কক্সবাজারে লবণ উৎপাদনের ধুম

কক্সবাজারে লবণ উৎপাদনের ধুম পড়েছে। গত আড়াই মাসে জেলার ৬৪ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হয়েছে দুই লাখ ১৩ হাজার মেট্রিক টন। আগামী ১৫ মে পর্যন্ত চলতি মৌসুমে প্রায় ১৯ লাখ মেট্রিক টন লবণ উৎপাদনের আশা করছেন সংশ্লিষ্ট-ব্যক্তিরা। তবে উৎপাদিত লবণের দাম কম হওয়ায় হতাশ চাষিরা।
গত বুধবার দুপুরে টেকনাফের জাদিমুরা, রঙ্গিখালী, হ্নীলা এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় পাঁচ হাজার একর জমিতে লবণ উৎপাদিত হচ্ছে। চাষিরা প্রতি মণ লবণ (সাদা) বিক্রি করছেন ১৪০ টাকায়।
রঙ্গিখালী গ্রামের চাষি মমতাজ আহমদ (৫৫) জানান, গত ডিসেম্বর মাসে তিনি তিন একর জমিতে লবণ উৎপাদন শুরু করেন। কিন্তু দাম কম হওয়ায় উৎপাদিত লবণ বিক্রি না করে মাঠেই ফেলে রেখেছেন। প্রতি মণ সাদা লবণ উৎপাদন করতে তাঁর খরচ পড়ছে গড়ে ১২০ টাকা।
জেলা সদর, চকরিয়া, পেকুয়া, মহেশখালী ও কুতুবদিয়া উপজেলায়ও লবণ উৎপাদন চলছে। এসব এলাকায় অপরিশোধিত কালো লবণ বিক্রি হচ্ছে প্রতি মণ ৯০ থেকে ১১৮ টাকায়। বিসিক কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্প কার্যালয় সূত্র জানায়, গত ১৫ নভেম্বর থেকে জেলার বিভিন্ন স্থানে ৬৪ হাজার ১৫১ একর জমিতে লবণের উৎপাদন শুরু হয়েছে। গত ৩১ জানুয়ারি পর্যন্ত আড়াই মাসে এসব জমিতে লবণ উৎপাদিত হয়েছে দুই লাখ ১৩ হাজার মেট্রিক টন। মে মাসে মৌসুমের শেষ পর্যন্ত এসব জমিতে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১৮ লাখ ৯৬ হাজার মেট্রিক টন (অপরিশোধিত) লবণ। দেশে এ বছর লবণের বার্ষিক চাহিদা নির্ধারণ করা হয়েছে ১৫ লাখ ৮০ হাজার মেট্রিকটন (পরিশোধিত)। বিসিক কক্সবাজার লবণ উন্নয়ন প্রকল্পের উপমহাব্যবস্থাপক সঞ্জীব বড়ুয়া চৌধুরী বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার পলিথিন পদ্ধতির লবণ উৎপাদন বেড়েছে। এতে লক্ষ্যমাত্রা অর্জিত হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু লবণের দাম কম থাকায় চাষিরা হতাশ। খুরুশকূলের চাষি সিরাজুল ইসলাম (৫১) বলেন, মাঠে উৎপাদিত লবণ প্রতি কেজি তিন থেকে চার টাকায় বিক্রি হলেও খুচরা বাজারে প্যাকেটজাত লবণ বিক্রি হচ্ছে ২০ থেকে ৩২ টাকায়। অথচ এসব তদারকির কেউ নেই।
কক্সবাজার লবণচাষি সংগ্রাম পরিষদ সভাপতি আনোয়ার পাশা চৌধুরী জানান, এই জেলায় উৎপাদিত লবণ দিয়ে দেশের বার্ষিক চাহিদা পূরণ করা হলেও কতিপয় প্রভাবশালী বিদেশ থেকে লবণ আমদানি করে স্থানীয় ৫৫ হাজারের বেশি চাষির ক্ষতি করছে। এ কারণে লোকসান দিয়ে চাষিদের লবণ বিক্রি করতে হচ্ছে। অনেকে লবণ উৎপাদন বন্ধ রাখার সিদ্ধান্ত নিচ্ছেন। এতে লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হতে পারে।
বাংলাদেশ লবণ চাষি কল্যাণ পরিষদের সভাপতি মোস্তফা কামাল বলেন, বিদেশ থেকে লবণ আমদানি বন্ধ, চাল-ধানের মতো লবণের প্রতি কেজি ক্রয়মূল্য পাঁচ টাকা নির্ধারণ, প্রান্তিক চাষিদের কাছ থেকে লবণ ক্রয়সহ সাত দফা দাবি বাস্তবায়নের জন্য সম্প্রতি প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট একাধিক দপ্তরে স্মারকলিপি পাঠানো হয়েছে। কিন্তু এর কোনো ফল পাওয়া যাচ্ছে না।