কক্সবাজারে লক্ষাধিক উদ্বাস্তু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজার শহরের বিমানবন্দর এলাকার আশপাশে বিশাল চরাঞ্চলে বসবাস করছেন প্রায় ৭০ হাজার দরিদ্র ও দিনমজুর। তাঁদের মধ্যে অন্তত ৫০ হাজার মানুষ জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত। বেশির ভাগই এসেছে উপকূল ও দ্বীপাঞ্চল থেকে। ঝড়-জলোচ্ছ্বাস ও নদীভাঙনের শিকার এসব মানুষ হারিয়েছে বসতভিটা, চাষের জমি। সহায়-সম্বল হারিয়ে উদ্বাস্তু হয়ে ছড়িয়ে পড়েছে এখানে-সেখানে। অসহায় এসব মানুষ মানবেতর জীবন কাটাচ্ছে। এক দশক ধরে উদ্বাস্তুরা চেষ্টা তদবির, আন্দোলন-সংগ্রাম করেও জীবনমান উন্নয়ন ও অধিকার আদায়ে ব্যর্থ হচ্ছে। তারা শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎসুবিধা থেকে বঞ্চিত। সর্বশেষ গত ৯ জানুয়ারি ভোলা সমিতির দুই হাজার সদস্য জেলা প্রশাসকের কার্যালয়ে সামনে পুনর্বাসনের দাবিতে মানববন্ধন করেছেন। শুধু বিমানবন্দর এলাকা নয়, শহরের আনাচে-কানাচে পরিবেশগত উদ্বাস্তুর ঘরবসতি দেখা যায়। ঝোপ-জঙ্গলে, সৈকতের ঝাউবনে কিংবা পথের ধারে ঝুপড়ি ঘর তুলে বাস করছে অসংখ্য মানুষ। তারা ঢুকে পড়েছে সংরক্ষিত বনেও। কক্সবাজারে পরিবেশগত উদ্বাস্তুর সঠিক হিসাব নেই সংশ্লিষ্ট দপ্তরে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমদ বলেছেন, ‘সঠিক সংখ্যা বলা কঠিন। তবে উদ্বাস্তুর সংখ্যা যে দিন দিন বাড়ছে তাতে কোনো সন্দেহ নেই।’ তবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে উদ্বাস্তুর সংখ্যা কয়েক লাখ হবে বলে জানা গেছে। জেলার বর্তমান লোকসংখ্যা প্রায় ২৬ লাখ। সুশাসনের জন্য নাগরিক (সুজন) জেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান জানান, বিমানবন্দরের পশ্চিমের বিশাল চর ছাড়াও শহরের পাহাড়তলী, কলাতলী, নুনিয়াছটা, ঝাউতলা, গাড়ির মাঠ, সৈকতের বালুচর ও সৈকতসংলগ্ন ঝাউবাগানে এ রকম মানুষের সংখ্যা কম নয়। জেলার বিভিন্ন স্থানেও বসবাস করছেন অনেকে।সাগরে নিম্নচাপ ও প্রাকৃতিক দুর্যোগ দেখা দিলে শহরের ফদনারডেইল, কুতুবদিয়াপাড়াসহ বিভিন্ন স্থানের হাজার হাজার উদ্বাস্তুর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাগরের পানিতে বসতবাড়ি প্লাবিত হয়। এসময় লোকজন ঘরের মালামাল, গবাদিপশু ও হাঁসমুরগি সঙ্গে নিয়ে শহরে ছুটে আসেন। সরেজমিনে দেখা যায়, শহরের ডায়াবেটিকস হাসপাতালের পাশে সমুদ্রসৈকতের ঝাউবাগানের ভেতর প্রায় সাত হাজার অভাবী মানুষ দেড় হাজার ঝুপড়িঘর তৈরি করে বাস করছেন। নারী-শিশুরা জোয়ারের সময় সাগরে নিষিদ্ধ জাল দিয়ে চিংড়িপোনা ধরেন। পুরুষেরা দিনে শহরের বিভিন্ন স্থানে মজুরের কাজ করেন। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে কুতুবদিয়ার আলী আকবর ডেইল গ্রামের আবদুল বাকি (৬৭) হারান তাঁর পাঁচ ছেলেমেয়েসহ পরিবারের ১২ সদস্যকে। তখন তিনি লবণচাষ করতেন। জলোচ্ছ্বাসে তাঁর বসতবাড়ি সাগরগর্ভে তলিয়ে যায়। ১৯৯২ সালের ২৩ মার্চ আবদুল বাকি স্ত্রী ও তিন ছেলেমেয়ে নিয়ে আশ্রয় নেন কক্সবাজার শহরের বিমানবন্দর সৈকত এলাকায় গড়ে ওঠা সমিতিপাড়ায়। তিন বছর আগে সেখান থেকে বসতবাড়ি উচ্ছেদ করা হলে তিনি আশ্রয় নেন ডায়াবেটিক হাসপাতালসংলগ্ন ঝাউবাগানের ভেতর, তোলেন ঝুপড়িঘর। তিন বছর ধরে পরিবার নিয়ে সেখানেই বাস করছেন তিনি। আবদুল বাকি বলেন, ‘আমি ছাড়া সংসারে রোজগারের কেউ নেই। ঘর তোলার জন্য একখণ্ড জমি কিনব সেই সম্বলও নেই। সারা দিন শহরে গিয়ে মানুষের কাছে হাত পাতি, যা পাই তা দিয়ে কোনোমতে চলছি।’ আবদুল বাকির প্রতিবেশী কুতুবদিয়ার সৈয়দ নুর (৪৫)। তিনি জানান, ‘মাঝেমধ্যে পুলিশ এই ঘরও ভেঙে দেন। ভূমি কার্যালয়ের কর্মচারীরা বসতবাড়ি উচ্ছেদের হুমকি দেন। এসব কারণে আতঙ্কে দিন কাটাচ্ছি। জলবায়ু পরিবর্তন নিয়ে কী সব কথা আমরা শুনি। আমাদের নাকি ক্ষতিপূরণ দেওয়া হবে। আমরা তো এসব বুঝি না। দুঃখ এটাই—আমাদের নিয়ে কেউ ভাবেন না।’ ১৯৯৭ সালের জলোচ্ছ্বাসে বসতবাড়ি হারিয়ে ঝাউবাগানে আশ্রয় নেন মহেশখালী ধলঘাটার বৃদ্ধা লাল মতি বেগম (৬২)। সঙ্গে ছেলে, পুত্রবধূ ও এক নাতি। লাল মতি জানান, ‘আমাদের ঘরবাড়ি নেই, সরকারি জমিতে ঘর তুলে মাথা তোলার চেষ্টা করছি, আর আমাদের উচ্ছেদ করার জন্য প্রায় সময় অভিযান চালানো হয়।’ ঝাউবাগানের এক কিলোমিটার উত্তরে কুতুবদিয়াপাড়া। তারপর সমিতিপাড়া, ফদনারডেইল, নাজিরারটেক ও নুনিয়াছটা গ্রাম। এসব গ্রামে বস্তি তৈরি করে বাস করছেন হাজার হাজার মানুষ। তাঁদেরও একই জিজ্ঞাসা, ঝোপ-জঙ্গলের কষ্টের দিন কবে শেষ হবে? ‘উপকূলীয় বহুমুখী সমবায় সমিতির সভাপতি জাফর আলম জানান, সমিতিতে উদ্বাস্তু সদস্যের সংখ্যা প্রায় ৫০ হাজার। এ ছাড়াও শহরের গুলারঝিরি, বন্দরপাড়া, আদর্শগ্রাম, হিমছড়ি, বড়ছড়া, লারপাড়া, ঘোনারপাড়া, বৈদ্যঘোনা, বাদশাঘোনা, মোহাম্মদ চেয়ারম্যানের ঘোনা, রুমালিরছড়া, লাইটহাউসপাড়া, সৈকতপাড়াসহ বিভিন্ন স্থানে দেড় লাখের বেশি উদ্বাস্তু বাস করেন। সাগরে চিংড়িপোনা ও মাছধরা, শুঁটকি উৎপাদন, ফেরি করে শুঁটকি বিক্রি, জ্বালানি কাঠ ও পাতা সংগ্রহ, রিকশা ও ঠেলাগাড়ি চালানো, ফিশারিঘাটে মাছ বাছাই পেশায় জড়িত বেশির ভাগ মানুষ। তবে বিপুলসংখ্যক নারী ও শিশু অভাবের কারণে ভিক্ষা করেন। বিদ্যালয় গমনোপযোগী ১০ হাজারের বেশি শিশু-কিশোর পরিবারের জন্য রোজগার করে। চুরি-ছিনতাই, মাদক সরবরাহ আর ভিক্ষা করে অনেকে। অনুসন্ধানে জানা গেছে, উপকূলীয় বহুমুখী সমিতির সদস্যদের মধ্যে কুতুবদিয়ার বসতবাড়ি হারিয়ে আশ্রয় নেন ২৭ হাজার, মহেশখালী থেকে ১২ হাজার, চকরিয়ার বদরখালী, পেকুয়া, বোয়ালখালী, হাতিয়া, ভোলা, ফেনী, বরিশাল থেকে আশ্রয় নেন আরও ১১ হাজার মানুষ। কুতুবদিয়াপাড়া বিত্তহীন সমবায় সমিতির সভাপতি আকতার কামাল জানান, ‘সমিতিতে ৪০০ পরিবারে সাড়ে তিন হাজার সদস্য রয়েছেন। ১৯৯১ সালের ঘূর্ণিঝড়ে এসব মানুষ বসতবাড়ি হারিয়ে কুতুবদিয়া থেকে এখানে আশ্রয় নেন।’ কুতুবদিয়া ভূমিহীন সমবায় সমিতির সদস্যসংখ্যা ৮৩০ পরিবারে প্রায় পাঁচ হাজার। সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইউসুফ জানান, ১০ বছরের বেশি সময় ধরে তাঁরা আন্দোলন করছেন বাস্তুহারা মানুষগুলোকে পুনর্বাসনের জন্য। তাঁদের পুর্নবাসনের জন্য উচ্চআদালতের নির্দেশনা রয়েছে। কিন্তু কেউ কিছু করছেন না। ভোলা সমিতির সভাপতি আবদুল বারেক জানান, সমিতির প্রায় ১১ হাজার সদস্য প্রাকৃতিক দুর্যোগের কারণে উদ্বাস্তু হয়ে কক্সবাজারে এসেছেন। উত্তরবঙ্গ সমিতির সভাপতি আবু মাসুদ চৌধুরী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতির শিকার লোকজনের জন্য ক্ষতিপূরণের দাবিতে সরকার তৎপর। বিভিন্ন বেসরকারি সংগঠন (এনজিও) উন্নয়ন পরিকল্পনার নামে টাকা ভাগিয়ে নিতে তৎপর হয়ে উঠেছে। বিদেশি সাহায্য প্রকৃত ক্ষতিগ্রস্তদের কল্যাণে বা পুনর্বাসনে ব্যয় করা হবে কি না এ নিয়ে সন্দেহ রয়েছে।সমুদ্র উপকূলের ভাঙনকবলিত নিঃস্ব পরিবারকে ‘পরিবেশগত উদ্বাস্তু’ উল্লেখ করে বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ট্রাস্টের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে উপকূলের মানুষ প্রতিনিয়ত ঝুঁকির মুখে পড়ছেন।