চীনের তৈরি হারবাল জাতীয় ওষুধ ‘অটিসোনেট’ ও ‘পোয়াটেম’ এখন হাতের নাগালে পাওয়ায় ম্যালেরিয়ায় আক্রান্ত লোকজন রক্ষা পাচ্ছেন। এ ওষুধ খেলে রক্তে থাকা ম্যালেরিয়া জীবাণু ধ্বংস হয়।’ বেসরকারি সংস্থা মুক্তির ম্যালেরিয়া নিয়ন্ত্রণ প্রকল্প কর্মকর্তা বিমলচন্দ্র দাস জানান, ২০০৮-১০ সাল পর্যন্ত গত তিন বছরে তাঁরা সদর ও রামু উপজেলার ৯৮ হাজার ৪৫০ পরিবারের ৪০ হাজার ৫৩৯ জনের রক্ত পরীক্ষা করে ছয় হাজার ৬৫০ জনের মধ্যে ম্যালেরিয়ার জীবাণু পেয়েছে। জেলার ছয় উপজেলায় এ পর্যন্ত (গত তিন বছরে) এক লাখ ৬৭ হাজার ৯১২ জনের রক্ত পরীক্ষা করে ম্যালেরিয়া পাওয়া গেছে ১৯ হাজার ৭৭৭ জনের মধ্যে। সবাইকে চিকিৎসা দিয়ে সুস্থ করা হয়েছে। তবে চিকিৎসকেরা জানান, জেলার কোথাও এডিস মশার অস্তিত্ব নেই। সেক্ষেত্রে ডেঙ্গুর ভয়ও নেই। চিকিৎসক অজয় ঘোষ জানান, ভৌগোলিক অবস্থানের দিক বিবেচনা করে কক্সবাজারে একটি ম্যালেরিয়া গবেষণা এবং প্রশিক্ষণকেন্দ্র তৈরি করা দরকার। এতে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ সম্ভব হবে।