কক্সবাজারে রোহিঙ্গা হটাও আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাসরত মিয়ানমারের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশে ফেরত পাঠানোর দাবিতে জেলার বিভিন্ন সংগঠন ‘রোহিঙ্গা হটাও আন্দোলন’ শুরু করেছে। ইতিমধ্যে কক্সবাজার শহর, টেকনাফ ও উখিয়ার বিভিন্ন স্থানে প্রতিবাদ সভা, বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে এসব সংগঠন। প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মহলে পাঠানো হয়েছে স্মারকলিপি। আগামী কয়েক দিনের মধ্যে জোরদার আন্দোলন শুরু হচ্ছে বলে জানিয়েছেন সংগঠনের নেতারা। বর্তমানে বিভিন্ন স্থানে প্রায় চার লাখ অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়েছে বলে তাঁরা দাবি করেন। কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি আবু মোর্শেদ চৌধুরী আন্দোলনের প্রস্তুতির কথা স্বীকার করে বলেন, ‘মিয়ানমারের অনুপ্রবেশকারী প্রায় চার লাখ রোহিঙ্গা জেলার ২৩ লাখ মানুষের কাছে বিষফোঁড়ায় পরিণত হয়েছে। এঁরা সংরক্ষিত বনাঞ্চল দখল করে স্থায়ীভাবে বসবাস করছে। এঁদের দেখাদেখি চোরাই পথে দলে দলে আরও অনেক রোহিঙ্গা অনুপ্রবেশ করছেন। এ অবস্থা এ দেশের জননিরাপত্তার জন্য হুমকি।’ সিভিল সোসাইটির কর্মকর্তারা জানান, গত ২৪ জুন টেকনাফ বাস স্টেশনে স্থানীয় রোহিঙ্গা প্রতিরোধ কমিটির ব্যানারে বিভিন্ন সংগঠনের সদস্যরা প্রতিবাদ সমাবেশ করে সেখানকার প্রায় দেড় লাখ রোহিঙ্গাকে দ্রুত মিয়ানমারে ফেরত পাঠানোর দাবি জানান। রোহিঙ্গা প্রতিরোধ কমিটির সভাপতি মোজাম্মেল হক বলেন, ‘১৯৯৫ সাল থেকে অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের ফেরত পাঠানোর দাবিতে আন্দোলন-সংগ্রাম চললেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এখন ওরা সংগঠিত হয়ে বাংলাদেশিদের ওপর আক্রমণ চালাচ্ছে। এদের দ্রুত ফেরত পাঠানোর উদ্যোগ না নিলে এখানে আফগানিস্তানের পরিস্থিতি সৃষ্টি হতে পারে।’ গত ২৫ জুন সকালে শহরের প্রধান সড়কে রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানোর দাবিতে যৌথভাবে দুই ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছে কক্সবাজার সিভিল সোসাইটি ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ। সমাবেশে মুক্তিযোদ্ধা সুনীল বড়ুয়া বলেন, ‘আন্তর্জাতিক কিছু সংস্থা রোহিঙ্গাদের বাংলাদেশে স্থায়ীভাবে রেখে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। এতে নীরব সমর্থন দিয়ে প্রশাসনের কিছু কর্মকর্তা বিদেশি সংস্থা থেকে নানা সুবিধা ভোগ করছেন। এ অবস্থায় জেলার শ্রমবাজারও রোহিঙ্গাদের দখলে চলে গেছে। এতে স্থানীয় দুই লাখ মানুষ বেকার হয়ে পড়েছেন।’ কক্সবাজার বন ও পরিবেশ সংরক্ষণ পরিষদের সভাপতি দীপক শর্মা বলেন, ‘জেলার বিভিন্ন স্থানে ৪০ হাজার একরের বেশি সংরক্ষিত পাহাড় দখল করে রোহিঙ্গারা বসতি স্থাপন করলেও বন বিভাগ কোনো ব্যবস্থা নিচ্ছে না। অথচ জেলার উদ্বাস্তু তিন লাখ মানুষের মাথা গোঁজার ঠাঁই হচ্ছে না।’ প্রবীণ শিক্ষক মো. নাসির উদ্দিন ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আয়াছুর রহমান এ অঞ্চল থেকে রোহিঙ্গা শিবিরগুলো নির্জন কোনো দ্বীপ বা সংরক্ষিত এলাকায় সরিয়ে নেওয়ার দাবি জানিয়ে বলেন, এতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ বন্ধ হয়ে যাবে। তখন রোহিঙ্গাদের নিয়ন্ত্রণ ও প্রত্যাবাসনে বিদেশি কোনো সংস্থার তদারকিরও প্রয়োজন হবে না। জেলা মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি রমজান আলী বাহাদুর বলেন, ‘এখনই ব্যবস্থা না নিলে এক সময় রোহিঙ্গাদের বিরুদ্ধে কথা বলাও স্থানীয় ব্যক্তিদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে।’ গ্রীন কক্সবাজারের নির্বাহী পরিচালক ফজজুল কাদের চৌধুরী জানান, রোহিঙ্গাদের দ্রুত প্রত্যবাসনের লক্ষ্যে জেলার মানুষকে সংগঠিত করে ‘রোহিঙ্গা হটাও আন্দোলন’ শুরু করা হচ্ছে। গত ২৫ জুন কক্সবাজার সিভিল সোসাইটি ও মুক্তিযোদ্ধা সংসদ যৌথভাবে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পাঠিয়েছে। এতে অবৈধ রোহিঙ্গাদের তালিকা তৈরি, সংরক্ষিত নির্দিষ্ট এলাকায় তাঁদের স্থানান্তর ও দ্রুত মিয়ানমারে প্রত্যাবাসন, রোহিঙ্গাদের আশ্রয়দানকারী সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, টেকনাফ-উখিয়া থেকে শিবিরগুলো অন্যত্র সরিয়ে নেওয়াসহ ১২ দফা দাবি তুলে ধরা হয়। এ প্রসঙ্গে জানতে চাইলে কক্সবাজারের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) বিপুল কৃঞ্চ দাশ জানান, বিভিন্ন স্থানে রোহিঙ্গাদের বনভূমি দখল করে অবৈধ বসতি স্থাপনের বিষয়টি ঊর্ধ্বতন মহলে জানানো হয়েছে। বিপুল সংখ্যক রোহিঙ্গাকে বনভূমি থেকে উচ্ছেদ করা বন বিভাগের একার পক্ষে সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, ‘এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি সিদ্ধান্তের প্রয়োজন রয়েছে।’