
কক্সবাজারের আবৃত্তি সংগঠন শব্দায়ন আবৃত্তি অ্যাকাডেমির ৩০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব ৫ এপ্রিল শেষ হয়েছে। আগের দিন সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে উৎসব উদ্বোধন করেন আবৃত্তিকার ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায়।
তিনি বলেন, দেশের সর্ব দক্ষিণের শহর কক্সবাজারে শব্দায়নের মতো একটি প্রতিষ্ঠান তিন দশক ধরে শুদ্ধ উচ্চারণ ও আবৃত্তিচর্চা চালিয়ে যাচ্ছে। এটি একটি যুগান্তকারী উদ্যোগ। পাশাপাশি ভাষা প্রেম ও মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক একটি নতুন প্রজন্ম গঠনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে শব্দায়ন।
শব্দায়নের পরিচালক জসীম উদ্দিন বকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই উৎসবে বিশেষ অতিথি ছিলেন, ভারতের পশ্চিমবঙ্গের আবৃত্তিকার দেবাশীষ চক্রবর্তী, আবৃত্তিকার পারভেজ চৌধুরী, প্রশান্ত চক্রবর্তী, অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী, অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাংবাদিক বিশ্বজিত সেন, মুহাম্মদ আলী জিন্নাত, অধ্যাপক মকবুল আহমেদ, দিলওয়ার চৌধুরী, চট্টগ্রাম বোধন আবৃত্তি পরিষদের নির্বাহী সম্পাদক জাবেদ হোসেন, শব্দায়নের প্রাক্তন শিক্ষার্থী ওসমান গণি ও কবি আলী প্রয়াস।
সমাপনী উৎসবে ‘দাও সৌর্য দাও ধৈর্য হে উদার নাথ। দাও দাও প্রাণ হে সর্ব শক্তিমান’ শিরোনামে কবিতাটি দুই বাংলার আবৃত্তিকারদের কণ্ঠে ধ্বনিত হয়। সব শেষে অ্যাকাডেমির শিক্ষার্থীরা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে।
জসীম উদ্দিন বকুল জানান, ১৯৮৫ সালের ১ ফেব্রুয়ারি মাত্র ১০ জন শিক্ষার্থী নিয়ে শব্দায়নের যাত্রা শুরু। ৩০ বছরে ধরে এই সংগঠন থেকে অন্তত দুই হাজার শিক্ষার্থী শুদ্ধ উচ্চারণ, আবৃত্তি ও সাংস্কৃতিক চর্চার পাঠ নিয়েছে। ১৯৮৭ সালে রামুতে শব্দায়নের দ্বিতীয় শখা চালু করা হয়।