কক্সবাজারে লবণ উৎপাদনে ধস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গত বছরের ১৩ ডিসেম্বর থেকে চার থেকে সাত একর জমিতে ভালোই লবণ উৎপাদিত হচ্ছিল। কিন্তু হঠাৎ শৈত্যপ্রবাহ এই উৎপাদন আটকে দিল। টানা ১১ দিন উৎপাদন বন্ধ ছিল। শৈত্যপ্রবাহ কেটে গেলে আবার লবণ উৎপাদনের জন্য তৈরি করা হলো মাঠ। কিন্তু ২ জানুয়ারি নেমে এল ঘূর্ণিঝড়—থান। এ সময় ঘন কুয়াশার পাশাপাশি কক্সবাজারেও হালকা বৃষ্টি হয়। ফলে আরও সাত দিন লবণ উৎপাদিত হয়নি। ১৫ জানুয়ারি থেকে আবার শৈত্যপ্রবাহ। গত মঙ্গলবার পর্যন্ত প্রায় ২২ দিনে এক মণ লবণও উৎপাদন সম্ভব হয়নি।’ আক্ষেপ করে কথাগুলো বলেন কক্সবাজারের পেকুয়া উপজেলার উজানটিয়া এলাকার চাষি মনজুর আলম (৫৬), আবুল কাশেম (৫৮) ও গোলাম কাদের (৭৮)। শুধু পেকুয়া নয়, পুরো কক্সবাজার জেলায় লবণ উৎপাদনে ধস নেমেছে।একই উপজেলার মগনামার চাষি নাছির উদ্দিন, ছিদ্দিক আহমদ ও আবদুর রহিম জানান, মাঠে উৎপাদিত প্রতি কেজি লবণের দাম চার টাকা নির্ধারণ এবং সরকার লবণ কেনার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এবার জেলার বিভিন্ন স্থানে হাজার হাজার চাষি উৎসাহ নিয়ে মাঠে নামেন। কিন্তু শৈত্যপ্রবাহ ও কুয়াশার কারণে সেই উৎসাহ এখন হতাশায় পরিণত হয়েছে। সূর্যের তাপ না থাকলে মাঠে জমানো পানি শুকিয়ে লবণ উৎপাদন সম্ভব নয়। এখন তো সারা দিনে দুই-তিন ঘণ্টাও সূর্যের মুখ দেখা যাচ্ছে না।পেকুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, চলতি মৌসুমে এই উপজেলার চারটি ইউনিয়নে প্রায় ১২ হাজার একর জমিতে ছয় হাজার প্রান্তিক চাষি লবণ উৎপাদনে নামেন। পেকুয়া উপজেলার লবণচাষি সমিতির সভাপতি ও উজানটিয়া ইউনিয়ন পরিষদের সদস্য সিরাজুল মোস্তাফা জানান, এই ১২ হাজার একর জমিতে এবার তিন লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এ রকম শৈত্যপ্রবাহ লেগে থাকলে লক্ষ্যমাত্রার অর্ধেক লবণ উৎপাদনও সম্ভব নয়।সরেজমিনে দেখা গেছে, সরকার এই প্রথম লবণের প্রতি কেজির ক্রয়মূল্য চার টাকা নির্ধারণ করায় কক্সবাজার সদর উপজেলার চৌফলদণ্ডি, ভারুয়াখালী, ইসলামপুর, খুরুশকুল, গোমাতলী, ঈদগাঁ, পোকখালীসহ টেকনাফ, মহেশখালী, কুতুবদিয়া, চকরিয়া উপজেলার হাজার হাজার একর জমিতে লবণ চাষ শুরু হয়। এখন এসব জমিতেও লবণ উৎপাদন বন্ধ রয়েছে।বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) কক্সবাজারস্থ লবণশিল্প উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, চলতি মৌসুমে জেলার ৭২ হাজার একর জমিতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৪ লাখ ২৫ হাজার মেট্রিক টন। এ বছর দেশে লবণের চাহিদা ১৪ লাখ সাত হাজার মেট্রিক টন।বিসিক কক্সবাজারস্থ লবণশিল্প উন্নয়ন প্রকল্পের বৈজ্ঞানিক কর্মকর্তা এ টি এম ওয়ালী উল্লাহ জানান, এবার উৎপাদিত লবণের মূল্য প্রতি কেজি চার টাকা নির্ধারণ করে দেওয়ায় চাষিরা ডিসেম্বরে বিপুল উৎসাহ নিয়ে মাঠে নেমেছেন। এখন কুয়াশার কারণে উৎপাদন ব্যাহত হওয়ায় চাষিরা হতাশ হচ্ছেন। ১৩ জানুয়ারি পর্যন্ত জেলায় লবণ উৎপাদিত হয়েছে প্রায় ২৫ হাজার ৭৪২ মেট্রিক টন। তার পরও মৌসুমের বাকি সময়টুকু আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন ১৭ লাখ মেট্রিক টন ছাড়িয়ে যেতে পারে বলে জানান।সংশ্লিষ্ট সূত্র জানায়, কক্সবাজারে উৎপাদিত লবণ দিয়েই দেশের চাহিদা পূরণ করা হচ্ছে। বিসিকের তথ্যমতে, লবণ উৎপাদন, বিপণন এবং এ শিল্পের সঙ্গে জড়িত রয়েছে প্রায় ৫৫ হাজার প্রান্তিক চাষিসহ পাঁচ লাখ মানুষ।কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা না থাকলে এ পর্যন্ত দুই লাখ মেট্রিক টন লবণ উৎপাদন সম্ভব হতো। এখন কালো লবণ বিক্রি হচ্ছে প্রতি মণ ১৩৫ থেকে ১৭০ টাকা। আর সাদা লবণ ১৮০ থেকে ২৩০ টাকায়।চাষিরা জানান, প্রতি কেজি লবণ উৎপাদন করতে তাঁদের খরচ হয় প্রায় আড়াই টাকা। কিন্তু কয়েক বছর ধরে এ লবণ তাঁদের বিক্রি করতে হয়েছে লোকসান দিয়ে—এক থেকে দেড় টাকায়। এখন চার টাকায় এক কেজি লবণের দাম নির্ধারিত হওয়ায় চাষিরা খুশি। শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা কেটে গেলেই তাঁরা আবার মাঠে ঝাঁপিয়ে পড়বেন। আগামী মে মাস পর্যন্ত লবণ উৎপাদন করা যাবে বলে তাঁরা আশা করছেন।